মহেশখালীর তিন ইউনিয়নের ২২ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে ২২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৩০০ ঘরবাড়ি সম্পূর্ণ এবং ৬০০ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৪ হাজার একরের চিংড়িঘের ও ৮০ একর আমনখেত ডুবেছে। কাঁচা সড়ক নষ্ট হয়েছে ১০ কিলোমিটার। জোয়ারের পানি এখনো উঠানামা করায় প্রায় ৪০ হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিনযাপন করছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে প্রায় ছয় শতাধিক পরিবার। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ৪০০ পরিবার এখনো অবস্থান করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, ৭-৯ অক্টোবর জোয়ারের পানির স্রোতে উপজেলার মাতারবাড়ি, ধলঘাটা ও শাপলাপুর ইউনিয়নের প্রায় ২২ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ২২টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, ধলঘাটা ও মাতারবাড়ি ইউনিয়নের প্রায় ৪০০ পরিবার স্থানীয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। স্থানীয় লোকজন জানান, সংশ্লিষ্ট গ্রামগুলোতে পানীয়জলের তীব্র সংকট দেখা দিয়েছে। ধলঘাটা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রথম আলোকে জানান, এলাকায় লোনা পানি ঢুকে পড়ায় পানীয়জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা করছেন তিনি। মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ জানান, রাজঘাট, রাঙাখালী, হন্দার বিল এলাকায় বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তিন শতাধিক বসতবাড়ি নষ্ট হয়েছে। জোয়ারের পানি ঠেকানোর জন্য ৮ অক্টোবর রাজঘাট এলাকায় ২০ জন শ্রমিক দিয়ে কাজ করানো হয়েছে। তবে স্থায়ী বাঁধ না হলে জোয়ারের পানি ঠেকানো যাবে না। এলাকায় পানিসংকটের কথা স্বীকার করে উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘ধলঘাটা এলাকায় পানিসংকট নিরসন করতে আরও ২০০ নলকূপ স্থাপন করা দরকার। কিন্তু বরাদ্দ না থাকায় তা করা যাচ্ছে না।’ কক্সবাজারের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান খান বলেন, ভেঙে যাওয়া বাঁধ জরুরিভিত্তিতে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রায় তিন কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই ভাঙা বাঁধগুলো সংস্কার করা হবে।