খোলা জায়গায় মামলার আলামত
কক্সবাজারের টেকনাফ থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলার আলামত রাখা হয়েছে খোলা জায়গায়। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে এসব আলামত নষ্ট হয়ে যাচ্ছে। অথচ এসব আলামতই মামলার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আদালতে উপস্থাপিত হয়ে থাকে।পুলিশ কর্মকর্তারা জানান, মাদকদ্রব্য, সারসহ বিভিন্ন চোরাচালানের পণ্য, সার পাচার, হত্যা-আত্মহত্যা ও দুর্ঘটনাসহ বিভিন্ন মামলার অভিযোগের সত্যতা প্রমাণের জন্য পুলিশকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ ও সংরক্ষণ করতে হয়। আদালতে মামলার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে এসব আলামত জরুরি। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর বিচারের জন্য এসব আলামত আদালতে পাঠানো হয়। অথচ এসব আলামত রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। এতে কোনো কোনো মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। টেকনাফ থানা প্রাঙ্গণে ঢুকতেই মূল ভবনের উত্তরে বিভিন্ন স্থানে ঝুলতে দেখা যায় মুখ বাঁধা ছোট ছোট কয়েক শ থলে। এসব থলের ভেতর রক্তমাখা কাপড়সহ বিভিন্ন ধরনের জব্দ ও উদ্ধার করা সামগ্রী রয়েছে। এ ছাড়া থানার আশপাশে মামলার আলামত হিসেবে রাখা হয়েছে মোটরগাড়ি, অটোরিকশা, মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহন। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব যানবাহনের গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রাংশই নষ্ট হয়ে গেছে। উঠে গেছে গাড়ির নিবন্ধন নম্বর। এতে মামলার সাক্ষ্যপ্রমাণের সময় গাড়িগুলো শনাক্ত করা মুশকিল হয়ে যাবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পুলিশ সূত্র জানায়, যেসব মামলার আলামত হিসেবে যানবাহনগুলো জব্দ বা আটক করা হয়েছিল, ওইসব মামলা এখনো শেষ হয়নি। কিন্তু নিবন্ধন নম্বর উঠে যাওয়ায় কোন মামলায় কোন গাড়ি আটক করা হয়েছিল, তা নিশ্চিত করতে সমস্যা হচ্ছে পুলিশের। যানবাহনগুলো যে মামলার আলামত হিসেবে আটক রাখা হয়েছে, তা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার। স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর বিচারের জন্য আদালতে আলামত পাঠানো হয়। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগ পর্যন্ত আলামতগুলো পুলিশের হেফাজতেই থাকে। এ কারণে মামলার আলামতগুলো সযত্নে রাখা প্রয়োজন। কিন্তু অধিকাংশ মালামাল যত্নে রাখা হলেও জায়গার অভাবে কিছু কিছু আলামত বাইরে রাখতে হচ্ছে।’ এ ব্যাপারে কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, মামলা যথাসম্ভব তাড়াতাড়ি নিষ্পত্তি হলে রায় পক্ষে পাওয়া সাপেক্ষে সংশ্লিষ্ট গাড়িগুলো সরকার নিলামে বেচে রাজস্ব পেতে পারে। অথবা মামলার রায় মালিকদের পক্ষে গেলে সংশ্লিষ্ট মালিককে গাড়ি ফিরিয়ে দিতে পারে। এতে ক্ষেত্র অনুযায়ী উভয়পক্ষ লাভবান হবে।