খোঁজাখুঁজির মহা আয়োজন
ইন্টারনেট একজন মানুষের কাছে এখন অনেকটা পৃথিবীর ভার্চুয়াল জগতে প্রবেশ করার মতোই। আর এই জগতে প্রবেশের সবচেয়ে সহজ উপায় হলো গুগল সার্চ। বন্ধুর কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে আমরা বলি গুগল করতে, আবার আকাশে রং কেন নীল, তাও বের করি গুগলের সাহায্যেই। ১৯৯৮ সালে শুরু হওয়া গুগল শুধু সার্চ ইঞ্জিন আর অনলাইন বিজ্ঞাপন দিয়েই ইন্টারনেটের দুনিয়া এককভাবে দখল করে আছে। গুগল ডট কম বা গুগলের ১৫০টি ডোমেনে বিভিন্ন ভাষায় সার্চ ইঞ্জিন ব্যবহার করা যায়। প্রতিনিয়তই গুগল তার ব্যবহারকারীদের সুবিধার্থে সার্চ ইঞ্জিনে তথ্য খোঁজার সুবিধা (সার্চিং অপশন) বাড়িয়ে যাচ্ছে।আর কাটাকেও সহজ করে দিচ্ছে।এ বছরই গুগলের সার্চ ইঞ্জিনে বেশ কয়েকটি লক্ষণীয় পরিবর্তন এসেছে। গুগল তাদের সার্চ ইঞ্জিনের ডিজাইনে বেশ পরিবর্তন এনেছে। গুগলের প্রধান প্রধান কিছু সার্চিং সেবা নিয়ে এখানে আলোচনা করা হলো। গুগল সার্চএ বছরের মাঝামাঝিতে গুগল তার সার্চ পেজে তিন কলামবিশিষ্ট সার্চ রেজাল্ট পেজ চালু করেছে। গুগল তাদের লোগোতে কিছুটা পরিবর্তন এনেছে। গুগলের পেজে তিনটি কলামের বাম পাশের কলামটি সার্চ অপশন কলাম, মাঝেরটি সার্চ রেজাল্ট কলাম ও ডান পাশেরটি সার্চ অ্যাড রেজাল্ট কলাম। যদি নির্দিষ্ট কোনো ছবি বা ভিডিও খোঁজার দরকার হয়, তাহলে আলাদা কোনো লিংকে যাওয়ার দরকার নেই। বাম পাশের বিভিন্ন ট্যাব থেকে প্রয়োজন অনুযায়ী বাছাই করে নিলেই হয়। সংবাদ খোঁজার ক্ষেত্রে সংবাদ কত দিন আগের, তা বাছাই করে দেওয়া যায়, সার্চ রেজাল্ট বিভিন্ন লোকেশনের জন্য আলাদা করে দেখা যায়। এ ছাড়া সামাজিক সার্চ দিয়ে শুধু সামাজিক নেটওয়ার্ক সাইটগুলোকে সার্চ করা যায়। গুগল ইনস্ট্যান্টগুগল সার্চ ইঞ্জিনের নতুন সংযোজন গুগল ইনস্ট্যান্ট। গুগলের এই নতুন সার্চের সুবিধা হলো, এতে সার্চ করার জন্য শব্দ শেখার সঙ্গে সঙ্গে এটি রেজাল্ট দেখাতে শুরু করে। গুগলের ব্যাখ্যা হলো, মানুষ লেখে ধীরে কিন্তু পড়ে অনেক দ্রুত। ফলে দেখা যায়, একটি শব্দ লেখার মধ্যবর্তী সময়ে সে সার্চ রেজাল্ট স্ক্যান করে ফেলতে পারে এবং ভালো ফলাফল পায়। গুগল ইনস্ট্যান্ট প্রযুক্তি ব্যবহারের ফলে সার্চকারী প্রতি সার্চে ২-৩ সেকেন্ড সময় বাঁচাতে পারে। সাধারণত কোনো কিছু খোঁজার জন্য শব্দ লিখতেই প্রায় ৩০-৪০ সেকেন্ড সময় লাগে; কিন্তু গুগলের এ নতুন বৈশিষ্ট্য অনেক সময় সাশ্রয় করবে। গুগল ইনস্ট্যান্ট সার্চ দিয়ে প্রতিটি শব্দ মিলিয়ে দেখার ফলে এর অনুমান অনেকটাই সঠিক হয়। তবে গুগল ইনস্ট্যান্টের একটি সমস্যা হলো, এটি ভালোভাবে ব্যবহার করার জন্য একটু উন্নতমানের ইন্টারনেট সংযোগ থাকা দরকার। ছবি খোঁজাগুগলের ছবি খোঁজার সেবায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর ফলাফলে। এখন ফলাফল দেখার জন্য প্রথম পাতা বা দ্বিতীয় পাতা দেখার জন্য মাউসে ক্লিকের প্রয়োজন নেই। মাউস স্ক্রল করেই সার্চে আসা সব পেজ দেখা যায়। এ ছাড়া এর বাম পাশের ট্যাবে ছবির রং, আকার ও ধরন বাছাই করে দেওয়া যায়। ফলে ব্যবহারকারী সহজেই তার প্রয়োজনীয় ছবিটি পেয়ে যায়। গুগল অ্যাডভান্সড সার্চ অপশনে এগুলো ছাড়া আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে—যেমন, এতে যে ধরনের ছবি সার্চ করা হবে তার নির্দিষ্ট আকার, অ্যাসপেক্ট রেশিও, ছবির ফাইল ফরমেট ইত্যাদি দিয়েও ছবি সার্চ করা যায়। অন্যান্য সার্চ গুগলের আরও অনেক বিষয় যেমন মানচিত্র, ত্রিমাত্রিক রাস্তা, ঠিকানা, ভিডিও, নিউজ, বই, গবেষণাপত্র ইত্যাদি খোঁজার জন্য আলাদা সার্চ ইঞ্জিন রয়েছে। গুগল ম্যাপ সার্চের মাধ্যমে বিভিন্ন জায়গা, বিভিন্ন খাবার দোকান বা মার্কেট, ঐতিহাসিক স্থান ইত্যাদি খোঁজা যায়। এর মাধ্যমে কোনো স্থানে যাওয়ার সার্চ করলে তা বলে দেয়, সে স্থানে কোন রাস্তা দিয়ে যেতে হবে। গুগলের স্ট্রিট ভিউ এখনো শুধু আমেরিকার কিছু জায়গাতে দেখা যায়, তবে এটি খুবই আকর্ষণীয় একটি বৈশিষ্ট্য গুগলের। এ ছাড়া বুক সার্চের মাধ্যমে বিভিন্ন ধরনের বই খোঁজা যায় এবং এগুলো কোথায় পাওয়া যাবে, তা দেওয়া থাকে। গুগল ভিডিও সার্চের মাধ্যমে ইন্টারনেটে থাকা যেকোনো ভিডিও সার্চ করা যেতে পারে। গবেষণাপত্র খোঁজার জন্য গুগলের গুগল স্কলার সার্ভিস অত্যন্ত কার্যকর। এ ছাড়া গুগলের পরীক্ষামূলক বেশ কিছু সার্চ অপশন রয়েছে।