খোঁড়া যুক্তি: দেশি ভার্সন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো নারী ধর্ষণের শিকার হলে কেউ কেউ নারীদের পোশাক–আশাক আর চালচলনকেই দোষারোপ করে! ধর্ষকের বিচার না চেয়ে তারা ‘যুগান্তকারী’ সব খোঁড়া যুক্তি দেখায়। তারা আসলে সব ক্ষেত্রেই এ রকম যুক্তি দেখাতে পটু। আরও কিছু ক্ষেত্রে তাদের সেই ‘যুগান্তকারী’ যুক্তি কেমন হবে, সেটাই ভেবেছেন মাহবুব আলম

ধর্ষণের আসামি নাঈম আশরাফ ও শাফাত আহমেদের সেই সমালোচিত সেলফি
ধর্ষণের আসামি নাঈম আশরাফ ও শাফাত আহমেদের সেই সমালোচিত সেলফি

* বিষয়: বিএনপির ভিশন ২০৩০ ঘোষণা
খোঁড়া যুক্তি: বেগম জিয়া নিশ্চয়ই কোনো জ্যোতিষীর কাছ থেকে জেনেছেন যে ২০৩০ সালের আগ পর্যন্ত বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। তাই তাঁদের ‘ভিশন’ ২০৩০ সাল পর্যন্তই সীমাবদ্ধ রেখেছেন।

* বিষয়: খবর প্রকাশিত হওয়ার পরই সুস্থ হয়ে কারাগারে ভিআইপি আসামি
খোঁড়া যুক্তি: ভিআইপি হওয়া সত্ত্বেও বহু দিন শিরোনামের বাইরে থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। দেখতেই তো পাচ্ছেন, শিরোনামে চলে আসার সঙ্গে সঙ্গেই সুস্থ হয়ে তিনি আবার নিজ বাসভূম কারাগারে ফিরে গেছেন।

* বিষয়: এরশাদের ৫৮ দল নিয়ে মহাজোট গঠনের চিন্তা
খোঁড়া যুক্তি: এটা নিয়ে হাসাহাসি করার কী আছে? ৫৮ দল যে দেশ থেকেই নেওয়া হবে বা নেওয়া উচিত, এমনটা তো কোথাও বলা নেই। এরশাদ সাহেব অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন। দেশীয় দলের সঙ্গে আইপিএল, বিগ ব্যাশ, কাউন্টি ক্রিকেটের দলগুলো অন্তর্ভুক্ত করলে সহজেই ৫৮ দল হয়ে যায়।

* বিষয়: ফেসবুক ব্যবহারে ঢাকা শহর বিশ্বে দ্বিতীয়
খোঁড়া যুক্তি: গ্রামগঞ্জে ইন্টারনেট অপ্রতুল। তাই সবাই ভালোভাবে ফেসবুক চালানোর জন্য ঢাকায় চলে আসে। এ কারণেই ঢাকা শহরে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেশি।

* বিষয়: এক বছরে দেশ থেকে ৭২ হাজার কোটি টাকা পাচার
খোঁড়া যুক্তি: এটাকে পাচার বলা হয় কীভাবে? যে ঘটনা কেউ দেখেনি, জানে না, সেটাকেই বলা হয় পাচার। কিন্তু এই টাকা দেশ থেকে বের হওয়ার সময় কেউ না কেউ জেনেছে, কেউ না কেউ দেখেছে। সুতরাং এটাকে পাচার বলা যায় না, বরং অর্থভ্রমণ বলা উচিত।

* বিষয়: দুর্নীতিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়
খোঁড়া যুক্তি: একটা ছাত্রও তো বছরের পর বছর প্রথম স্থান ধরে রাখতে পারে না। বাংলাদেশ সেখানে কীভাবে পারে? এগুলো সব ভুয়া রিপোর্ট।

* বিষয়: মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা
খোঁড়া যুক্তি: আসলে এই নিষেধাজ্ঞা দিয়েছিলেন মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজ। পরে ফিফা অনুসন্ধান করে দেখেছে, এটা আসলে তাদের দেওয়া নিষেধাজ্ঞা নয়, তাই তারা সেটা তুলে নিয়েছে।

* বিষয়: হাওরে বাঁধ ভেঙে হাজার হাজার কৃষকের ফসল নষ্ট
খোঁড়া যুক্তি: পৃথিবীর ৭১ শতাংশ জল আর ২৯ শতাংশ স্থল। এত পানি হওয়ার কারণে উপচে পড়ে স্থলের দিকে যাওয়াই স্বাভাবিক। এ ক্ষেত্রে সেটাই হয়েছে। বাঁধ ভাঙার ব্যাপারটা মিডিয়ার আপন হাতের সৃষ্টি।