খোলা আকাশের নিচে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলা আকাশের নিচে পলিথিন বিছিয়ে পড়ছে একদল শিশু। প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত। ঘেমে-নেয়ে একাকার। পাঠদানরত শিক্ষকেরও ত্রাহি অবস্থা। বিদ্যালয়ঘর না থাকায় এমন কষ্টে পড়ালেখা চলছে কক্সবাজারের রামুর গর্জনিয়ার কোনারপাড়া শিখন বিদ্যালয়ে। গত ২৫ মার্চ ঝড়ে বেড়া আর টিনের চালার ঘরটি ভেঙে যাওয়ার পর এই হাল।

জানা যায়, ২০১২ সালের নভেম্বর মাসে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক (কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার)। শিশুদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানোর জন্য একজন শিক্ষকও নিয়োগ দিয়েছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৩০ জন। আশপাশের গ্রামের ছিন্নমূল শিশুরাই এখানকার শিক্ষার্থী।

গত ২৩ এপ্রিল দুপুরে সরেজমিনে দেখা গেছে, প্রখর রোদে শিশুদের খোলা মাঠে বসিয়ে পড়ানো হচ্ছে। এ সময় গরমে হাঁসফাঁস অবস্থা তাদের। এ সময় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ইয়াসমিন (৬) বলে, গরমে গা পুড়ে যাচ্ছে। ঠিকমতো পড়তে পারি না।

বিদ্যালয়ের শিক্ষক আকলিমা আক্তার বলেন, কোডেক শিক্ষার্থীদের বই, খাতা, কলম, পেনসিলসহ যাবতীয় শিক্ষাসামগ্রী বিনা মূল্যে সরবরাহ করে। কিন্তু বিদ্যালয়ঘরটি পরিচালনা কমিটিকে তৈরি করে দিতে হয়। কমিটির সদস্যরা গরিব বলে নতুন ঘর তৈরি করা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে শিশুদের খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে।

অভিভাবক সালাহ উদ্দিন বলেন, প্রচণ্ড গরমের মধ্যে শিশুরা মাঠে বসে লেখাপড়া করলেও বর্ষায় তো সম্ভব হবে না। তখন ৩০ শিশুর লেখাপড়া বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত বিদ্যালয়ঘরটি তৈরি করা দরকার। এলাকার মানুষ গরিব ও শ্রমজীবী হওয়ায় এটি তৈরি সম্ভব হচ্ছে না।

কোডেকের রামু প্রকল্প বাস্তবায়ন (পিসি) কর্মকর্তা রতন চক্রবর্তী জানান, কোডেক ঝরে পড়া ছিন্নমূল শিশুদের শিক্ষাসামগ্রী বিনা মূল্যে সরবরাহ দেয়। কিন্তু বিদ্যালয়ঘর তৈরি করে দেয় না। তবে এ ক্ষেত্রে ঊর্ধ্বতন মহলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ বলেন, কোডেক পরিচালিত শিখন বিদ্যালয়গুলো আমাদের আওতার বাইরে। তাই এ ব্যাপারে কিছুই করা যাচ্ছে না।