আমাদের মহল্লায় একজন জামাল চাচা ছিলেন। পরে আমরা তাঁর নাম দিয়েছিলাম ‘খোলামেলা চাচা’! জামাল চাচার নাম কেন খোলামেলা চাচা হলো, সে এক বিরাট ঘটনা। সেটা পরে বলছি। তার আগে এই খোলামেলা চাচা সম্পর্কে একটু বলে নিই।
ছোটখাটো মানুষটার মাথাজুড়ে বিশাল টাক! কথায় কিছুটা আঞ্চলিকতার টান আছে। মাস ছয় হলো এলাকায় ভাড়া এসেছেন। কিন্তু অল্প দিনের মধ্যে মহল্লায় বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। বিশেষ করে আমাদের কাছু ভাই আর ক্লাবের আঙ্কেলদের কাছে। কাছু ভাই আমাদের মহল্লার ‘তরুণ বয়োজ্যেষ্ঠ মৈত্রী’ সংঘের উদ্যোক্তা। এই মানুষটি খুব চেষ্টা করছেন এলাকায় তরুণ আর বয়োজ্যেষ্ঠদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি করতে। মহল্লার আঙ্কেলদের সঙ্গে আমাদের উঠতি বয়সী ছেলেপুলেদের সম্পর্ক তেমন ভালো না। তাঁরা ভাবেন, আমরা সব রসাতলে যাচ্ছি। এমন অবস্থায় কাছু ভাই একটি সংলাপ আয়োজনের উদ্যোগ নেন। উদ্দেশ্য, বয়োজ্যেষ্ঠদের সেখানে উপস্থিত করা। তো কাছু ভাই বেশ দৌড়ঝাঁপ শুরু করেন। জামাল চাচাকে দায়িত্ব দেন মুরব্বিদের হাজির করার। বিশেষ করে যাঁরা আমাদের দেখলে ভ্রু কুঁচকে তাকান।
সেদিন আমরা সবাই উপস্থিত হলাম। বয়োজ্যেষ্ঠরাও প্রায় সবাই এসেছেন।
প্রথমেই কথা বলতে উঠে দাঁড়ান কাছু ভাই। তিনি বলেন, ‘কেন তরুণদের সঙ্গে বয়োজ্যেষ্ঠদের দূরত্ব থাকবে? তরুণেরাই তো এই সময়ের প্রাণ। আমরা ভুল করলে তাঁরা আমাদের ভুল ধরিয়ে দেবেন। কিন্তু...।’ কাছু ভাইয়ের কথার মধ্যে ক্লাবের খসরু আঙ্কেল চেঁচিয়ে ওঠেন। বলেন, ‘ভুল ধরিয়ে দেব, নাহ্! ওই অবস্থায় থাকিস তোরা...?’ তাঁকে শান্ত করে কথা বলতে উঠে দাঁড়ান ক্লাবের সানি আঙ্কেল। তিনিও কথার সুর তোলেন খসরু আঙ্কেলের মতোই। একপর্যায়ে বলেন, ‘...তোদের সবাইকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে!’ এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ করে উঠি। এ কেমন কথা? আমরাই তো এগিয়ে এসেছি...। এমন অবস্থায় উঠে দাঁড়ান জামাল চাচা। তাঁকে উঠতে দেখে কাছু ভাই আমাদের চুপ থাকতে বলেন। জামাল চাচা বলেন, ‘আমি নতুন মানুষ, আমার কথা আপনারা কীভাবে নেবেন জানি না; তবে একটা কথা ঠিক, তরুণদের ক্ষমা চাওয়ানোতে কোনো মাহাত্ম্য নাই।’ তার এ কথায় চাপা গুঞ্জন ওঠে। মুরব্বিরা কেউ কেউ নাখোশ হন। জামাল চাচা আবার বলেন, এবার তরুণদের উদ্দেশে বলতে চাই, বাবা-চাচাদের সামনে শিনা টান করে চলার মধ্যে কোনো বীরত্ব নাই। তাঁদের সামনে চলতে হইব মাথা নিচু করে, শ্রদ্ধাভরে। মাথা উঁচু করে চলতে হইব এবং কথা বলতে হইব অন্যায়কারীর সামনে; সে যেই হোক।’ বলে জামাল চাচা থামেন। তাঁর এ কথায় মুহূর্তেই সংলাপের পরিবেশ পাল্টে যায়।
জামাল চাচার কথাগুলো খানিক কাটখোট্টা শোনালেও, তিনি যে ভুল কথা বলেননি, তা সবাই সেদিন একবাক্যে মেনে নিয়েছিলাম। আর তারপর থেকে আমরা তরুণেরা তাঁর নাম দিই খোলামেলা চাচা!
আমাদের এই খোলামেলা চাচা এখন কোথায় আছেন, আমরা কেউ জানি না! এক বৃষ্টিস্নাত বিকেল থেকে তিনি নিরুদ্দেশ...।
আলিম-উর-রহিম
আইন বিভাগ, গণবিশ্ববিদ্যালয়।