খেলোয়াড়ের দক্ষতা বাড়াবে ডিজিটাল বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বাস্কেটবলের মাধ্যমে বাড়ানো হবে খেলোয়াড়ের দক্ষতা। নাইনটিফোরফিফটি নামের এই ডিজিটাল বাস্কেটবল তৈরি করেছে আয়ারল্যান্ডের ইনফোমোশন স্পোর্টস টেকনোলজি।যুক্তরাষ্ট্রের বোস্টনে প্রযুক্তিনির্ভর ক্রীড়া সরঞ্জামবিষয়ক এমআইটি স্লোয়ান স্পোর্টস অ্যানালাইটিকস সম্মেলনে গত শুক্র ও শনিবার প্রদর্শন করা হয় প্রযুক্তিটি। ইনফোমোশন কর্তৃপক্ষ বলছে, বাস্কেটবলে সংযুক্ত থাকবে সংবেদন যন্ত্রাংশ (সেনসর)। এটি খেলোয়াড়ের সামর্থ্যের যাবতীয় তথ্য সংগ্রহ করে ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনে পাঠাবে। স্মার্টফোনের মাধ্যমে তুলনামূলক বিশ্লেষণ করে খেলোয়াড়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।ডিজিটাল বলটি প্রতি সেকেন্ডে ছয় হাজারের বেশি তথ্য সংগ্রহ করে তা স্মার্টফোনে পাঠাবে। এসব তথ্যের মধ্যে রয়েছে বল নিক্ষেপ, নিয়ন্ত্রণ ও স্থানান্তরে কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের সামর্থ্যের বিষয়টি। এ ছাড়া আরও থাকবে বল নিক্ষেপে সেরা নৈপুণ্য (রেকর্ড), সর্বোচ্চ গতি, ঘূর্ণন, কাটিয়ে নেওয়ার তীব্রতা ইত্যাদি তথ্যের তুলনামূলক বিশ্লেষণ।ইনফোমোশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইক ক্রাউলি বলেন, নতুন প্রযুক্তির বলটি ব্যবহার করে বাস্কেটবল খেলোয়াড়েরা নিজেদের তুলনামূলক দক্ষতা বিচারের সুযোগ পাবেন। ফলে তাঁরা আরও ভালো নৈপুণ্য দেখাতে পারবেন। টেকনিউজডেইলি।