খোলা চিঠি তোমাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানি, ভীষণ রাগ করেছ। এ কাজটা আমি তোমাকে না জানিয়েই করেছি। সোজা কপোতাক্ষ ট্রেন ধরে মাত্র ৭০ টাকা খরচ করে রাজশাহী থেকে চলে এসেছি আলমডাঙ্গা। তুমি হয়তো ভেবেছিলে, আমি মডার্ন কিংবা হানিফ গাড়িতে উঠে ছয় ঘণ্টা ৪৫ মিনিটের জার্নি শেষ করে ঢাকায় তোমার দুয়ারে পৌঁছাব। কিন্তু পারলাম না। নাড়ির টান আমাকে শেষ পর্যন্ত নিয়ে এল এই অজপাড়াগাঁয়ে। আমাকে দেখে বুড়ো-বুড়ি (দাদা-দাদি) দুজনের চোখ কী যে ছলছল করছিল, তা যদি তুমি দেখতে একবার! কী ব্যস্তই না হয়ে পড়েছেন তাঁরা দুজন আমাকে নিয়ে! সকাল-দুপুর আমাকে এবাড়ি-সেবাড়ি ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন। এখানে শহরের নিত্যনতুন খাবার হটডগ, পিৎজা, কাটলেট, চিকেন রোল না পাওয়া গেলেও প্রতি সন্ধ্যায় নারকেলের নাড়ু, চিঁড়া ভাজা, গরুর খাঁটি দুধ, বিভিন্ন পিঠার কোনো কমতি নেই। দুপুরবেলা ছোট চিংড়ি আর কুমড়োর বড়ি দিয়ে লাউঘন্ট, পুঁটিমাছ ভাজি অথবা পুকুরের রুই মাছের ঝোল দিয়ে প্লেট দুয়েক ভাত সাবাড় করে দিই। জানো, এবার আর বেলুদাদুর তেঁতুলগাছ থেকে তেঁতুল চুরি করতে পারিনি। আমাকে দেখে বৃদ্ধা এত খুশি হলেন যে নিজেই তেঁতুল পেড়ে দিলেন। মজা হলো না একটুও। শেষে আমাদের বাড়ির কামরাঙাগাছ থেকে দুটো কামরাঙা চুরি করে খেয়ে আশ মিটিয়েছি। রাতে ছাদে শুয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। রাত তিন-চারটার সময় তুমি কত কান ধরে নামাতে আমায় ছাদ থেকে। আর বলতে, ‘বাঁদর মেয়ে, ওই বাঁশঝাড়ে ভূত আছে।’ এই বাড়ির ছয়টা ঘর খাঁখাঁ করছে। চুন খসে গেছে। ছাদ নড়বড়ে। অথচ কী জমজমাটই না ছিল বাড়িটা! বাবা-কাকারা শহরকেন্দ্রিক হয়ে গেছেন কবেই। আর ১০ বছর পর হয়তো কেউ আসবেনই না এই ভিটেয়। রাত অনেক হয়ে গেল। কাল ভোর ছয়টা ৫০ মিনিটে আমার ট্রেন। লক্ষ্মী মা, আমার সোনা মেয়ে, রাগ কোরো না তুমি। আগামী বছরের গরমের ছুটির পুরোটাই আমি তোমার সঙ্গে কাটাব। শেখ কানিজ ফাতেমারাজশাহী বিশ্ববিদ্যালয়।