খেলার মাধ্যমে মানচিত্র
বর্তমান প্রজন্মের শিশুদের কাছে স্বাধীন দেশের মানচিত্র নিয়ে কৌতূহলের শেষ নেই। তাই তো অখণ্ড অবসরেই তারা ঝুঁকে পড়ে মানচিত্রের বুকে।বিভিন্নভাবে মানচিত্রের সঙ্গে পরিচিত হওয়া যায়। সাধারণত মানচিত্রের পাজল সেট, বই ও দেয়ালে টাঙানো মানচিত্রের সঙ্গেই শিশুরা বেশি পরিচিত। পাজল সেটের মানচিত্রের পাজল মেলাতে মেলাতেই তারা দেশের আনাচ-কানাচ চিনে ফেলে। সড়ক, জনপদ, নদ-নদী—সবই চলে আসে নখদর্পণে। মানচিত্রের বই ও দেয়ালে টাঙানো মানচিত্রের মাধ্যমেই শিশুরা যখন ইচ্ছা তখন জানতে পারছে নিজের দেশকে। শুধু নিজে জানার জন্যও নয়, অন্যকে নিজের দেশ সম্পর্কে আগ্রহী করে তুলতে মানচিত্রকে উপহার হিসেবে দেওয়ার প্রচলনও আজকাল বেশ ভালোভাবেই শুরু হয়েছে। কোথায় পাবেন এবং দামটা কেমনমানচিত্র ঢাকার নিউমার্কেট, নীলক্ষেত, শাহবাগের আজিজ সুপার মার্কেট, মিরপুর রোডের জ্ঞানকোষসহ বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন শপিং মল বই ও প্রসাধনসামগ্রীর দোকানেও মানচিত্রের পাজেল সেট, বই ও দেয়ালে টানানো মানচিত্র পাওয়া যায়। পাজেল সেটগুলোর দাম নির্ধারণ করা হয় টুকরার সংখ্যা হিসেবে। এক্ষেত্রে সবচেয়ে সুলভ ১০৪ টুকরার মানচিত্রের পাজেল সেটের দাম পড়ে ২২০ টাকা থেকে ২৫০ টাকা। অন্যান্য পাজেল সেটের পিসের সংখ্যা হিসাবে দামটাও নির্ধারণ করা হয়ে থাকে। এ ছাড়া ‘মানচিত্রে কেমন আমার বাংলাদেশ’সহ মানচিত্রের বিভিন্ন বই ও দেয়ালে টানানো মানচিত্র ২০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাবে। রাজধানী ঢাকা ছাড়াও দেশের প্রায় সব জায়গায়ই এসব মানচিত্র আজকাল হাত বাড়ালেই পাওয়া যায়।