খোলা ট্রাকে বর্জ্য পরিবহন দুর্গন্ধে মানুষের দুর্ভোগ
আসকার দীঘি কাঁচাবাজারের পূর্বে ২০০-৩০০ গজের মধ্যে দুটি ডাস্টবিন। সকালে সড়কে পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা। এরই মধ্যে আসে সিটি করপোরেশনের বর্জ্য পরিবহনের গাড়ি। ঢাকনাবিহীন খোলা ট্রাকটি এলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তখন পাশ দিয়ে হাঁটাও দায়।অস্বাস্থ্যকর হয়ে পড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্জ্য পরিবহনব্যবস্থা। নগরের ৯০ ভাগ গৃহস্থালি ও শিল্প বর্জ্য পরিবহন করা হয় ঢাকনাবিহীন খোলা ট্রাকে। এসব গাড়ি সড়ক ধরে চলার সময় উৎকট দুর্গন্ধ, মশা-মাছি ও বায়ুবাহিত জীবাণু ছড়ায়। অন্যদিকে বর্জ্য সংগ্রহব্যবস্থাও ভালো নয়। কারণ ডাস্টবিনের বেশির ভাগই খোলা, এসব নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলে না কেউ, ফলে ছড়িয়ে ছিটিয়ে থাকে আশপাশে।সরেজমিন ঘুরে এলাকাবাসী ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।এ ব্যাপারে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অবশ্য ভিন্ন। তাঁদের কথা, বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নগরবাসীর। তাঁরা সঠিকভাবে প্যাকেটে করে বর্জ্য ফেললে এ সমস্যা হওয়ার কথা নয়। তবে বর্জ্য সংগ্রহ ও পরিবহনের সময় যাতে দুর্গন্ধ না হয় সে জন্য ঢাকনাযুক্ত গাড়ি কেনা হচ্ছে বলে জানা গেছে। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরে এক হাজার ৩০০ ডাস্টবিনের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে মাত্র ৭৫টি কনটেইনার ডাস্টবিন ছাড়া বাকিগুলো অস্বাস্থ্যকর খোলা ডাস্টবিন। কনটেইনার ডাস্টবিনগুলো পরিবহনের জন্য নয়টি কনটেইনারবাহী গাড়ি রয়েছে, বাকি এক হাজার ২২৫ ডাস্টবিনের বর্জ্য পরিবহন করা হয় ৭০টি ঢাকনাবিহীন খোলা ট্রাকে। ১০ ভাগ নির্মাণ-বর্জ্য ছাড়া বাকি ৯০ ভাগই দুর্গন্ধযুক্ত, দ্রুত পচনশীল গৃহস্থালি ও শিল্প বর্জ্য। ফলে বর্জ্যবাহী খোলা গাড়ি চলাচলের সময় দুর্গন্ধের কারণে দুর্ভোগে পড়েন নগরবাসী। কেবি আবদুস সাত্তার সড়কের স্থায়ী বাসিন্দা স্বপন চৌধুরী বলেন, ‘বর্জ্যবাহী গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়।’ বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, ডাস্টবিন থেকে বর্জ্য ট্রাকে তোলা হয় অস্বাস্থ্যকর পদ্ধতিতে। তখন ব্যবহার করা হয় না দুর্গন্ধ ও জীবাণুনাশক। ব্যবহার করা হয় না কোনো বেষ্টনী।গত সোমবার সকাল নয়টায় ডিসি সড়কের শিশু কবরস্থানসংলগ্ন ডাস্টবিনের বর্জ্য ট্রাকে তোলার সময় পাশের হক স্টোরের মালিক গুলজার হোছাইন বলেন, ‘দুর্গন্ধ ও জীবাণুনাশক না ছিটিয়ে, ডাস্টবিন আড়ালকারী পর্দা না টাঙিয়ে খোলা পরিবেশে বর্জ্য ট্রাকে তোলা হচ্ছে। প্রতিদিন সকালে ৩০-৪০ মিনিট এমন বিরক্তিকর পরিবেশের সৃষ্টি হয়।’ পথচারী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘সিটি করপোরেশন রাত একটা থেকে ভোর ছয়টা পর্যন্ত বর্জ্য সংগ্রহ ও পরিবহন করলে আমরা এ সমস্যা থেকে বেঁচে যাই।’ এ ব্যাপারে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মুলকুতুর রহমান বলেন, ‘অনিরাপদ বর্জ্য ব্যবস্থাপনার কারণে মানুষের কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস ও শাসকষ্টজনিত রোগ বেশি হয়। এতে পরিচ্ছন্নতাকর্মী আর সাধারণ মানুষ—উভয়েই আক্রান্ত হতে পারে।’ জানা যায়, বর্জ্য পরিবহনের সময় চট দিয়ে গাড়ি ঢেকে দেওয়ার কথা। কিন্তু অনেক সময় তা করেন না বর্জ্যবাহী গাড়ির চালক ও সেবকেরা। এমনই অভিযোগ করলেন বিবিরহাট এলাকার বাসিন্দা ও চট্টগ্রাম কলেজের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র মোহাম্মদ তৌফিক। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বর্জ্য পরিবহনের দায়িত্বে থাকা গাড়িচালক (গাড়ি সিসিসি ৫০০৫৩০) মো. আবদুল মোতালেব এমন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি প্রতিদিন গাড়ি চালানোর সময় চট দিয়ে ঢেকে দিই। তবে বর্জ্য তোলার সময় এ ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। প্রতিদিন ৩০-৩৫টি ডাস্টবিন থেকে ময়লা নিয়ে রউফাবাদের নির্দিষ্ট স্থানে ফেলে আসি। কিন্তু ঢাকনা দেওয়া গাড়ি না হলে এ সমস্যার সমাধান সম্ভব নয়।’ পরিচ্ছন্নকর্মী মনোরঞ্জন জানান, নিরাপদে বর্জ্য সংগ্রহ ও পরিবহনে তাঁদের জুতা, হাত মোজা, চশমা ও মুখবন্ধনী দেওয়া হয়নি। ফলে তাঁরা শারীরিক নানা সমস্যার মুখে পড়েন। সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান ছিদ্দিকী এ ব্যাপারে বলেন, ‘বিষয়টিকে দেখতে হবে আমাদের দেশের প্রেক্ষাপটে। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নগরবাসীর। আমরা বর্জ্য সংগ্রহ ও পরিবহন করি মাত্র। মানুষ যদি সঠিকভাবে প্যাকেটে করে বর্জ্য ডাস্টবিনে ফেলেন তাহলে তা পরিবহনের সময় গন্ধ হবে না।’ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিগগিরই ঢাকনাযুক্ত বর্জ্যবাহী গাড়ি কেনার জন্য দরপত্র আহ্বান করা হবে। আর সেবকদের মধ্যে বর্জ্য সংগ্রহের নিরাপদ উপকরণ ব্যবহার শুরু হয়েছে।’