গ-তে গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা গবেষণা বদলে দিতে পারে অনেক কিছুই। পুরো দেশের জন্য বয়ে আনতে পারে আনন্দ আর গৌরবময় উপলক্ষ। বিজ্ঞানী মাকসুদুল আলম পাটের জিন নকশা উন্মোচনের পর ঠিক এমনই এক আনন্দ আর গৌরবে হেসেছিল গোটা বাংলাদেশ। অথচ দেশের প্রধান বিশ্ববিদ্যালয় হয়েও জ্ঞানচর্চার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই গবেষণাকাজে অনেকখানি পিছিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তরুণদের গবেষণার কাজে উৎসাহী করার জন্যই নাগরিক সংহতি শুরু করেছে তরুণ গবেষণা সহায়তা কার্যক্রম। এই কার্যক্রমেরই উদ্বোধন হয়ে গেল গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে।ভালো গবেষণার কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি। দরকার, বিশ্ববিদ্যালয়ের বাজেটে গবেষণার জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা। প্রয়োজন, স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের করা গবেষণাগুলোর সারমর্ম নিয়ে পুস্তিকা প্রকাশ—এসব বিষয়ই সবার কথায় উঠে আসছিল বারবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেশের সামনের সারির তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম এম সফিউল্লাহ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান আকন্দ। সভাপতির বক্তৃতায় নাগরিক সংহতির সভাপতি অধ্যাপক এ এস এম আতীকুর রহমান বলছিলেন, তরুণদের গবেষণা মানেই নতুন আর অভিনব কিছু। সে কারণেই তরুণ গবেষকদের উৎসাহী করাটা খুব জরুরি। অনুষ্ঠানে তাঁদের স্নাতকোত্তর পর্যায়ে পরিচালিত গবেষণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ইকবাল হোসাইন চৌধুরী এবং সমাজকল্যাণ বিভাগের শিক্ষাথী মোস্তাফিজ আহমেদ। উপস্থাপিত দুটো গবেষণার বিষয় ছিল—বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প বিকাশে অমিতাভ রেজার ভূমিকা এবং বাংলাদেশের গ্রামগুলোতে বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রম। অনুষ্ঠান শেষে দর্শক সারিতে থাকা তরুণদের নানা প্রশ্নের জবাব দেন নির্মাতা অমিতাভ রেজা। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। আরও উপস্থিত ছিলেন তরুণদের গবেষণা সহায়তা কার্যক্রমের মূল সমন্বয়কারী সহযোাগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। এখন থেকে প্রতি মাসের প্রথম শনিবারে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজন থাকবে এমন অনুষ্ঠানের।