লামায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের একমাত্র খেলার মাঠে কর্তৃপক্ষ ‘পাম ওয়েল ট্রি প্লানটেশন’-এর আওতায় ৫০০ পামচারা রোপণ করেছে। এতে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় খেলোয়াড়েরা। লামা সড়ক ও জনপদ বিভাগের কার্যসহকারী মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘এই মাঠে সব সময় এখানকার খেলোয়াড়েরা ফুটবল খেলে। এ ছাড়া এই এলাকায় আর কোনো মাঠ নেই। অনেক সময় ফুটবল খেলাকে কেন্দ্র করে বড় আকারের সংঘর্ষও হয়েছে। অফিসের শান্তিশৃঙ্খলা ও ফুটবল খেলার সংঘর্ষ এড়াতে আমাদের কর্তৃপক্ষ জুন ও জুলাই মাসে সড়ক ও জনপদ বিভাগের লামা কার্যালয়ের ১০ একর ৮০ শতক জায়গার ওপর তিন হাজার পামচারা রোপণ করেছে। এর মধ্যে ফুটবল খেলার মাঠে ৫০০ চারা লাগানো হয়েছে।’ এলাকার ফুটবল খেলোয়াড় মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ সুমন বলেন, ‘আমাদের এই লাইনঝিরি এলাকায় সওজের মাঠটি ছাড়া আর কোনো মাঠ নেই। এই মাঠে দীর্ঘ ২৫ বছর ধরে এখানকার খেলোয়াড়েরা খেলাধুলা করে আসছে। কী কারণে সওজ কর্তৃপক্ষ খেলার মাঠে পামচারা রোপণ করেছে, আমরা জানি না। আমরা সওজের লামা অফিসের দায়িত্বরত কার্যসহকারী আবু তাহেরকে পামচারা না লাগানোর অনুরোধ করেছি, কিন্তু কোনো কথা শোনেননি তিনি।’ স্থানীয় অধিবাসী ইউসুফ ও নুরুজ্জামান বলেন, ‘এলাকার এটিই একমাত্র খেলার মাঠ। খেলাধুলা প্রসারের স্বার্থে মাঠটি আগের অবস্থায় ফিরিয়ে আনা দরকার। এ ব্যাপারে আমরা প্রশাসনের সহায়তা কামনা করছি।’ এ প্রসঙ্গে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মমতাজুর রহমানের সঙ্গে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।এ ব্যাপারে লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, সওজ কর্তৃপক্ষ খেলার মাঠে পামচারা লাগানোর কথা এলাকাবাসী জানিয়েছেন। পুনরায় খেলাধুলার পরিবেশ সৃষ্টির জন্য তিনি সওজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান।