খোলা চিঠি
না না, একটুও অবাক হোস না। একি! গায়ে চিমটি দিচ্ছিস কেন? এখনো বুঝি তোর বিশ্বাস হচ্ছে না যে তোর ছোট্টবেলার বান্ধবী ঐশী তোকে চিঠি লিখছে? আমি কিন্তু রাগ করব! কেন, কী ভেবেছিস আমাকে? ভেবেছিস খালি তুই-ই আমাকে মনে রেখেছিস। আমি তোকে রাখিনি? পচা মেয়ে! এমনটা তুই ভাবলি কী করে, বল তো? আমার ছোট্টবেলার প্রাণের বন্ধু মণি মুক্তা চন্দনের মণিকে কি আমি ভুলতে পারি?আচ্ছা তোর কি মনে আছে, জাহাজ বিল্ডিংয়ের আইডিয়াল গ্রামার স্কুলে যখন আমরা পড়তাম, তখন তারিন নামে একটি মেয়ে পাশের ক্লাসে পড়ত। ওর সঙ্গে আমাদের কী ভয়ংকর ঝগড়া ছিল! ও বলল, তোর আর আমার পেটে নাকি জিলাপির প্যাঁচ! তুই কি জানিস, ও এখন আমার প্রাণের বন্ধু। ও আর আমি এখন এক স্কুলেই পড়ি! কি, অবাক হচ্ছিস নাকি? আরে বিশ্বাস কর, ও এখন খুব ভালো হয়ে গেছে।আরে তোকে তো বলাই হয়নি, জাহাজ বিল্ডিংয়ের আইডিয়াল গ্রামার স্কুল এখন আল ফুরকান নামের এক প্রজেক্টে চলে গেছে। হেঁটে না দৌড়ে কে জানে? হা-হা হাসছিস যে বড়? তোর ওপর কিন্তু আমি অনেক রাগ করেছি। কেন জানিস? দাঁড়া বলছি, একটু পরে।আচ্ছা তোর কি মনে আছে, তুই এক ঈদে আমাদের রামপুরার বাসায় এসে আমার চশমা নিতে চেয়েছিলি। অনেক পাওয়ারফুল ছিল বলে তোকে দিইনি। তাই তুই রাগ করেছিলি। তোর রাগ কি ভেঙেছে মণি?তুই কি জানিস রামপুরা ছেড়ে শাজাহানপুরে চলে আসার পরও আমি একদিন তোদের পুরোনো বাসায় গিয়েছিলাম? একবুক আশা নিয়ে গিয়েছিলাম। তোকে একটু দেখার স্বপ্নে বিভোর। আমি যখন জানতে পারি যে তোরা ঢাকা থেকে চলে গেছিস! তখন কি যে রাগ লাগছিল। আর তোদের ওপরতলার ওই পাজি মহিলা, তোরা কোথায় গেছিস, কোনো ঠিকানাই দিতে পারেনি। এই ছোট্ট জীবনে তুই আমাকে সবচেয়ে বড় কষ্ট দিয়েছিস মণি? এবার বল, তোর ওপর রাগ করব না? আমার রাগ তখনই ভাঙবে, যখন তুই এই খোলা চিঠির উত্তর দিবি।কবে আমার রাগ ভাঙাবি, মণি?জান্নাত আরা রহমান