১১ মার্চ দুপুরে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে জাপানে। প্রাণ হারায় হাজারো মানুষ। সুনামির বিশাল ঢেউয়ে ভেসে যাওয়া মানুষের ভেতরে ছিল চার মাস বয়সী এক শিশু। সুনামির তিন দিন পর উদ্ধার করা হয় তাকে। শুনুন বিস্তারিততখন দুপুর। ব্যস্ত জাপানের ইশিনোমাকি গ্রামের লোকজন। সমুদ্রতীরবর্তী এ গ্রামটিতে লোকসংখ্যা দেড় লাখের কিছু বেশি। ইশিনোমাকি গ্রামের এসব মানুষের জীবনকে নিয়ে এগিয়ে যাচ্ছিল সময়। কিন্তু ঘড়ির কাঁটা দুইটা বেজে ৫০ মিনিটের দিকে আসতেই থমকে গেল সব। কেঁপে উঠল ইশিনোমাকি গ্রামের মাটি। চৌচির হলো পথঘাট, বাড়ি, বিদ্যালয়, দোকানপাট। কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারাল কত মানুষ! সমুদ্র থেকে ধেয়ে এল দৈত্যের মতো বিশাল আকৃতির ভয়ংকর সব ঢেউ। তাণ্ডবলীলা যখন শেষ হলো, তখন মানুষের আর্তচিৎকার আর আহাজারিতে ভরে গেল ইশিনোমাকির আকাশ। বেঁচে যাওয়া মানুষগুলো এ ধ্বংসযজ্ঞের পর চিনতে পারছিল না বদলে যাওয়া নিজেদের গ্রামটিকে। হুঁশ ফিরতেই সবাই খোঁজা শুরু করল কাছের মানুষদের। প্রথম দিকে জানা যায়, নিহত হয়েছে এক হাজার ৮০০ মানুষ। উদ্ধারকর্মীরা কাজে নেমে দেখতে পান, মৃতের সংখ্যা অনেক বেশি। সুনামি আর ভূমিকম্পের থাবায় লন্ডভন্ড হয়ে যাওয়া জায়গাগুলোর একটি ইশিনোমাকি গ্রাম। এখানকার একটি বাড়িও আস্ত নেই আর। নেই বিদ্যুৎ ও পানির সরবরাহ। পথের ওপর পাশাপাশি ঠাঁই নিয়েছে নৌকা, বিমান ও গাড়ি। কাদামাখা পানিতে ঢেকে আছে চারপাশ। যত্রতত্র পড়ে আছে মৃতদেহ। উদ্ধারকর্মীরা অসহায় মানুষদের নিয়ে যাচ্ছিলেন নিরাপদ আশ্রয়ে। মৃতদেহগুলোর পরিচয় বের করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল পরিবারের কাছে। বেশির ভাগেরই কোনো হদিস পাওয়া যায়নি। ত্রাণকর্মীরা খাবার আর পানি দিয়ে সাহায্য করছিলেন নিজেদের সাধ্যমতো। একের পর এক হেলিকপ্টার উড়ে যাচ্ছিল ইশিনোমাকির আকাশে। বাড়ির ছাদ, গাছের ডালে আটকে পড়া মানুষ চেষ্টা করছিল, তাদের দৃষ্টি আকর্ষণ করার। বেঁচে থাকার জন্য মানুষের সে কী করুণ আকুতি! ইশিনোমাকির বিদ্যালয়ের মাঠে বড় করে লেখা হয়েছে ‘সাহায্য চাই’। আকাশপথে হেলিকপ্টারে ত্রাণের জন্য আসা মানুষদের চোখে পড়ার জন্যই এমন ব্যবস্থা। বিদ্যালয়টিতে উদ্ধারকর্মীরা যাওয়ার পর বেঁচে গিয়েছিল অনেক অসহায় মানুষ। যেসব মৃতদেহ পাওয়া গিয়েছিল বিদ্যালয়ের চারপাশে, এর বেশির ভাগই ছিল বৃদ্ধদের। উদ্ধারকর্মীরা কাজ করতে করতে হঠাৎ শুনতে পান এক শিশুর কান্না। জঞ্জাল সরিয়ে শব্দের কাছাকাছি গিয়ে দেখা যায়, ভেজা কাপড়ে ঢাকা চার মাসের এক শিশু। ঢেউয়ের তোড়ে ভেসে এসেছে সে। ভয়ংকর সুনামিও রেখে যেতে পারেনি তার শরীরে কোনো আঘাতের চিহ্ন।দিনভর আশ্রয়কেন্দ্রে চলতে থাকে মানুষের বিলাপ। প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর তারা। সুনামি আঘাত হানার পর চার মাস বয়সী শিশুকন্যাকে হারিয়ে কাঁদছিলেন এক বাবা। ঢেউয়ের সঙ্গে লড়াই করার সময় জল নিয়ে নিয়েছে তাঁর বাচ্চাকে। কোলের ভেতর প্রাণপণে আঁকড়ে ধরে রেখেছিলেন নিজের সন্তানকে। লাভ হয়নি। হার মানতে হয়েছে সুনামির কাছে। ভূমিকম্পের পর গ্রাম থেকে প্রায় পাঁচ মাইল দূরে আশ্রয় নিয়েছে পরিবারটি। কাছের মানুষ সবাইকে খুঁজে পেলেও, খোঁজ পাওয়া যায়নি শিশুটির। তিন দিন পার হওয়ার পর সব আশা ছেড়ে দিলেন শিশুটির বাবা। এই নিরাশার ভেতরই এক ত্রাণকর্মী জানান, খুঁজে পাওয়া গেছে চার মাস বয়সী এক শিশুকে। খবর পেয়ে হারানো কন্যাশিশুর খোঁজে ছুটে যান উদ্ধারকর্মীদের কাছে। গিয়ে দেখতে পান তাঁর কন্যা আছে বহাল তবিয়তে। ‘আমি ভেবেছিলাম ১১ মার্চই আমার জীবনের শেষ দিন। কিন্তু বেঁচে গিয়েছি আমি। ভাগ্যের জোরে সুনামির তিন দিন পর খুঁজে পেয়েছি নিজের মেয়েকে। সত্যিই ভাগ্যবান আমি।’ মেয়েকে ফিরে পেয়ে আনন্দে কথাগুলো বলছিলেন বাবা। ফিরে পাওয়া সন্তানকে কোলে নিয়ে ইশিনোমাকির কাদামাখা পথ ধরে ছুটছিলেন তিনি। পত্রপত্রিকা আর টেলিভিশনের কল্যাণে চার মাস বয়সী এ মেয়েটির মুখ এখন সবার পরিচিত। কিঙ্কর আহ্সান সূত্র: ওয়েবসাইট