খোলা জায়গায় আড্ডা আর খাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রাবণ মাস। বর্ষাকাল। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পর থেকে রাস্তাঘাট প্রায় ফাঁকা। নিমেষেই ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর রোডের পশ্চিম পাশে পৌঁছে গেলাম। ঘড়ির কাঁটা রাত নয়টা ছুঁইছুঁই। গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই মনে হলো বার-বি-কিউ টুনাইটে খাওয়ার আয়োজনটা জমজমাট করার জন্যই এত ঘটা করে বৃষ্টি নেমেছে। রেস্তোরাঁর আঙিনায় বড় বড় বাহারি গাছের সমাহার। গাছের নিচে চেয়ার-টেবিল সাজানো। কান পাতলেই গাছের পাতায় বৃষ্টি পড়ার শব্দ শোনা যাচ্ছে। এর মধ্যেই চলছে জমজমাট আড্ডা ও ভরপেট খানাপিনা। কেউ এসেছে বন্ধুদের সঙ্গে, কেউ বা পরিবারের সঙ্গে। বৃষ্টিতে ভিজে, বৃষ্টি উদ্যাপন করে প্রিয় মানুষটির সঙ্গে প্রিয় খাবার খাওয়ার দারুণ জায়গা এটি। ভালো লাগার সবচেয়ে বড় বিষয় হলো, খোলা আকাশের নিচেই খাবারের অয়োজন।বার-বি-কিউ টুনাইট ২০০১ সালের নভেম্বর মাসে শুরু হয়। এখানে মূলত বিদেশি, বিশেষ করে পাকিস্তানি খাবারের স্বাদ দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে বলে জানান বার-বি-কিউ টুনাইটের ব্যবস্থাপক সৈয়দ মাহমুদুল হাসান। তিনি বলেন, প্রথম দিকে চারজন পাকিস্তানি বাবুর্চি নিয়ে শুরু করা হয়েছিল। বার-বি-কিউ টুনাইটের আসল মজা হলো, এখানে এসে অর্ডার দেওয়ার পর খাবার তৈরি করা হয়। কীভাবে খাবার তৈরি করা হয় সেটা নিজের চোখে দেখে নেওয়ার সুযোগ আছে বার-বি-কিউ টুনাইটে। সৈয়দ মাহমুদুল হাসান বলেন, ‘বার-বি-কিউ টুনাইটে একসঙ্গে ২০০ জন খেতে পারে। বাইরে কোনো পার্টি হলে সেখানে গিয়ে বার-বি-কিউ তৈরি করে দেয় আমাদের বাবুর্চিরা।’ অনেকেই আছে যারা বার-বি-কিউ বানানো দেখতে চায়। তাদের সামনে তৈরি করে পরিবেশন করা হয় বার-বি-কিউ। বার-বি-কিউ টুনাইটে অতিরিক্ত মসলার ব্যবহার করা হয় না বললেই চলে।’ বার-কি-কিউ রেস্টুরেন্টের খাবারের মান ও দাম সবার হাতের নাগালেই রাখা হয়েছে। চিকেন আইটেম: চিকেন টিক্কা এক পিস ১২০ টাকা, চিকেন কান্দাহারি এক প্লেট ১১০ টাকা, চিকেন রেশমি কাবাব ফুল প্লেট ৫২৫ টাকা, হাফ প্লেট ২৮০ টাকা, চিকেন বটি কাবাব এক প্লেট ৯৫ টাকা, চিকেন লিভার বার-বি-কিউ এক প্লেট ৭৫ টাকা, চিকেন চারগা একটি মুরগি ৫৪০ টাকা, হাফ ৩০০ টাকা, রেশমি কাড়াই ফুল প্লেট ৫৯০ টাকা, হাফ ৩০০ টাকা, চিকেন কড়াই একটি মুরগি ৫২৫ টাকা, হাফ ২৯০ টাকা, চিকেন গ্রিন কড়াই একটি মুরগি ৫৩০ টাকা, হাফ ২৮০ টাকা, চিকেন টিক্কা কড়াই ফুল প্লেট ৫৩০ টাকা, হাফ ২৯০ টাকা। বিফ: বিফ শিক কাবাব ৯০ টাকা, বিফ বটি কাবাব ১১০ টাকা, আফগানি কাবাব ১১০ টাকা, খিরি কাবাব ১২০ টাকা, বিফ চাপলি কাবাব ১০০ টাকা, বিফ লাহোরি ৫৫০ টাকা।মাটন: মাটন বটি ১৩০ টাকা, মাটন গুরদা ১২০ টাকা, মাটন কড়াই ৫৯০ টাকা, মাটন চাপ ৫৯০ টাকা। মাটনের মধ্যে একটি জনপ্রিয় আইটেম হলো মাটন খাটাখাট। এই আইটেমের বিশেষত্ব হলো ক্রেতা অর্ডার দেওয়ার পর কড়াইয়ের মধ্যে খাটাখাট শব্দ করে তৈরি করা হয়। তৈরি করার সময় কড়াইয়ের খাটাখাট শব্দ শুনে বোঝা যায় স্পেশাল আইটেম তৈরি করা হচ্ছে।রুটি: পরোটা প্রতিটি ২০ টাকা, তন্দুর রুটি ২০ টাকা। বার-বি-কিউ টুনাইটে সবচেয়ে জনপ্রিয় রুটি হলো রুমালি রুটি, যার দাম প্রতিটি ২০ টাকা। এখানে ফালুদা এক গ্লাস ৯০ টাকা ও লাচ্ছি ৬০ টাকায় পাওয়া যায়। বার-বি-কিউ টুনাইটে লাচ্ছি ও ফালুদা তৈরি করার জন্য নিজেরা দই তৈরি করে। বার-বি-কিউ টুনাইটের স্পেশাল আইটেম হলো মাটন লেগ বার-বি-কিউ; দুই টুকরা ১৮০০ টাকা, হাঁস ভুনা ফুল প্লেট ৬০০ টাকা। কোনো ক্রেতা যদি এই খাবার খেতে চায় তবে এক দিন আগে অর্ডার দিতে হবে। শান্তিনগর থেকে নাজিয়া পরিবার নিয়ে এসেছেন বার-বি-কিউ টুনাইটে। তিনি বলেন, ‘শুরু থেকেই নিয়মিত এখানে খাই। বন্ধ পেলেই প্রিয় খাবারের স্বাদ নিতে ছুটে আসি এখানে। খাবারের মানের সঙ্গে সঙ্গে পরিবেশটাও অনেক ভালো লাগে। বিশেষ করে শীতের দিনে হালকা ঠান্ডার মধ্যে গরম খাবারের মজাই আলাদা।’ সপ্তাহের প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে বার-বি-কিউ টুনাইট। ছোট কোনো পার্টি করতে চাইলে আলাদা কোনো টাকা প্রদান করার দরকার হয় না। তবে আগে থেকে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। বার-বি-কিউ টুনাইটের প্রতিদিনের ক্রেতাদের অগ্রাধিকার দেওয়া হয়। তাই পুরো রেস্টুরেন্ট কখনো ভাড়া দেওয়া হয় না। সালাউদ্দিন আহমেদ চৌধুরীর হাতে এখন বার-বি-কিউ টুনাইটের পরিচালনার দায়িত্ব। দূরের লোকজনের কথা চিন্তা করে বনানী বা উত্তরায় বার-বি-কিউ টুনাইটের আরেকটি শাখা খোলার কথা চিন্তা করছে কর্তৃপক্ষ।