খোকা ও ডেমোক্রেসি
ডেমোক্রেসি! ডেমোক্রেসি! চেহারা দেখিয়ে যাও!
ইটপাটকেল দাও! বোম-ককটেল দাও! বাঁশের লাঠি! তাও!
টিয়ার শেল আর বুলেট-দানা! হাউ!
তুমি তো চাও পটকা ফুটুক,
দু-একটা লাশ সেথায় জুটুক!
বাস-গাড়ি-ট্রাক কতকগুলো,
পুড়িয়ে করো গরম চুলো!
তবে যে ভারি ব্যাজ সেঁটিয়ে নীতির গীতি গাও?
এত্তগুলো পচা তুমি! আড়ি দিলাম! যাও!
ডেমোক্রেসি! ডেমন, ক্রেজি! মারব ছুড়ে ঢিল?
দেখবি শুরু? ডাকব গুরু? দেবে ড্রোনের সিল!
শান্তি দিবি? যা তুই ওঁচা!
তাই তো মুখে শ্মশ্রু খোঁচা!
খাচ্ছ মানুষ গাপুসগুপুস,
গন্ডগোলে হাপুসহুপুস!
পেটে তোমার টিউমার হবে! ব্রণ-মেছতা মুখে!
পেরিপ্ল্যানেটা আমেরিকানা যাস পেটে ওর ঢুকে!
প্লিজ খেয়ো না মস্ত শহর এই যে ‘ঢাকা’টাও!
আমরা শুধু শান্তি যে চাই! শান্তি মোদের দাও!
ডেমোক্রেসি! তুমি আমার বন্ধু হবে? খেলার সাথি? হুঁ!
হোঁৎকা মামা? তবে একটু শান্তি দাও না! উঃ!
হায়রে! তুমি তুলছ ফটো?
মডেল হবার আছে ঘটও!
আর দিয়ো না অশান্তি তবে,
বুলেট-বোমাও ছাড়তে হবে!
দাঁত কেলিয়ে দিচ্ছ যে ছুট? ও মা, দেখে যাও!
ডেমোক্রেসি! তুমি মরো! আমাদের বাঁচতে দাও!
[কাজী নজরুল ইসলামের
‘খুকী ও কাঠেবরালি’ কবিতা অবলম্বনে]