
রাস্তার দুই পাশে পাহাড়। সবুজ গাছগাছালি। মাথার ওপর খোলা আকাশ। টাইগারপাস মোড়ের এই দৃশ্য এখন নগরবাসীর কাছে বিস্ময়! কদিন আগেও অবস্থা ছিল ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’। যেদিকে চোখ যেত শুধু বিলবোর্ড, সাইনবোর্ড আর বিজ্ঞাপনের ব্যানার-ফেস্টুন। পাহাড়ে, মোড়ে, সড়ক বিভাজকে এমনকি বাঘের ভাস্কর্য পর্যন্ত ঢেকে গিয়েছিল বিজ্ঞাপনে। আর এখন সরে গেছে সব জঞ্জাল।
২৮ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, লালখান বাজার থেকে টাইগারপাস হয়ে দেওয়ান হাট মোড় পর্যন্ত কোনো বিলবোর্ড নেই।
টাইগারপাসের রেলওয়ের কলোনির বাসিন্দা আবদুল্লাহ আল মাসুম প্রথম আলোকে বলেন, ‘টাইগারপাস মোড়টি এক সময় বিলবোর্ডে বন্দী হয়ে গিয়েছিল। এখন আর এই যন্ত্রণা নেই। বিলবোর্ড অপসারণে পাহাড়গুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। সামনে তাকালেই সবুজ প্রকৃতি আর মুক্ত আকাশের দেখা মেলে।’
নগরের বিলবোর্ড উচ্ছেদের অংশ হিসেবে মুক্ত হয়েছে টাইগারপাস মোড়ও। এ ছাড়া জিইসি, কাজীর দেউড়ি, আগ্রাবাদ, বিমানবন্দর সড়ক, নিউমার্কেট, দুই নম্বর গেট, অক্সিজেন, বহদ্দারহাট, প্রবর্তকসহ গুরুত্বপূর্ণ সব মোড় থেকে উচ্ছেদ করা হয়েছে বিলবোর্ড। সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা যায়।
বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ও নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ প্রথম আলোকে বলেন, ‘বিলবোর্ড উচ্ছেদের কারণে নগরের চেহারা বদলে গেছে। এটি ধরে রাখতে পারলে চট্টগ্রাম নান্দনিক ও দৃষ্টিনন্দন শহরে পরিণত হবে।’
১৪ জানুয়ারি রাতে নগরের সব ধরনের বিলবোর্ড অপসারণে ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশন। ২৮ জানুয়ারি পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে ছোট-বড় ১ হাজার ২৩১টি বিলবোর্ড। এ জন্য যত দিন লাগে তত দিন অভিযান চলবে বলে জানান সিটি করপোরেশনের কর্মকর্তারা। সিটি করপোরেশনের হিসাবে, নগরে বিলবোর্ড রয়েছে ছয় হাজারের বেশি। সব বিলবোর্ডই পর্যায়ক্রমে অপসারণ করা হবে। এ জন্য ২০১৫-১৬ অর্থবছরে নতুন কোনো বিলবোর্ডের অনুমোদন দেওয়া হয়নি। এ ছাড়া পুরোনো বিলবোর্ডের রাজস্বও আদায় বন্ধ রাখা হয়েছে।

সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, গ্রিন ও ক্লিন সিটির ভিশন বাস্তবায়নের লক্ষ্যে নগরের অবৈধ বিলবোর্ড ও স্থাপনা উচ্ছেদে ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়েছে। এর মাধ্যমে নগরের বিদ্যমান সব অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হচ্ছে। সবুজায়নের মাধ্যমে নগরকে নান্দনিকতাভাবে সাজিয়ে দেশ ও বিদেশের কাছে উপস্থাপন করা হবে।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, টানা অভিযানে একের পর এক এলাকা বিলবোর্ডের জঞ্জাল থেকে মুক্ত হয়েছে। পুরোনো সৌন্দর্য ফিরে পেয়েছে নগর।
জিইসি মোড়ের ও আর নিজাম রোড আবাসিক এলাকার বাসিন্দা মামুনুল ইসলাম প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগেও জিইসি মোড়ের চারপাশে ছিল বিশাল সব বিলবোর্ড। রাস্তার ধারে, ফুটপাতে-কোথায় ছিল না এই উৎপাত। মোড়ের চারপাশে প্রত্যেক জায়গায় দাঁড়িয়ে ছিল বিজ্ঞাপন ভর্তি খুঁটিগুলো। এখন অনেক প্রশান্তি।
সিটি করপোরেশন সূত্র জানায়, এই অভিযানে সহযোগিতা দিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন, নগর পুলিশ, র্যাবসহ বিভিন্ন সেবা সংস্থা। অভিযানের শুরুতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় চারটি দল বিলবোর্ড অপসারণে কাজ শুরু করে। অভিযানের সপ্তাহ পার হতেই যুক্ত করা হয় আরও দুটি দল। প্রতি রাতেই চলছে বিলবোর্ড উচ্ছেদের কাজ। এই অভিযানের সমন্বয়ক হিসেবে কাজ করছেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। সিটি করপোরেশনের ইতিহাসে এই ব্যাপক আকারের অভিযান আর কখনো হয়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ইতিমধ্যে দেড় হাজারের বেশি বিলবোর্ড অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোও উচ্ছেদ করা হবে।
অভিযান প্রসঙ্গে চিটাগং আউটডোর বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘পৃথিবীর সকল উন্নত নগরে বিলবোর্ড রয়েছে। অবৈধ বিলবোর্ডে নগরের সৌন্দর্য ঢাকা পড়ুক-তা আমরাও চাই না। কিন্তু সব বিলবোর্ড সমূলে উৎপাটন করে একটি ব্যবসাকে এভাবে গুটিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়।’
প্রসঙ্গত, এর আগে একাধিকবার বিলবোর্ড উচ্ছেদে উদ্যোগ নিয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশন ও নগর পুলিশ। কিন্তু প্রতিবারই মাঝপথে থেমে যায় এসব অভিযান। সর্বশেষ গত বছরের জুনের শুরু থেকে মধ্য জুলাই পর্যন্ত নগরের অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করেছিল সিটি করপোরেশন। ওই সময় ছোট-বড় ১৮৩টি বিলবোর্ড অপসারণ করা হয়। প্রায় ছয় মাস পর চলতি মাসে আবার অভিযান শুরু করেছে সিটি করপোরেশন।