চলতি অর্থবছরে সোনাগাজীতে খেসারি ডালের ব্যাপক আবাদ হয়েছে। রবিশস্য খেসারি ডালের ভালো ফলন হলে এ এলাকার অনেক চাষিই তাঁদের ভাগ্যের পরিবর্তন আসবে বলে আশা করছেন। কৃষি কার্যালয় ও প্রান্তিক কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ২২ হাজার হেক্টর আবাদি জমির মধ্যে প্রায় ৩২০০ হেক্টর জমিতে রবি ফসল হিসেবে খেসারি ডালের আবাদ হয়েছে। উপযুক্ত আবহাওয়া, পোকা-মাকড়ের আক্রমণ না থাকায় এ বছর লক্ষমাত্রার চেয়ে বেশি খেসারি ডাল উৎপাদন হবে বলে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে যে, চলতি বছর উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চরচান্দিয়া ইউনিয়নের মহেশচর, পূর্ব বড়ধলী, দক্ষিণ পূর্ব চরচান্দিয়া, মধ্যম চরচান্দিয়া, উত্তর চরচান্দিয়া, চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী, কারামতিয়া, পশ্চিম চরদরবেশ, উত্তর চরদরবেশ, সেনেরখিল, চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর, চরলক্ষীগঞ্জ, চান্দলা, চরগোপালগাঁও, রাঘবপুর, দিলরাজপুর, বগাদানা ইউনিয়নের আড়কাইম, নদোনা, পাইকপাড়া, আমিরাবাদ ইউনিয়নের চরসোনাপুর, চরলামছি, চরডুবা, চরকৃষ্ণজয়, আহাম্মদপুর, মোবারকঘোনা, সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর, থাকখোয়াজের লামছি, চরখোয়াজ, চরগণেশ, চরসাহাপুরসহ প্রায় ৩০টি গ্রামে এ রবি ফসল খেসারি ডালের বাম্পার ফলন হয়েছে। উত্তর চরচান্দিয়া গ্রামের হাফেজ বেলায়েত হোসেন, ঈমান আলী ও কুদরত উল্যাহ্ জানান, আমন মৌসুমে আমন ধান কাটার পর জমিতে শুধু খেসারি ডাল ছিঁটিয়ে এ ফসলের আবাদ করতে হয়। এর জন্য বাড়তি কোনো সার কিংবা কীটনাশক কিছুই ব্যবহার করতে হয় না বলে এ ফসল আবাদে উৎপাদন খরচ একেবারেই কম। এতে কৃষক বেশি লাভবান হন। স্থানীয় চাষিরা আরও জানান, খেসারি ডালের স্থানীয় চাহিদা পূরণ করে প্রতিবছর উপজেলার বাইরে এ খেসারি ডাল বিক্রি করে তাঁরা প্রচুর অর্থ উপার্জন করেন। চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের হাজী আফজলুর রহমান প্রায় ১৫ একর, হাজী সিদ্দিকুর রহমান ২০ একর জমিতে খেসারি ডালের আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় তাঁদের মতো খেসারি ডালের আবাদকারী উপজেলার সকল কৃষকই খুশি। উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উ"্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আকরাম উদ্দিন জানান, খেসারি ডাল আবাদের মৌসুমে কৃষকদেরকে পূর্বেই এ ফসলের আবাদ, ভালো বীজ বপণ ইত্যাদি বিষয়ে মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া সময় সময় কৃষি বিভাগের কর্মকর্তারা মনিটরিং করায় এ ফসল আবাদে প্রান্তিক চাষিরা বেশি আগ্রহী হয়েছেন। সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান প্রথম আলোকে জানান, বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অনেক স্থানে খেসারি ডালের ভালো ফলন হয়, তবে এর মধ্যে সোনাগাজী উপজেলায় সবচেয়ে বেশি খেসারি ডাল চাষাবাদ হয়। এ বছর আবহাওয়া ভালো থাকায় এ উপজেলায় খেসারি ডালের বাম্পার ফলন হয়েছে। সোনাগাজী উপজেলার চেয়ারম্যান জেড এম কামরুল আনাম জানান, ভবিষ্যতে আরও বেশি হারে খেসারি ডাল আবাদ করার জন্য কৃষকদের কম মূল্যে বীজ সরবরাহ করা হবে এবং রোগ বালাই থেকে ফসল রক্ষার জন্য হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।