কী পড়ছি লিখতে বসেছি। একবার ভাবলাম, নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য লিখে দিই, নিৎশেরদাস স্পেইক জরাথুস্ত্র কিংবা জ্য পল মার্ক্সের আয়রন ইন দ্য সোল নিয়েলিখি। যখন কেউ দেখছেন না, অসুবিধা কী। আমার কাছে পর্বতপ্রমাণ দুটো বই আছে—থোমাস মানের দ্য ম্যাজিক মাউন্টেন এবং গাও জিনজিয়ানের সোল মাউন্টেন, যেকোনো একটা পর্বতের নাম বললে আমার বুদ্ধিবৃত্তিক মান কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। তা ছাড়া দুজনই নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী।মিথ্যে কথা বললে জিহ্বা খসে যেতে পারে, এই ভয়ে সত্যিটা বলে ফেলি—আসলে একটা বাজে বই পড়ছি। ক্লাস পাঠ্যবই ছাড়া সব বই-ই বাজে বই, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হলেও। আমি যে বইটি পড়ছি, সেটি আরও বাজে। বইয়ের নামই INFAMOUS SCANDALS, বাংলায় অনূদিত হলে এই বইটির নাম দাঁড়াবে ‘কুখ্যাত কলঙ্ক’। এ ধরনের বইয়ের আগ্রহী প্রকাশক বাংলাদেশে এবং গোটা পৃথিবীতেই রয়েছে। কারণ, অন্যের কলঙ্ককাহিনি পড়তে কার না ভালো লাগে, আর সে কলঙ্ক যদি হয় রসাল, তাহলে কথাই নেই।INFAMOUS SCANDALS: Real life stories from the sleazy side of celebrity : অ্যান উইলিয়ামস ও ভিভিয়ান হেড ৫১২ পৃষ্ঠার বইটি লিখেছেন। ২০০৮ সালে পেপারব্যাকে বইটি প্রকাশ করেছে লন্ডনের ফিউচুরা। এটি লিটল, ব্রাউন বুক গ্রুপের একটি প্রতিষ্ঠান। বইটির দাম ৬.৯৯ পাউন্ড। আমি এ বইটি কিনেছি ‘ক্লিয়ারেন্স সেল’ থেকে এক-তৃতীয়াংশ মূল্যে। কলঙ্ক কাকে বলে?অ্যান ও ভিভিয়ান দুই নারীই মেনে নিয়েছেন, কলঙ্ক একটি সাংস্কৃতিক ধারণা। অভিনেতা রিচার্ড গিয়ার যখন একটি উন্মুক্ত মঞ্চে বিপুলসংখ্যক দর্শকের সামনে বলিউডের নায়িকা শিল্পা শেঠীর গালে চুমু খেলেন, চরম কেলেঙ্কারির ঢিহি ঢিহি রব উঠল চারদিকে। ভারতীয় রক্ষণশীল জাতীয়তাবাদীরা এই চুম্বন কোনোভাবেই মেনে নেন না, চুম্বন প্রত্যাহারের জন্য (সত্যিই যদি প্রত্যাহার করা যেত!) বুকের তাজা রক্ত দিতে তৈরি হয়ে গেল কেউ কেউ। ঠিক এ ব্যাপারটাই যদি রিচার্ড ও পশ্চিমের কোনো নায়িকার মধ্যে ইউরোপ বা আমেরিকার কোথাও ঘটত, রিচার্ডকেই সবাই বলত, আহম্মক। চুমোর জন্য গণ্ডদেশ নয়, ওষ্ঠ এটাও জানে না। কলঙ্ককথা কখন যে রটে, কেউ জানে না। ব্রিটেনের রাজা সপ্তম এডওয়ার্ডের পুত্র ডিউক অব ক্ল্যারেন্স ১৮৯১ সালে দুজন যৌনকর্মীকে প্রেমপত্র লিখেছিলেন। প্রেমপত্র লেখার সময় পর্যন্ত সপ্তম এডওয়ার্ড রাজা হননি। বাবা সিংহাসনে বসার পরই রাজপুত্রের টনক নড়ে। প্রথমত, প্রেমপত্র লেখাই ঠিক হয়নি। দ্বিতীয়ত, কোনো যৌনকর্মীকে তো নয়ই। তৃতীয়ত, দুজন যৌনকর্মীকে অবশ্যই নয়। এই চিঠির কেলেঙ্কারি থেকে বাঁচার জন্য তিনি মরিয়া হয়ে উঠলেন। চিঠি ফেরত পাওয়ার জন্য তিনি আবার যৌনকর্মীদের শরণাপন্ন হন। এ জন্য যত টাকা দরকার দিতেও চান। কিন্তু শত হোক, রাজপুত্রের প্রেমপত্র! ২০০২ সালে এই প্রেমপত্র যখন নিলামে উঠল, ১১১ বছর পর কলঙ্কের বিস্তারিত বিবরণ পাওয়া গেল। নিলামে চিঠি ভালো দাম পায়নি—আট হাজার ২২০ পাউন্ডে বিক্রি হয়েছে। ১৯৯৮ সালে বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কিকে জড়িয়ে যে কলঙ্ক যুক্তরাষ্ট্রকে নাড়া দিয়েছিল, তাতে মনিকার ‘প্রেম ভ্যালু’ বেড়ে যাওয়ায় তাঁর আয় মিলিয়ন ডলার ছাড়িয়েছে। হোয়াইট হাউসের এই ইনটার্নকে প্রেসিডেন্ট বার্ষিক ৩২ হাজার ৭০০ ডলারের একটি চাকরি পাইয়ে দিয়েছিলেন। কেলেঙ্কারির নায়কদের জনপ্রিয়তা এমনিতেই বেড়ে যায়, ক্লিনটনেরও বেড়েছিল। বিপদে-আপদে কলঙ্কিত স্বামীকে সমর্থন করে আদর্শ স্ত্রী হিসেবে হিলারির জনসমর্থনও অনেক বেড়ে যায়। প্রেসিডেন্টের ভালোবাসার সাক্ষ্য হিসেবে একটি নীল স্কার্ট মনিকার কাছে রয়েই গেছে। কখনো নিশ্চয়ই নিলামে উঠবে। এই সুখপাঠ্য বইটির নয়টি অধ্যায়। প্রথম অধ্যায়ে হলিউড-তারকাদের কলঙ্ক। তারকাদের মধ্যে রয়েছেন অলিভ থমাস, জিন হার্লো, ইনগ্রিড বার্গম্যান, মেরিলিন মনরো, উডি এলেন, রক হাডসন, হিউ গ্রান্ট, উইনোনা রাইডার, লানা টার্নার প্রমুখ। দ্বিতীয় অধ্যায়ে পপতারকা ও সেলিব্রিটি, যাঁদের কলঙ্ক উঠে এসেছে, তাঁদের মধ্যে আছেন চাক বেরি, জর্জ মাইনেশ, মাইকেল জ্যাকসন ও আনা নিকোল স্মিথ। তৃতীয় অধ্যায়ে রেডিও ও টিভি-ব্যক্তিত্ব এলান ফ্রিড, মার্থা স্টিউয়ার্ট, মাইকেল বেরিমুর। চতুর্থ অধ্যায় রাজনীতিবিদদের কেলেঙ্কারি নিয়ে—তালিকায় ক্লিনটন ছাড়াও আছেন জন মেজর, জন প্রুফুমো, টেড কেনেডি, জিম ওয়েস্ট ও সিসিল পার্কিনসন। নবম অধ্যায়ে ক্রীড়া ব্যক্তিত্ব কলঙ্কিত ও জে সিম্পসন, ডেভিড বেকহ্যাম, মাইক টাইসন, জর্জ বেস্ট, ডিয়েগো ম্যারাডোনা প্রমুখ। অন্যান্য অধ্যায়ে রয়েছেন কলঙ্কিত ধর্মগুরু, অভিজাত ব্যক্তি, বিচারক ও শিক্ষক। সরকারের কলঙ্কে স্থান পেয়েছেন রিচার্ড নিক্সন। তিনি খ্যাত কিংবা কুখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারিতে। চলচ্চিত্রের প্রথম যুগের দেবী জিন হার্লো আবিষ্কার করে, তার স্বামী পল বার্ন কমদরের নায়িকা ডরোথি মিলেটের সঙ্গেও সম্পর্ক রক্ষা করে চলেছে। ৫ সেপ্টেম্বর ১৯৩২ বিবস্ত্র উপুড় হয়ে শুয়ে থাকা পল বার্নকে মৃত অবস্থায় আবিষ্কার করে তারই বাটলার। তার গায়ে কেউ ঢেলে দিয়েছে স্ত্রীর সব পারফিউম। কেউ বলছে, জিন হার্লোই তাকে হত্যা করেছে, কেউ বলছে ডরোথি। পলের মৃত্যুর পরদিনই ডরোথি সান ফ্রান্সিসকোর প্লাজা হোটেল থেকে বের হয়ে স্যাক্রামেন্টোর পথে ডেল্টা কিং জাহাজে ওঠে। জাহাজ যখন গন্তব্যে নোঙর করে জাহাজের ডেকে পাওয়া যায় ডরোথির কোট ও জুতা। কদিন পর জেলেরা আবিষ্কার করে তাঁর অর্ধভুক্ত দেহ। কদিনের মধ্যে জিন হার্লোও আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। কিছুকাল পর জিন তখন অভিনয় করছে কিংবদন্তির নায়ক ক্লার্ক গ্যাবনের সঙ্গে। ২৬ বছর বয়সে সারাটোগা নামের ছবিটি অসমাপ্ত রেখেই সেরিব্রাল ইডিমায় মৃত্যু হয় এই নায়িকার। ইনগ্রিড বার্গম্যান আলফ্রেড হিচককের আন্ডার ক্যাপ্রিকর্ন ছবিতে অভিনয়ের সময় রবার্টো রোসিলিনির প্রেমে পড়ে। তার স্বামী পিটার লিন্ডস্ট্রম তার ম্যানেজার। পিটারের স্ত্রী থাকা অবস্থায় ইনগ্রিডের গর্ভে জন্ম হয় রবার্টোর সন্তান, ৭ ফেব্রুয়ারি ১৯৫০ সালে। আমেরিকার বুকে এত বড় পাপ! অবৈধ সন্তান নিয়ে, এমনকি উদার আমেরিকায় ইনগ্রিড চিহ্নিত হলো গণিকা হিসেবে এবং তাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে সেখান থেকে বের করেও দেওয়া হলো। প্লেবয় মডেল আনা নিকোল স্মিথ যখন বিলিয়নিয়ার হাওয়ার্ড মার্শালকে বিয়ে করেন, দুজনের বয়সের ব্যবধান ৬৩ বছর। আনা যখন একটি মেয়েশিশুর মা হলেন, তাঁর প্রায় এক ডজন পুরোনো ও নতুন প্রেমিক এই শিশুর পিতৃত্ব দাবি করে বসে। সম্ভবত আনাও নিশ্চিত নন, আসলে লোকটি কে? বছর না ঘুরতেই ৮ ফেব্রুয়ারি ২০০৭ ফ্লোরিডার একটি হোটেলের কক্ষে আনাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে পৌঁছামাত্র চিকিৎসকেরা জানান আনা মৃত। কলঙ্ককথা, যদি অন্যের হয়, যদি খ্যাতিমানের হয় এবং যদি সুলিখিত হয়, পড়তে ভালো লাগারই কথা। আমারও লাগছে। আমি এখন সপ্তম অধ্যায়ে। চাঁদও তো কলঙ্ক আর জ্যোৎস্নায় মেশানো।