খেলার মাঠে নিষেধের প্রাচীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদরঘাট ও ফিরিঙ্গীবাজার এলাকার খেলার মাঠ অভয় মিত্র মাঠ। একসময় প্রতিদিন বিকেলে এই এলাকার শিশু-কিশোরেরা এই মাঠে দাপিয়ে বেড়াত। সেই মাঠটির চারপাশে গড়ে উঠেছে নিষেধের প্রাচীর। ফলে থেমে গেছে এই মাঠকে ঘিরে দুরন্ত শিশু-কিশোরদের পদচারণা, হই-হুল্লোড়। খোঁজ নিয়ে জানা গেছে, অভয় মিত্র মাঠটির মালিক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হিসেবে এখানে ভিড় জমাত এলাকার শিশু-কিশোরেরা। শ্রেণীর কাজের ফাঁকে বিরতির সময় মাঠজুড়ে ছিল শিশুদের দুরন্তপনা। কিন্তু ২০০৪ সাল থেকে কর্তৃপক্ষ মাঠটি নিজেদের হেফাজতে নিয়ে নেয়। মাঠটি ঘিরে তৈরি হয় লোহা ও কংক্রিটের দেয়াল। সেই থেকে মাঠে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে শিশুদের। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশস্ত মাঠটির চারপাশে ইট-লোহার বেষ্টনী তৈরি করা হয়েছে। অব্যবহূত মাঠের এখানে-সেখানে জমেছে ঘাস ও আগাছা। বেড়ে ওঠা ঘাসই প্রমাণ করে, এই মাঠে দীর্ঘদিন পা পড়েনি শিশু-কিশোরদের। মাঠে ঢুকতে না পেরে রাস্তার ওপর বিক্ষিপ্তভাবে খেলাধুলা করতে দেখা যায় স্থানীয় অনেক শিশুকে। স্থানীয় বাসিন্দা দশম শ্রেণীর ছাত্র রৌহান চৌধুরী ওই মাঠে খেলাধুলা করতে না পারার কথা স্বীকার করে বলে, ‘মাঠে বিচ্ছিন্ন কয়েকটি মারামারির দোহাই দিয়ে সবার প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। দারোয়ান কাউকে ভেতরে ঢুকতে দেয় না। কেউ দেয়াল টপকে ভেতরে ঢুকলে দারোয়ান বেত নিয়ে তাড়া করে।’ এলাকার গৃহিণী মরিয়ম বেগম বলেন, ‘মাঠটি বন্ধ থাকায় ছেলেমেয়েরা সারা দিন বাসায় বন্দিজীবন কাটায়। তারা অধিক পরিমাণে ভিডিও গেমসে আসক্ত হয়ে পড়েছে। এতে তাদের স্বাস্থ্য ও বুদ্ধিবৃত্তির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।’ এলাকার অনেক ছেলে রাস্তাঘাটে আড্ডায় মেতে উঠছে বলেও তিনি জানান। একসময় মাঠে অপ্রীতিকর ঘটনা ঘটার কথা স্বীকার করে মরিয়ম বেগম বলেন, ‘ছেলেমেয়েদের মধ্যে রেষারেষি হবে, আবার সদ্ভাব গড়ে উঠবে। আর এটাকে পুঁজি করে মাঠ বন্ধ করে দেওয়া কাম্য নয়।’ জানা যায়, ওই মাঠের পাশেই রয়েছে বন্দরের প্রধান প্রকৌশলীর বাংলো। ২০০৪ সালে মাঠটিতে খেলা নিয়ে স্থানীয় তরুণদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এরপর বন্দরের তৎকালীন প্রধান প্রকৌশলী তমিজ উদ্দিন মোল্লার উদ্যোগে চারপাশে সীমানা প্রাচীর দিয়ে মাঠটি বন্ধ করে দেওয়া হয়। সে সময় স্থানীয় ছেলেরা মাঠটি খোলা রাখার জন্য বন্দরের কর্মকর্তাদের কাছে ধরনা দিলেও কোনো কাজ হয়নি। ৩১ নম্বর ওয়ার্ড কমিশনার দিদারুর রহমান বলেন, ‘মাঠটিতে একসময় আমিও খেলতাম। মাঠটি বন্ধ থাকায় শিশু-কিশোরেরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে এবং অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করছে।’ তিনি আরও বলেন, ‘বন্দরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার ধরনা দিয়েও লাভ হয়নি। মাঠটিকে উন্মুক্ত করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হবে।’ বন্দর স্কুল কমিটির সভাপতি ও প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা এম হাবিবুর রহমান বলেন, ‘শুধু এলাকার ছেলেরা নয়, আমাদের ছেলেমেয়েদেরও শারীরিক ও মানসিক বিকাশের জন্য মাঠে খেলাধুলা করা উচিত। এতে করে ছেলেমেয়েরা অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকতে পারবে।’ মাঠটি খেলাধুলার জন্য খুলে দিলে বন্দরের আবাসিক এলাকা ও বাংলোয় সমস্যা দেখা দেয় উল্লেখ করে তিনি বলেন, ‘তবে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র সমস্যা জলাঞ্জলি দিতে কোনো বাধা নেই।’ এ বিষয়ে জানতে চাইলে বন্দরের প্রধান প্রকৌশলী (সিভিল) খান মোহাম্মদ ইউসুফ বলেন, ‘বহিরাগতদের উৎপাত থেকে রক্ষার জন্য মাঠটি প্রাচীর দিয়ে ঘিরে রাখা হলেও মাঠের ভেতর ছেলেমেয়েদের খেলতে দেওয়া হয়।’ সার্বিক বিষয়ে বিদ্যালয় কমিটির সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।