খ্যাতিমানদের মাঝে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে যেদিন শার্লক হোমস মিউজিয়ামে বেড়াতে গিয়েছিলাম, সেদিন বাসায় ফিরে এসে আমার সঙ্গে হোমসের (যে ভদ্রলোক হোমস সেজে মিউজিয়ামে থাকতেন) তোলা ছবি বাংলাদেশের এক বন্ধুকে ই-মেইলে পাঠালাম। সেই বন্ধু মজা পেয়ে উত্তর দিলেন, ‘একেবারে জীবন্ত! মনে হচ্ছে, সত্যি সত্যি শার্লক হোমস আপনার পাশে দাঁড়িয়ে!’আমি উত্তরে এবার আরেকটা ছবি পাঠিয়ে জিজ্ঞাসা করলাম, ‘আপনার কি এবার আমার পাশেরটাকেও জীবন্ত বলে মনে হচ্ছে?’ছবিটা ছিল ‘ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম’-এ তোলা আমার পাশে প্রকাণ্ড এক ডাইনোসরের কঙ্কালের। আমার বন্ধু উত্তরে লিখলেন, ‘দারুণ রসিকতা।’এবার আমি তাঁকে অন্য একটি ছবি পাঠিয়ে তাঁর মন্তব্য জানতে চাইলাম। তিনি বেকায়দায় পড়ে উত্তর দিলেন, ‘মনে হচ্ছে, আপনার পাশের জন শাহরুখ খান..., না, লন্ডনে নিশ্চয়ই আপনি শাহরুখের মতো কাউকে খুঁজে পেয়েছেন..., ঠিক বুঝতে পারছি না...।’ছবিটা আসলে তোলা হয়েছিল মাদাম তুশোয়। সেখানে ঢোকার জন্য লম্বা লাইনে ঘণ্টা খানেক দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় দর্শনার্থীরা যাতে বিরক্ত না হয়, সে জন্য শিল্পীরা নাচতে নাচতে গান গেয়ে সবাইকে ব্যস্ত রাখার চেষ্টা করেন। আবার একটা স্ক্রিনে মাদাম তুশোয় যেসব বিখ্যাত ব্যক্তি এসেছিলেন, তাঁদের নিয়ে তৈরি ভিডিওচিত্রও দেখানো হয়। সেখানে দেখলাম, পাশাপাশি দুজন শাহরুখ খান দাঁড়িয়ে আছেন। হঠাৎ এক শাহরুখ একটা মালা আরেক শাহরুখের গলায় পরিয়ে দিলেন। তখন প্রথম বুঝতে পারলাম, নড়ে ওঠা ভদ্রলোক আসল শাহরুখ খান আর পাশের জন মোমের তৈরি শাহরুখ খান। এতটাই জীবন্ত হিসেবে তৈরি মোমের মূর্তিগুলো, কাজেই আমার বন্ধু যে হতভম্ব হয়ে যাবেন আমার ছবি দেখে, তাতে তাঁকে দোষ দেওয়ার কিছু নেই।মাদাম তুশোয় ঢুকে প্রথমে যে অংশে গেলাম, সেখানে হলিউড, বলিউডের তারকাদের মূর্তি। একেকটা মূর্তির সঙ্গে ছবি তোলার জন্য লাইন ধরে অপেক্ষা করার মতো ব্যাপার। এক কোনায় দেখলাম আমার ছোটবেলার প্রিয় স্পাইডারম্যান।এর পরের অংশে যেতে হয় একটা প্যাসেজ পার হয়ে। সেই প্যাসেজটা আবার ব্যাটম্যানের। বাদুড়ের হাত থেকে রক্ষা পেয়ে মাথা বাঁচিয়ে যাওয়ার জন্য সেখানে সাবধান করে একটা নোটিশও দেওয়া আছে। যা হোক, কিছুক্ষণের মধ্যে আমরা আরেকটা অংশে পৌঁছালাম, যেখানে বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বদের স্থান।খেলাধুলায় আমার আগ্রহ কম বলে কিছুক্ষণের মধ্যে চলে এলাম পরের অংশে। একেবারে রাজকীয় ব্যাপার। ছবি তুললাম ডায়ানা সপরিবারে প্রিন্স চার্লস, মহারানি ভিক্টোরিয়া-এক, রানিমাতার সঙ্গে। এক পাশে রাজকীয় মঞ্চ। সেখানে ব্রিটেনের রানির সঙ্গে আমার তোলা ছবি দেখে মনে হতেই পারে যে আমাকে বুঝি রাজকীয় সংবর্ধনা দেওয়া হচ্ছে।রাজা-রানির জায়গা ছেড়ে গেলাম বিখ্যাত সাহিত্যিক-চিত্রশিল্পী আর বিজ্ঞানীদের মধ্যে। ছবি তুললাম পাবলো পিকাসো, শেকসপিয়ার, চার্লস ডিকেন্সের সঙ্গে। আর বিজ্ঞানীদের মধ্যে আছেন সেই যুগের নিউটন, চার্লস ডারউইন, আইনস্টাইন থেকে শুরু করে এ যুগের স্টিফেন হকিং পর্যন্ত। বিখ্যাত অনেক রাজনৈতিক নেতা, ধর্মগুরুরাও আছেন এক অংশে।নেপোলিয়ন, নেলসন ম্যান্ডেলা, হিটলার, চার্চিল, গান্ধীজি, ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো, জন পোপসহ আরও অনেকে আছেন সেখানে। একেবারে শেষে আছে মাদাম তুশোর নিজের মূর্তি। আজ থেকে প্রায় ২০০ বছর আগে ফ্রান্সে তিনি এই মাদাম তুশো প্রতিষ্ঠা করেছিলেন। এ অংশে তাঁর কাজের কথা, তিনি কীভাবে মোম দিয়ে নিখুঁত মূর্তি গড়তেন, তা দেখানো আছে। সবশেষে আমাদের একটা ট্রেনে তোলা হলো, সেই ট্রেন অন্ধকারের মধ্যে ঘুরে ঘুরে চলতে লাগল। চলতে চলতে দেখতে পেলাম বিভিন্ন পরিস্থিতি, যার মাধ্যমে বোঝা যায়, অনেক বছর আগের নোংরা, বিশৃঙ্খল লন্ডন থেকে কীভাবে আজকের আধুনিক লন্ডন তৈরি হয়েছে। ট্রেন থেকে নেমে সুভেনিয়র শপে ঢুকে টুকটাক কেনাকাটা করে বের হয়ে গেলাম মাদাম তুশো থেকে।বিখ্যাত মানুষদের ছেড়ে সাধারণ মানুষের মধ্যে মিশে হাঁটতে শুরু করলাম রিজেন্স পার্কের দিকে!