খোলাবাজারে চাল বিক্রির আওতা বাড়ল
সরকার চট্টগ্রামে নিম্নবিত্তদের জন্য স্বল্পমূল্যে খোলাবাজারে চাল বিতরণ কার্যক্রম (ওএমএস) বাড়িয়ে দিয়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় খাদ্য বিভাগ নগরে গতকাল থেকে আরও ১০ জন ডিলার নিয়োগের মাধ্যমে এ কার্যক্রম বাড়িয়েছে। সাধারণ নিম্নবিত্তদের জন্য হলেও বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় এখন নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত লোকজনও ডিলারদের কাছ থেকে এ চাল কিনছে।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগের ২৫ জন ডিলার ছাড়াও গতকাল সোমবার থেকে আরও ১০ জন ডিলার ওএমএসের চাল বিক্রিকার্যক্রম শুরু করেছে। গত ১ জানুয়ারি থেকে চালু হওয়া স্বল্পমূল্যে চাল বিতরণের জন্য এ কার্যক্রমের আওতায় বর্তমানে ৩৫টা ওয়ার্ডে ৩৫টি গাড়ি রাখা হয়েছে। কুলগাঁও, বালুচরা, আমানবাজার, আকবর শাহের মাজার; ফয়’স লেক, ফিরোজ শাহ কলোনি, বহদ্দারহাট, টেরিবাজার, কোরবানীগঞ্জসহ আরও ১০টি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম শুরু করেছে। বহদ্দারহাট, কোরবানীগঞ্জ, টেরিবাজার এলাকায় খাদ্য পরিদর্শক নুরুল করিম জানান, ‘আজকেই (সোমবার) প্রথম এ এলাকায় চাল বিক্রি শুরু করেছি। প্রথমদিন হিসেবে বিক্রি ভালোই হচ্ছে। ১২টার মধ্যেই সাড়ে তিন শ কেজি চাল বিক্রি হয়ে গেছে।’কিন্তু বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় ওএমএসের ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছেন আন্দরকিল্লা, জামালখান, মোমিন সড়ক এলাকার ডিলার কিরণ মজুমদার। তিনি বলেন, ‘বাজারে এ চালের দাম ৩৫-৪২ টাকা। দুপুর তিনটার মধ্যেই তিন টন চাল বিক্রি হয়ে যায়। চাহিদার জোগান দিতে চট্টগ্রামের ৪১টা ওয়ার্ডে ৪১ জন ডিলার নিয়োগ দেওয়া উচিত।’ ঘাট ফরহাদাবাদ এলাকা থেকে মোমিন সড়কে চাল কিনতে আসা মেরি মহাজন বলেন, ‘কর্তা আগ্রাবাদে ছোটখাটো একটা চাকরি করেন। এখান (ওএমএস) থেকে প্রায় সময়ই চাল কেনা হয়। তাড়াতাড়ি চাল পেতে তাই সকাল থেকে লাইনে দাঁড়াই।’খাদ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, ‘চট্টগ্রাম শহরে ওএমএস চালের দৈনিক চাহিদা ৭৫ টন। দিন দিন এর চাহিদা বেড়ে যাওয়ায় আমরা আরও ১০টি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করেছি। পরবর্তীকালে চাহিদা অনুযায়ী আরও বাড়ানোর চিন্তা-ভাবনা করছি।’