প্রতিবছর রোজার আগে পণ্যের দাম বাড়ে। তবে এবার দু-তিন সপ্তাহ আগেই পণ্যের দাম বেড়েছে। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদ মিলাদ প্রথম আলো: এবার রোজার আগে পণ্যের দাম বাড়ার কারণ কী?মাহবুবুল আলম: রোজার পণ্যের সিংহভাগই আমদানিনির্ভর। এ কারণে এসব পণ্যের দাম ওঠানামা হয় মূলত আন্তর্জাতিক বাজারে দাম এবং আমদানির ওপর। এবার বিশ্ববাজারে দাম বাড়ার পাশাপাশি চিনি, ছোলাসহ বেশ কয়েকটি পণ্যের সরবরাহ গত বছরের মতো বাড়েনি। এর বিপরীতে বাড়তি চাহিদার কারণে দাম বেড়েছে। প্রথম আলো: পণ্যের দাম স্থিতিশীল রাখার স্বার্থে সরকার বাজার তদারকি করছে। মজুদ আইনও করেছে। তেল-চিনির ক্ষেত্রে ডিও প্রথা বাতিল করে পরিবেশক প্রথা চালু করেছে। এসব পদক্ষেপে বাজারে কী প্রভাব পড়েছে বলে মনে করেন?মাহবুবুল আলম: পণ্যবাজার নিয়ন্ত্রণে যে পদ্ধতি বা আইন করা হোক না কেন, সরবরাহ চ্যানেল ঠিক রাখতে হবে। সরবরাহে ব্যাঘাত হয়—এমন কিছু করলে বাজার স্থিতিশীল রাখা কঠিন হবে। সরবরাহের পাশাপাশি পণ্যের মজুদও বড় প্রভাব ফেলে বাজারে। মজুদ থাকলে কেউ বেশি দামে বিক্রির সুযোগ পায় না।প্রথম আলো: সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবিকে শক্তিশালী করার কথা বলা হচ্ছে সব সময়। কিন্তু কার্যত টিসিবির হাতে বাজার নিয়ন্ত্রণ করার মত পণ্যের মজুদ থাকে না। বাজার নিয়ন্ত্রণে টিসিবি কি ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন?মাহবুবুল আলম: আমরা সবসময় টিসিবিকে সক্রিয় করার কথা বলছি। একই সঙ্গে চিনি ও খাদ্যশিল্প করপোরেশনকেও সক্রিয় করা উচিত। বাজারে সংকট দেখা দিলে এই দুটি সরকারি সংস্থার মজুদ থেকে বাজারে পণ্য সরবরাহ করলে পণ্যের দাম স্থিতিশীল হতে বাধ্য।প্রথম আলো: এ মুহূর্তে বাজার স্থিতিশীল করতে কী পদক্ষেপ নেওয়া উচিত?মাহবুবুল আলম: এখন সময় খুব কম। তবে এ সময়েও টিসিবি এবং চিনি ও খাদ্যশিল্প করপোরেশনসহ সরকারি সংস্থাগুলোর উচিত বাজারের আশপাশে ভ্রাম্যমাণ ট্রাকে করে খোলা বাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা। এসব পণ্য সরাসরি ভোক্তারাই কিনতে পারবেন। এতে কিছুটা হলেও সাধারণ আয়ের মানুষ উপকৃত হবেন।