খেলায় খেলায় বর্ণ চেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখস্থ না করিয়ে খেলাচ্ছলে শিশুকে শেখাতে পারেন বর্ণমালা। মডেল: জিনিয়া ও টিয়ারা, পোশাক: সাদাকালো, কৃতজ্ঞতা: পিবিএস, ছবি: কবির হোসেন
মুখস্থ না করিয়ে খেলাচ্ছলে শিশুকে শেখাতে পারেন বর্ণমালা। মডেল: জিনিয়া ও টিয়ারা, পোশাক: সাদাকালো, কৃতজ্ঞতা: পিবিএস, ছবি: কবির হোসেন

একসময় বাঙালি ঘরে শিশুর বর্ণমালার হাতেখড়ি হতো আদর্শলিপি দিয়ে। বর্ণ পরিচিতি ও বানান শেখা শুরু হতো সেখান থেকেই। তবে এই সময়ে এসে পাল্টে গেছে চিত্র৷ এখন শিশু শিখছে আরও অভিনব উপায়ে৷ খেলতে খেলতেই বর্ণমালা চিনে নিচ্ছে শিশুরা৷ বর্ণমালা শেখার হরেক রকম খেলনা পাওয়া যাচ্ছে বাজারে। যার ফলে শেখানোর রীতিতেও এসেছে পরিবর্তন।
বাজার ঘুরে দেখা গেল ম্যাজিক স্লেট, বর্ণমালার গাড়ি, কাপড়ের তৈরি বর্ণমালা থলে, সুডোকুর মতো বর্ণমালা ও সংখ্যার ব্লক, পাজলসহ নানা রকম শেখার সামগ্রী পাওয়া যাচ্ছে। রয়েছে ম্যাজিক স্টিক বুক সেট, এতে চার্জে চালিত একটি লাঠি থাকে৷ যা বইয়ের ওপর ধরলে প্রতিটি বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ শোনা যায়। আছে কার্ডের মাধ্যমে শেখার সুযোগ।
পিবিএস বুক শপের প্রধান পরিচালন কর্মকর্তা মো. আলী আফজাল জানালেন, ছোটদের বইগুলোও এখন অনেক বেশি আধুনিক ও আকর্ষণীয়। অর্থাৎ এই বইগুলোতে গৎবাঁধা নিয়মের বাইরে এসে খেলতে খেলতে বাচ্চার অনেক কিছু জানার সুযোগ রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান অনেক গবেষণা করে শিশুদের জন্য নিত্যনতুন এই শিক্ষাসামগ্রীগুলো আনছে।
শিশুদের বর্ণমালার সঙ্গে পরিচয় করানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত নানা রকম সামগ্রী তৈরি করা হচ্ছে। ধরে বেঁধে নয়; এখানে শিশুরা খেলতে খেলতেই শিখছে। একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেল, জোর করে শিশুর ওপর কিছু চাপিয়ে না দিয়ে তাকে আনন্দদানের মাধ্যমে শেখাতে হবে। প্রথমেই তাই বর্ণমালা মুখস্থ না করিয়ে শিশুকে রংচঙে ও আকর্ষণীয় খেলনার মাধ্যমে বর্ণ চেনাতে হবে। ঢাকার অরণি বিদ্যালয়ের অধ্যক্ষ ইসমাত সুলতানা বলেন, ছোটরা নানাভাবে শেখে। সব শিশুর শেখার ধরন এক নয়৷ তাই শেখানোর ধরন হতে হবে ভিন্ন ভিন্ন। যে যেভাবে নিতে পারে, তাকে সেভাবেই শেখানো উচিত। প্রচলিত নিয়মই যে একমাত্র পথ তা যেমন নয়, আবার কোনো শিশু যদি সেই পদ্ধতিতে সহজে শিখতে পারে, তাকে সেই রীতিতেই শেখাতে হবে। তাই তাদের শেখানোর সময় সবগুলো উপায়ই পরখ করে দেখা উচিত। ‘অ’ দিয়ে বাংলা বর্ণমালা শুরু বলে সেটিই যে তাকে আগে শিখতে এমন কোনো কথা নেই। ধরা যাক, সে ‘প’ বর্ণটি আগে চিনে গেল। সব বর্ণ মোটামুটি চিনে গেলে এরপর তাকে ধারাবাহিকভাবে বর্ণ চেনানো সহজ হবে। এমন পরামর্শ দিলেন ইসমাত সুলতানা।

আনন্দ নিয়ে শিখুক শিশু
আনন্দ নিয়ে শিখুক শিশু

অভিনেত্রী দীপা খন্দকারের বড় সন্তান আদৃকের বয়স এখন আট বছর। সে প্রথম শ্রেণিতে পড়ে। দীপা খন্দকার বললেন, ‘আড়াই বছর বয়স থেকেই ওকে একটু একটু করে বর্ণমালার সঙ্গে পরিচিত করাতে থাকি।’ আধুনিক অনেক খেলনা ও সামগ্রীর পাশাপাশি তিনি শখ করে আদর্শলিপি, স্লেট, চক ইত্যাদিও ছেলেকে পড়ানোর সময় ব্যবহার করতেন। তাঁর মতে, যুগ যুগ ধরে ব্যবহৃত এসব জিনিস ব্যবহার না করলে তো একসময় তা হারিয়ে যাবে।
এদিকে ভিকারুননিসা নূন স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা আঞ্জুমান আরা মনে করেন, শুরুতেই সন্তানকে নিজের ভাষার বর্ণমালা না শিখিয়ে ইংরেজি বর্ণমালা শেখানোটা বিশাল বড় একটি ভুল। অনেক অভিভাবকের মধ্যেই এই প্রবণতা দেখা যায়। অনেকে মনে করেন, ইংরেজি বর্ণগুলো বাচ্চাদের কাছে বাংলার থেকে তুলনামূলক সহজ, তাই এগুলো দ্রুত শিখে ফেলতে পারবে৷ অনেকে আবার শিশুর বিদেশি বর্ণ বা ভাষা আয়ত্ত করতে পারাটাকে বিরাট গর্বের বিষয় বলেও মনে করেন। তাঁর মতে, এমন মানসিকতা মোটেও ঠিক নয়। এ ধরনের আচরণ নিজ ভাষার প্রতি অবহেলা ও অশ্রদ্ধা প্রকাশ করে। শৈশবে মানুষের মন, মস্তিষ্ক থাকে একদম কাদামাটির মতো, যাকে ইচ্ছেমতো আকৃতি দেওয়া যায়। প্রথমে বাংলা বর্ণ শেখালে শিশু সেটা ধরতে পারবে না, এটি ঠিক ধারণা নয়। বরং মায়ের ভাষা শিশু সবার প্রথমে শিখবে, এটিই স্বাভাবিক।
বর্ণের ছবি দেখিয়ে শুরুতে স্বরবর্ণ, এরপর ব্যাঞ্জনবর্ণ—এভাবেই আমরা সবাই বাংলা বর্ণমালা শিখে এসেছি। সনাতনী এই কায়দায় ধারাবাহিকভাবে বর্ণ পরিচিতি ঘটানো হতো। তবে এখন মনে করা হচ্ছে, এই পদ্ধতিটি শিশুর জন্য আরামদায়ক নয়। তাকে বরং তার মতো করেই শিখতে দেওয়া উচিত।
বর্ণমালার সঙ্গে পরিচয়ের আগে শিশুকে বিভিন্ন আকৃতির সঙ্গে পরিচিত করতে হবে। আঞ্জুমান আরা বলেন, বৃত্ত ঠিকমতো আঁকতে না পারলে অ, আ, ত-এর মতো বর্ণগুলো লিখতে গেলে বেগ পেতে হবে। অতএব, লেখা শেখানোর আগে শিখতে হবে আঁকা। কাজল, পেনসিল নিয়ে ও ইচ্ছেমতো আঁকিবুঁকি করবে। হাত ঘুরিয়েই লেখা শেখাতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। কোনো বস্তুর ছবি দেখে যেমন তার চিত্র কাগজে ফুটিয়ে তোলা হয়, তেমনি ছোটদের সামনে কোনো বর্ণ রেখে তা লেখানোর চেষ্টা করা যেতে পারে। শুধু বর্ণ চিনলে ও লিখতে পারলেই তো হবে না, মাতৃভাষার প্রতিটি বর্ণের সঠিক উচ্চারণও জানা চাই।
আঞ্জুমান আরা মনে করেন, শিশুদের শুরুতেই বর্ণমালা ও শব্দের সঠিক উচ্চারণ শেখানো খুব জরুরি। আমরা বড়রাও অনেকে বাংলা বর্ণমালার অনেক শব্দের ভুল উচ্চারণ করে থাকি। সঠিক উচ্চারণ জেনে নিয়ে ছোটদের তা শেখাতে হবে। বাড়িতে অন্য সদস্যরা শুদ্ধ ভাষায় কথা না বললেও, বাবা-মাকে তাঁর সন্তানের সঙ্গে প্রমিত ভাষায় কথা বলার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেন তিনি। কারণ, শিশু তার মাকেই সবচেয়ে বেশি অনুসরণ করে। আর ভাষার প্রতি থাকতে হবে ভালোবাসা; এটি শিশুদের মধ্যে সঞ্চারিত হবে পূর্ববর্তী প্রজন্মের মাধ্যমেই। বাংলা ভাষার সঙ্গে আমাদের যে গৌরবময় ইতিহাস জড়িত, তা শিশুকে ভাষা শেখাতে শেখাতেই গল্প বলার ছলে জানিয়ে দিতে পারেন। এসব যত জানবে, শুনবে; ভাষার প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি সম্মান তার হৃদয়ে তত বেশি জেগে উঠবে।

যেখানে পাবেন
ছোটদের আধুনিক নানা শিক্ষা উপকরণ ও খেলনা পাবেন পিবিএস, আড়ং, যাত্রা এবং ঢাকার গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি, নিউমার্কেট ও বেইলি রোডের বড় স্টেশনারির দোকানগুলোয়। কলাবাগান ও শুক্রাবাদের স্টেশনারি ও বইয়ের দোকানে পাবেন নানা ধরনের শিক্ষা উপকরণ৷