খোকাবাবুর বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোকাবাবুটার চোখে করুণ কৌতূহল। সে তাকিয়ে আছে সিধে, একদম আমাদেরই দিকে। আর আমরা নিশ্চিত জানি, এই অবোধ শিশুটি যুদ্ধ, হানাহানি বা সংঘাত বোঝে না। জানে না সীমান্ত এলাকা কিংবা কাঁটাতারের বেড়া কাকে বলে। কিন্তু এই পৃথিবী সত্যিই বিচিত্র। থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে দুই পক্ষের সেনাদের গোলাগুলি অভিশাপ হয়ে নেমে এসেছে শিশুটির জীবনে। থাইল্যান্ডের সুরিন প্রদেশে আশ্রয় নেওয়া এই শিশুটি এবং তার মতো আরও অনেকের পরিচয় এখন শুধুই ‘শরণার্থী।’ (সূত্র: প্রথম আলো, ২৫ এপ্রিল, ২০১১)খোকার হাতে খাবারের বাটি। হাতে কাঁটাচামচ। আশপাশে ইতস্তত ছড়ানো ঝাড়ু-চপ্পল। সব মিলিয়ে ছবিটির মাঝে কোথায় যেন একটা গোপন বেদনা লুকিয়ে আছে। ঘরহারা মানুষের বেদনা। যে বেদনার ছবি আসলে পৃথিবীর সব জায়গায় মোটামুটি একই। বাংলাদেশের সিডর-ঝড়ে সব হারানো মানুষের মুখ কিংবা নদীভাঙনে বাস্তুহারা মানুষের সঙ্গে এই শিশুটির মুখচ্ছবির কোথায় যেন খুব মিল।সেই কবে কবি সুকান্ত লিখে গিয়েছিলেন—এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি...। আমরা আমাদের ধরণীকে এখনো সব শিশুর জন্য সমানভাবে বাসযোগ্য করে তুলতে পারিনি। থাই সীমান্তের এই শরণার্থী শিশুর করুণ-কাতর চাহনি আমাদের সে কথাই মনে করিয়ে দেয় আরেকবার। —ই. হো. চৌ