খেলোয়াড় আর অতিথিদের অপেক্ষায় নয় হোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট ঘিরে নগরের আবাসিক হোটেলগুলো এখন রমরমা। বিশ্বকাপের সময় অভিজাত হোটেলগুলোর বেশির ভাগ কক্ষই ইতিমধ্যে ভাড়া হয়ে গেছে। দেশি-বিদেশি পর্যটকদের জন্য (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল—আইসিসির অফিসিয়াল হোটেল) পেনিনসুলাসহ নগরের নয়টি হোটেলে নিশ্চিত করা হয়েছে বাড়তি নিরাপত্তা।পেনিনসুলা হোটেলে বাংলাদেশ, ইংল্যান্ড, নেদারল্যান্ড ও কানাডার ক্রিকেটার ছাড়াও থাকবেন আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। এ ছাড়া আইসিসি ও বিসিবির কর্মকর্তা এবং বিভিন্ন দেশের সাংবাদিকেরা হোটেল আগ্রাবাদে তাঁদের কক্ষ নিশ্চিত করেছেন বলে জানা গেছে। অন্য হোটেলগুলো হচ্ছে হোটেল সেন্ট মার্টিন, ল্যান্ডমার্ক, লডর্স ইন, ফয়’স লেক কনকর্ড রিসোর্ট, হোটেল টাওয়ার ইন, মেরিডিয়ান ও হোটেল প্যাভিলিয়ন। এসব হোটেল এখন গ্রাহকদের সেরা সেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পেনিনসুলা হোটেল সূত্রে জানা গেছে, পেনিনসুলার ১২২টি কক্ষের মধ্যে ৭০টি ক্রিকেটার ও কর্মকর্তাদের জন্য বরাদ্দ হয়ে গেছে। বাকি কক্ষগুলো পেনিনসুলার করপোরেট অতিথি ও বিদেশি দর্শকেরা নিজেদের জন্য নিশ্চিত করেছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে পেনিনসুলার বিপণন ব্যবস্থাপক মো. শাহেদুন্নবী বলেন, মার্চের ১১ ও ১৪ তারিখের দুটি ম্যাচ সামনে রেখে ৫-১৫ মার্চ পর্যন্ত কোনো কক্ষ খালি নেই। এখনো আমাদের সঙ্গে বিভিন্ন দেশের দর্শকেরা যোগাযোগ করছেন। কক্ষ না পেয়ে তাঁরা অন্য হোটেলে আবাসন নিশ্চিত করছেন। এ ছাড়া প্র্যাকটিস ম্যাচকে কেন্দ্র করে ৯-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কক্ষ খালি নেই।’তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ চলাকালে আমরা অতিথিদের জন্য বিশেষ খাবার ও বিনোদনের ব্যবস্থা করেছি।’ জানা গেছে, বিশ্বকাপ উপলক্ষে প্রায় ৭৫ রকমের খাবার পরিবেশন করবে পেনিনসুলা। এতে বিদেশি খাবারের পাশাপাশি থাকবে ইলিশসহ বিভিন্ন মাছ ও ভর্তা।হোটেল আগ্রাবাদের ১০১টি কক্ষ আগাম ভাড়া হয়ে গেছে। মার্চের প্রথম সপ্তাহ থেকে ১৫ মার্চ পর্যন্ত এই হোটেলে কোনো কক্ষ খালি নেই বলে জানা গেছে। এরপরও অনেক বিদেশি পর্যটক চট্টগ্রামে আসা ও হোটেলে থাকার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। আগ্রাবাদ হোটেল অতিথিদের জন্য বিনোদনের ডালি নিয়ে তৈরি হয়ে আছে। অভ্যন্তরীণ বিনোদনের পাশাপাশি থাকবে চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন বিনোদনকেন্দ্র ভ্রমণের ব্যবস্থা। এ প্রসঙ্গে আগ্রাবাদ হোটেলের জ্যেষ্ঠ বিক্রয় ব্যবস্থাপক শাহীন মোহাম্মদ নওশাদ বলেন, ‘আমাদের হোটেলে মূলত কর্মকর্তা ও দেশ-বিদেশের সাংবাদিকেরা অতিথি হবেন। তাঁদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা করেছি।’ বিশ্বকাপের সময় হোটেলে থাকতে এখনো অনেক বিদেশি যোগাযোগ করছেন বলে জানান নওশাদ। একইভাবে বিশ্বকাপের সময় সেন্ট মার্টিন হোটেলের অধিকাংশ কক্ষ ইতিমধ্যে ভাড়া হয়ে গেছে। এই হোটেলে সাংবাদিক ছাড়াও পর্যটকেরা কক্ষ ভাড়া নিয়েছেন বলে জানা গেছে।নিরাপত্তা যে রকম: নয়টি হোটেলের প্রতিটিতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ছাড়াও এখানে ধাপে ধাপে বিভিন্ন অতিথিরা তল্লাশির মুখোমুখি হবেন। নিরাপত্তার দিক বিবেচনা করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নগর পুলিশ সূত্রে জানা গেছে। অগ্নিনির্বাপণ মহড়া: নিরাপত্তার অংশ হিসেবে নগরের বেশকিছু হোটেলে এখন চলছে অগ্নিনির্বাপণ মহড়া। সম্প্রতি পেনিনসুলা হোটেলে অগ্নিনির্বাপণ মহড়া চালান ২৬ জন কর্মী। দুর্যোগপূর্ণ মুহূর্তে কীভাবে উদ্ধার তৎপরতা চালাবে, আগুন নেভানো হবে—এসব দিক ভেবে আইসিসির অফিসিয়াল এই হোটেলে অগ্নিনির্বাপণ মহড়া চালানো হয়। একই দিন নগরের সেন্ট মার্টিন হোটেলেও চলে মহড়া। মহড়ায় স্নোরকেল, লম্বা সিঁড়িসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয়।গত শুক্রবার একই মহড়া চালানো হলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ হোটেল আগ্রাবাদে। সেখানে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসীম উদ্দিনের নেতৃত্বে এই মহড়া চলে প্রায় এক ঘণ্টা। প্রকৃতির সান্নিধ্যে ফয়’স লেকেবিশ্বকাপ ঘিরে নব আনন্দে সেজেছে পর্যটনরূপসী ফয়’স লেক। গহিন অরণ্যের মাঝে হূদের স্বচ্ছ সলিলধারা, সে জলে ডুব দেয় পানকৌড়ি। বনের ঝোপ থেকে উঁকি দেয় চঞ্চল হরিণ। পাহাড়কোলের রিসোর্টগুলো প্রতিদিনই নতুন চেহারা পাচ্ছে। আইসিসি বিসিবির মাধ্যমে রিসোর্টের ৫০টি কক্ষ ভাড়া করেছে। সেখানে মূলত বিদেশি সাংবাদিকেরা থাকবেন। প্রকৃতির সান্নিধ্যে রাত কাটানোর পাশাপাশি হাতের কাছেই রয়েছে বিনোদনের ডালি। কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক, সি-ওয়ার্ল্ড ছাড়াও বিশ্বকাপ উপলক্ষে তৈরি করা হয়েছে একোয়াটিক কর্নার ও ওয়াটার ফল। চলছে পেইন্টিং ওয়ার্ক। কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক ফারহান কে চৌধুরী জানান, ‘আমরা বিশ্বকাপের মাসকে সেবা মাস ঘোষণা দিয়েছি। বিদেশি অতিথিরা যাতে সব তথ্য পান সে জন্য শাহ আমানত বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। এতে অতিথিরা চট্টগ্রামসহ ফয়’স লেকের যাবতীয় তথ্য পাবেন দ্রুততম সময়ে।’