খ্যাপাটে পাখির দল!
ইয়া বড় একটা গুলতি। তার নিচে জমায়েত হয়েছে একঝাঁক খুদে পাখি। ভীষণ খ্যাপাটে ওরা। গুলতি নিয়ে নাদুসনুদুস ছোট্ট পাখিগুলো প্রস্তুত শত্রুর মোকাবিলা করতে। লক্ষ্যবস্তু, মানে তাদের শত্রু হলো কতগুলো দাঁত বের করে হাসতে থাকা পাজি শূকর। দুষ্টু এই প্রাণীগুলো ওদের ডিম খেয়ে ফেলে বলেই এমন যুদ্ধংদেহী মনোভাব। গুলতি তো আছে, এখন গুলির কী হবে? অতশত চিন্তা বাদ, নিজেরাই গুলি বনে গিয়ে ঝাঁপিয়ে পড়ো শত্রুর ওপর। পাথর কিংবা কাচ—যেকোনো ধরনের দুর্গই হোক ভেঙে ফেল, সমূলে ধ্বংস করো ডিমখেকো পাজিদের! এই গল্প কিসের তা কি আর বুঝতে বাকি আছে আপনার? হ্যাঁ, পাজল ভিডিও গেম অ্যাংরি বার্ডসের গল্প এটা।বছর দুয়েক আগে রোভিও মোবাইল লিমিটেড নামের এক গেম নির্মাতাপ্রতিষ্ঠান এই খ্যাপাটে পাখিদের নিয়ে এসেছিল প্রযুক্তির বাজারে। কয়েক মাসের মধ্যেই সেই পাখিগুলো নিয়ে শুরু হয় মাতামাতি। এখন এক জরিপে দেখা যাচ্ছে, মানুষ প্রতিদিন গড়ে ২০ কোটি মিনিট সময় ঢেলে দিচ্ছে এই অ্যাংরি বার্ডসের পেছনেই! এবং ইতিহাসে সবচেয়ে বেশি ডাউনলোডও হয়েছে এই গেমটি। আর তাই এই গেমের নির্মাতাপ্রতিষ্ঠানের মুখ্য বিপণন কর্মকর্তা পিটার ভেস্টারব্যাকাকে দুনিয়ার সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় রেখেছিল টাইম ম্যাগাজিন। কয়েক দিন আগে এক সংবাদমাধ্যমে অ্যাংরি বার্ডসের এই শনৈ শনৈ উন্নতির রহস্য নিয়ে বললেন পিটার—কবে টের পেলেন অ্যাংরি বার্ডস হিট হয়েছে?পিটার ভেস্টারব্যাকা: যখন এই গেম ভক্তরা আমার সঙ্গে ছবি তুলতে চাইতে শুরু করল। বছর খানেক আগেও যুক্তরাষ্ট্রে কেউ যদি আমার হুডিতে আঁকা অ্যাংরি বার্ডসদের চিনতে পারত, খুশিতে আটখান হয়ে যেতাম। আর এখন বিমানবন্দরে গেলে শুল্ক কর্মকর্তারা সব কাজ ফেলে আমার কাছে ছুটে আসেন! ‘অ্যাংরি বার্ডসের কোন লেভেল পার করেছেন তা জানিয়ে যান!’গেমটির এত বিশাল সাফল্য কি বিস্ময়কর ছিল?পি. ভে.: মোটেও না। অ্যাংরি বার্ডসের জন্মের আগে রোভিও আরও ৫১টি গেম তৈরি করেছিল। আমরা যখনই একটা গেম তৈরি করি, কাছের লোকদের মুঠোফোনসহ খেলতে দিই। তো তারা খেলেটেলে মুঠোফোন ফেরত দিয়ে বলে, ‘ভালোই তো’। কিন্তু অ্যাংরি বার্ডস দেওয়ার পর কেউই আর ফেরত দিতে চায় না!কীভাবে অ্যাংরি বার্ডস এল?পি. ভে.: ২০০৯ সালের বসন্তের কথা। আমাদের প্রধান ডিজাইনার জ্যাকো ইজালো পাখিগুলোকে নিয়ে একটা গেম ডিজাইন করেছিলেন। তবে ওই আসল আইডিয়াটি শেষমেশ কাজে রূপান্তরিত হয়নি। কিন্তু আমরা সবাই পাখিগুলোর প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই চেয়েছিলাম, ওদের নিয়েই একটা গেম দাঁড় করাতে। অবশেষে আট মাস বাদে, ২০০৯ সালের ডিসেম্বরে আমরা বাজারে নিয়ে আসি অ্যাংরি বার্ডসদের। প্রথমে ভেবেছিলাম, লাখ খানেক ডলার আয় হবে, খরচাপাতি মোটামুটি উঠে আসবে। কিন্তু বিক্রি ক্রমেই বাড়তে থাকল। ২০১০ সালের বসন্তে এসে অ্যাংরি বার্ডসরা হলো বিস্ময়ের আরেক নাম!এই গেম এত জনপ্রিয় কেন?পি. ভে.: অ্যাংরি বার্ডস খেলতে শুরু করা খুব সহজ, কিন্তু সেখান থেকে উঠে যাওয়া খুব কঠিন। এটা খেলতে খুব ঝানু গেমারও হতে হয় না। বুড়ো দাদুরাও আমাদের জানিয়েছেন, এটাই একমাত্র গেম, যা তারা তাদের নাতি-নাতনিদের সঙ্গে খেলতে পারেন। মোটকথা, গেমটির পাখিগুলোই জনপ্রিয়তার কারণ।কোন বিষয়টি এই পাখিগুলোকে এত জনপ্রিয় করে তুলল?পি. ভে.: পাখিগুলো কোনো সুপারহিরো চরিত্র নয়। তাই খুব সহজেই চেনা যায় ওদের। পাখিগুলো খ্যাপাটে, তবে ভালো কারণে। অনেক ধরনের পাখি আছে এই গেমে। সবারই আছে সমান ভক্ত।কোন পাখিটি সবচেয়ে জনপ্রিয়?পি. ভে.: সম্ভবত লাল পাখিটি। কারণ, ওকেই মানুষ বেশি দেখে। ব্ল্যাক বম্ব পাখিটিও জনপ্রিয় বটে। বেশ কেজো বলেই ওর এই জনপ্রিয়তা।কম জনপ্রিয় কোনটা?পি. ভে.: বুমেরাং বার্ড। অনেকে অবশ্য ওকে পছন্দও করে। তবে ওকে বশে আনা খানিকটা কঠিন বলেই হয়তো অনেকে পছন্দ করে না।মানুষ কি শূকরগুলোকে পছন্দ করে?পি. ভে.: বেশ জনপ্রিয় ওরা। ওদের পুতুলও বেশ ভালোই বিক্রি হয়।তাহলে কি এখন আর নতুন গেম তৈরি করবেন না?পি. ভে.: রোভিও কেবল গেমই তৈরি করে না, এটা বিনোদনপ্রতিষ্ঠানও বটে। এরই মধ্যে আমরা আমাদের খেলনা এবং রান্নার বই নিয়ে কাজ করছি। বিনোদনের ব্যবসায় আমরা অ্যাংরি বার্ডসকে একটা শক্তিশালী ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চাইছি। অ্যাংরি বার্ডস থিমের ওপর আরও নতুন নতুন গেম তৈরি করছি আমরা নিয়মিতভাবেই। তবে শতভাগ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তা বাজারে ছাড়া হবে না। আপনার প্রিয় পাখি কোনটি?পি. ভে.: মাইটি ইগল। আমি আমার বিজনেস কার্ডের টাইটেলও করেছি এই পাখিটি দিয়ে। রিডার্স ডাইজেস্ট অবলম্বনে