
বাঁশের বেড়ার ঘরের দরজা-জানালা ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টি হলে টিনের ফুটো দিনে পানি পড়ে। অধিকাংশ খুঁটি ভেঙে পড়ায় হেলে পড়েছে ঘরটিও। শ্রেণিকক্ষের এমন জীর্ণদশা হওয়ায় পাঠদান চলছে খোলা মাঠে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের দোসর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।
প্রাথমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে দোসর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর প্রথমে স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে এক কক্ষবিশিষ্ট বেড়ার ঘরে পাঠদান কার্যক্রম শুরু হয়। সেখানে পালাক্রমে বিভিন্ন শ্রেণির পাঠদান করা হতো। পরবর্তী সময়ে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে ২০০০ সালে রাঙামাটি জেলা পরিষদ তিন কক্ষবিশিষ্ট আরও একটি বাঁশের বেড়ার ঘর তৈরি করে দেয়। এত দিন ওই ভবনেই ১৩৫ জন শিক্ষার্থীকে পাঠদান করেছেন চারজন শিক্ষক। তবে ভবনটি জীর্ণ হয়ে পড়ায় পাঠদান করতে হচ্ছে খোলা মাঠে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়টির দুটি শ্রেণিকক্ষের সবগুলোর জানালা ভেঙে গেছে। শিক্ষক মিলনায়তনে দরজা থাকলেও শ্রেণিকক্ষে কোনো দরজা নেই। এ ছাড়া বেশির ভাগ বেড়া ভেঙে পড়েছে। খুঁটি ভেঙে যাওয়ায় ঘর হেলে পড়েছে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুশীল প্রিয় চাকমা ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলপনা চাকমা বলে, বৃষ্টি না হলে খোলা মাঠে চলে পাঠদান। তবে বৃষ্টি হলে পুরোনো শ্রেণিকক্ষেই পাঠদান চলে। তবে তখন টিনের ফুটো দিয়ে পানি পড়ে।

অভিভাবক বিনিময় চাকমা প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়টির শ্রেণিকক্ষ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্ণা চাকমা বলেন, বিদ্যালয়টি এমনিতেই জরাজীর্ণ তার মধ্যে আরও একদিকে হেলে পড়েছে। সামান্য বাতাস এলেই নড়ে। সে জন্য প্রায় সময় খোলা মাঠে পাঠদান করতে হয়। বিদ্যালয় ঘরটি নড়াচড়া করলে বাচ্চারা হুড়োহুড়ি করে বাইরে চলে যায়।
প্রধান শিক্ষক উদয় জীবন চাকমা বলেন, বিদ্যালয়টিতে নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা কার্যালয় ও উপজেলা পরিষদে একাধিকবার আবেদন করেও কোনো কাজ হয়নি। বিদ্যালয়ের বেড়া, দরজা-জানালা ভেঙে পড়েছে। দরজা না থাকায় বিদ্যালয় ছুটি হলে গরু-ছাগল ঢুকে পড়ে। এ ছাড়া টিনের ছাউনি পুরোনো হওয়ায় বৃষ্টি হলে সব কক্ষে পানি পড়ে।
বাঘাইছড়ি উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। ওই বিদ্যালয়ে এখনো যাওয়া হয়নি। তবে খোঁজখবর নিয়ে জানতে পারছি, বিদ্যালয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি মাসিক সমন্বয় সভায় উত্থাপন করা হবে।’
উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, দোসর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ঝুঁকিপূর্ণ ১৮টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে ভবনগুলো নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে বলে তিনি জানান।