খেলার ছলে বর্ণ চিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণ চেনার মজার সব উপায় ছিল এ আয়োজনে। ছবি: যাত্রা
বর্ণ চেনার মজার সব উপায় ছিল এ আয়োজনে। ছবি: যাত্রা

অ-তে অজগর, আ-তে আম। বইয়ে পড়ে কত শেখাবেন শিশুকে। যদি অ, আ চেনানোর সঙ্গে সঙ্গে অজগর বা আমও দেখিয়ে দেওয়া যায় শিশুকে। তাহলে নিশ্চয়ই বর্ণগুলো তার মনে দাগ কাটবে অনেকখানি। দ্রুতই শিখে নেবে সে। মজা করে হাতেখড়ির ভাবনা থেকেই ফ্যাশন হাউস যাত্রা শিশুদের জন্য আয়োজন করছে বর্ণমালা উৎসব।
চার মাস ধরে প্রতি মাসের প্রথম শুক্রবার দিনভর চলে এমন বর্ণমালার উৎসব। জানালেন যাত্রার ফ্যাশন ডিজাইনার উর্মিলা শুক্লা। বর্ণমালা অ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে চন্দ্রবিন্দু ( ঁ) পর্যন্ত।

.
.

৭ আগস্ট দিনটি ছিল ঈ–তে ঈগলের। দিনভর নানা আয়োজন চলে। এ যেন ঈগলের রাজ্য! সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে শিশুরা এসে জড়ো হয় ঢাকার বনানীতে যাত্রার শাখায়। সবার হাতে দেওয়া হয় একটি করে কাগজের প্যাকেট। কাগুজে ঈগল বানানোর জন্য তাতে থাকে কাগজের ঠোঙা, রঙিন কাগজ, রঙিন ফিতে, ছোট্ট ছোট্ট চোখ, পুঁতি, চুমকি, বোতাম। আরও ছিল পলিথিনে মোড়ানো ভেজা মাটি। এসব দিয়েই শিশুরা বানায় ঈগলের পুতুল। ওদিকে দেয়ালে প্রজেক্টরের আলোয় ফুটে উঠছে ঈগলের ওপর প্রামাণ্যচিত্র। পুতুল বানানো ও ছবি আঁকার ফাঁকে কৌতূহলী চোখ যাচ্ছে সে দিকে। অনেকে আবার ছবি আঁকায় এতই ব্যস্ত, সে দিকে ফিরে তাকানোর জো নেই! আঁকা শেষ হলে ঈগল সম্পর্কে মজার সব তথ্য নিয়ে লেখা একটি বইও পায় তারা, যা ইংরেজি মাধ্যমে পড়ছে তাদের জন্য একই বই থাকছে ইংরেজিতে লেখা।
আঁকাআঁকি শেষে দৌড়ে গিয়ে হাজির সবাই ছাদে। এখানে ওরা প্রত্যেকেই একটি করে টি-শার্ট পায়। সে টি-শার্টে শিশুরা নিজেরাই ব্লক বসিয়ে নকশা করতে পারে। বেলা দেড়টায় খাওয়াদাওয়া। এখানেও বর্ণমালা! যেমন এ এর দিনে ছিল অজগরের আদলে তৈরি বিস্কুট। আর এর দিনে আম, আমের আচার, আমের ডাল; ইঁদুর পনির পছন্দ করে বলে, হ্রস্ব ই-র দিন ছিল পনির। আর সেই সঙ্গে থাকে সবজি খিচুড়ি।
বেলা তিনটায় পুতুলনাচের আসর বসায় জলপুতুল। নাকি সুরে পুতুলের কথাবার্তা, ঝগড়াঝাঁটি শিশুরা প্রাণভরে উপভোগ করে। চারটায় আসেন একজন পাখি বা প্রাণিবিশেষজ্ঞ। টেক স্কুল শিশুদের জানায় মজার সব বিজ্ঞান ও প্রযুক্তির গল্প। এরই সঙ্গে থাকে আরও সব কাণ্ড—কখনো শেখানো হয়, কীভাবে কেক বানাতে হয়। শিশুরা দেখে দেখে অতি সহজেই বানায় ছোট ছোট কাপ কেক। কখনো থাকে ছড়াগানের আসর। এমনি করে বর্ণকে ঘিরে আনন্দ-হাসি-গানে কেটে যার শিশুদের মজার একটি দিন।
মাত্র তো দীর্ঘ ঈ গেল, চন্দ্রবিন্দু ( ঁ) পর্যন্ত এখনো অনেক বাকি। তাই আপনার শিশুকে এমন এক আনন্দময় দিন উপহার দিতে চলে আসুন প্রতি মাসের প্রথম শুক্রবার, বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।