খোলা জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

‘এক্সকিউজ মি, ওই সিটটা মনে হয় আমার। একটু সাইড দেবেন? আমি বসব।’
একনাগাড়ে কথাগুলো বলে গেল। আমি চেয়ে রইলাম। বুঝতে পারছিলাম না কী করব। মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। বড় বড় চোখে। আমি বুঝতে পারছি। তবে বুঝতে পারছি না। আমি নিশ্চিত যে আমি আমার সিটেই বসে আছি। ট্রেনে ওঠার আগে বগি নম্বর ভালো করে দেখে উঠেছি। তারপর পকেট থেকে টিকিট বের করে বার কয়েক দেখে তারপরই না বসলাম। তা ছাড়া, টিকিট কাটার সময় কাউন্টার থেকে জানালার পাশের সিটটা আমি চেয়ে নিয়েছি। আর এখন এ মেয়ে বলে কিনা, এই সিটটা নাকি তার।
‘আপনি শুনতে পাচ্ছেন না? আমি বসব।’
মনে মনে ইচ্ছে করছে বলি, ‘বসেন, আপনাকে বসতে মানা করেছে কে, শুধু শুধু আমাকে যন্ত্রণা করছেন কেন?’ কিন্তু বলতে পারিনি। এমনি আমি একটু বোকাসোকা তার ওপর একটা মেয়ে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছে। মুখের ওপর যে কিছু একটা বলব সেই সাহস হলো না। চেয়ে রইলাম।
‘আপনি কি কালা নাকি? শুনতে পাচ্ছেন না?’
এতক্ষণে আমার হুঁশ এল। ‘জি।’
‘ওটা আমার সিট, জানালার পাশের সিটটা আমার। আপনি না সরলে আমি বসব কীভাবে? একটু সাইড দিন।’
কিছু না বলেই আমি বের হয়ে তাকে বসতে দিলাম। সে একটু বিরক্তি মুখে নিয়ে বসল। তাকে দেখে মনে হচ্ছিল পৃথিবীর সব বিরক্তি তার মুখের ওপর আছড়ে পড়েছে। বসার সঙ্গে সঙ্গে সে তার চারপাশটা ভালোভাবে দেখে নিল। আমি দাঁড়িয়ে আছি। একবার মুখ তুলে তাকাল। তারপর আবার জানালার দিকে এমনভাবে তাকাল, মনে হলো দুনিয়ার সব মানুষের ওপর থেকে সে মুখ তুলে নিয়েছে।
ইচ্ছা না থাকা সত্ত্বেও বসলাম। খুব সাবধানে পাশে বসে পকেট থেকে টিকিটটা বের করে দেখি, আমিই তো ঠিক। তবু তার সঙ্গে তর্কে জড়ালাম না। থাক না।
সে খুব আয়েশি ভঙ্গিতে বসে আছে। আমি নিজেকে গুটিয়ে নিয়ে জড়সড় হয়ে বসে রইলাম। বাইরে তাকিয়ে দেখছি। সেও জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। এরই মধ্যে খানিক তন্দ্রা আমাকে আচ্ছন্ন করে ফেলল। জাগতিক সমস্ত শৃঙ্খল থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যেতে থাকলাম। পরক্ষণেই কিসের একটা শব্দে তন্দ্রা ছুটি নিল। তাকিয়ে দেখি, তার ব্যাগ খুলছে। ব্যাগ খুলে কী ভেবে যেন টিকিটটা বের করে ট্রেনের দেয়ালের দিকে তাকিয়ে আবার টিকিটটা দেখল। এভাবে সে বেশ কয়েকবার দেখে মাথা নিচু করে, মনে হচ্ছিল খানিক লজ্জিত।
‘আসলে আমি ভীষণ দুঃখিত। আমি বুঝতে পারিনি। আপনি চাইলে এখানে বসতে পারেন।’
আমি এবারও নিশ্চুপ। কিছুই হয়নি ভেবে আমি তাকে ইশারায় আশ্বস্ত করলাম। কিন্তু সে যে লজ্জিত হলো, তার পরবর্তী কথাগুলোতে বারবার বোঝাতে চাইল। আমি শুধু নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে দেখলাম আর মুগ্ধ হলাম। সত্যি বলতে তার আচরণ, কথা আমাকে অভিভূত করল।
মো. মফিজুল হক, মতিঝিল, ঢাকা।