খেলার সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুলাহুপ বা ফ্রিসবি–শিশুর খেলার আনন্দ অনেকখানি বাড়িয়ে দেবে। মডেল: অহনা জয়িতা, মহিবুল এবং জারিফ, ছবি: নকশা
হুলাহুপ বা ফ্রিসবি–শিশুর খেলার আনন্দ অনেকখানি বাড়িয়ে দেবে। মডেল: অহনা জয়িতা, মহিবুল এবং জারিফ, ছবি: নকশা

পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন। নিজেরা বেশ গল্পগুজবে মেতেছেন। ছোট শিশুদের নাহয় ছেড়েই দিন খোলা মাঠে। তবে সঙ্গে দিয়ে দিন খেলার কিছু উপকরণ। যেমন হুলাহুপ, ফ্রিসবি, ডার্ট বোর্ড—এ রকম নানা কিছু। 
ঢাকার বসুন্ধরা শপিং মলে মোস্তফা মার্টে সন্তানের খেলার উপকরণ কিনতে এসেছেন ধানমন্ডির গৃহিণী তামান্না ইয়াসমিন। তিনি বলেন, ‘ঈদ আর পূজার ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছি। বাসায় থাকা খেলনাগুলোর চেয়ে ভিন্ন কিছু দিতে চাই সন্তানদের হাতে।’

ছবি: নকশা
ছবি: নকশা

রকমভেদ
পিকনিক বা ঘুরতে যাওয়ার সময় সন্তানদের খেলার উপকরণগুলো কিছুটা ভিন্ন। রাজধানীর গুলিস্তানে স্টেডিয়াম মার্কেটের ‘খেলাধুলা’ স্টোরের স্বত্বাধিকারী মো. আলম জানান, আগের চেয়ে এখন এই উপকরণগুলোর চাহিদা বেড়েছে; বিশেষ করে শীতের সময় ছোটদের খেলার উপকরণগুলোর চাহিদা প্রচুর। ছোটদের খেলার উপকরণগুলো দেশের তৈরি হলে, আমদানি করা পণ্যের পরিমাণই বেশি বলে জানান মো. আলম।

দরদাম
রাজধানী বিভিন্ন বাজারে খেলার উপকরণগুলোর দামের তারতম্য দেখা গেছে। সুপার মলগুলোতে পণ্যের দাম তুলনামূলক বেশি, আর স্টেডিয়াম মার্কেটসহ অন্য মার্কেটগুলোতে দাম কিছুটা কম। বাজারে দুটি আলাদা ধরনের হুলাহুপ পাওয়া যায়। আকারে ছোট হুলাহুপের দাম ৪৫০ থেকে ১০০০ টাকা। বড় হুলাহুপের দাম ৮০০ থেকে ১৫০০ টাকা। ফ্রিসবি ছোট ১০০ থেকে ৩৫০ টাকা, বড় ২৫০ থেকে ৫৫০ টাকা। ব্যাডমিন্টন খেলার র্যা কেট ছোট ১০০ থেকে ৪৫০ টাকা, বড় ৩৫০ থেকে ২০০০ টাকা। বড় বড় পাজল বক্স ৪০০ থেকে ১০০০ টাকা, ছোট ১০০ থেকে ৪৫০ টাকা। ডার্ট বোর্ড প্লাস্টিকের ২৫০ থেকে ৬৫০ টাকা, কাঠের ৪৫০ থেকে ১২০০ টাকা। জাম্পিং বোর্ড ছোট ১২০০ থেকে ৫০০০ টাকা। বড় ৪৫০০ থেকে ৯০০০ টাকা। স্কুটার ২০০০ থেকে ৫৫০০ টাকা। রোলার স্কুটি ৮০০ থেকে ১৭০০ টাকা। ফিশিং গেম ছোট ২৫০ থেকে ৪৫০ টাকা। বড় ৩৫০ থেকে ৭৫০ টাকা। রেসিং কার ছোট ১০০ থেকে ১০০০ টাকা। বড় রেসিং কার ৮০০ থেকে ৪৫০০ টাকা। ক্রিকেট খেলার প্লাস্টিকের ব্যাট ১০০ থেকে ৩৫০ টাকা। প্লাস্টিকের ফুটবল ১৫০ থেকে ৫৫০ টাকা।

কোথায় পাবেন
ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, নিউমার্কেট, গুলিস্তানের স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, যমুনা ফিউচার পার্ক, বেইলি রোড, এলিফ্যান্ট রোডসসহ বিভিন্ন মার্কেটে পাওয়া যায়। এ ছাড়া রাজধানীসহ দেশে বিভিন্ন স্থানে খেলাধুলার উপকরণ বিক্রি করে এমন শোরুমগুলোতে পাওয়া যায়।