গ-তে গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি চমৎকার ধারণা বদলে দিতে পারে জীবন, বদলে দিতে পারে জীবনের গতিধারা। শুধু কথায় নয়, কাজেই এর প্রমাণ রাখছেন একদল তরুণ গবেষক। এ দলে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ জাকির হোসেন, ইফফাত আরা মাহফুজ এবং প্রাণরসায়ন বিভাগের নাবিলা চৌধুরী ও মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রতিবছর স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত তরুণ গবেষকদের কাছ থেকে গবেষণা প্রকল্পের ধারণা আহ্বান করা হয়। এ বছর শীর্ষ ১০ প্রকল্পের মধ্যে স্থান করে নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই পাঁচ তরুণ; পেয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ।ইফফাত আরা মাহফুজের গবেষণার বিষয় জিনগত পরিবর্তন ঘটিয়ে ব্যাকটেরিয়া থেকে জ্বালানির অন্যতম রসদ ইথানল তৈরি। তাঁর গবেষণাকাজের তত্ত্বাবধানে রয়েছেন বিভাগীয় সভাপতি লুলু ওয়াল মার্জান। ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। ইফফাত স্বপ্ন দেখেন গবেষক হওয়ার; ইচ্ছা আছে বিভিন্ন রোগব্যাধির চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের।আরেক গবেষক জান্নাতুল ফেরদৌস জিনের পরিমার্জনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে লবণসহিষ্ণু নতুন প্রজাতির ধানের জাত তৈরির বিষয়টি তুলে এনেছেন তাঁর গবেষণায়।জান্নাতুল বলেন, ‘কৃষিপ্রধান বাংলাদেশে বাড়তি জনসংখ্যার জন্য ধানের উৎপাদন বাড়ানো দরকার। এ কথা মাথায় ছিল সব সময়। গবেষণার মাধ্যমে তাকেই কাজে লাগাতে চেয়েছি।’ প্রায় ৭৫ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন তিনি। ভবিষ্যতে উচ্চশিক্ষার প্রয়োজনে দেশের বাইরে যেতে চান জান্নাতুল ফেরদৌস।জাকির হোসেনের গবেষণার বিষয় জৈবপ্রযুক্তির মাধ্যমে ভেষজ উদ্ভিদ আফাংয়ের গুণগত পরিবর্তন ঘটিয়ে শরীরে বিষক্রিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এর কার্যকারিতা পর্যবেক্ষণ। জাকির ও জান্নাতুল বিভাগের অধ্যাপক আল ফোরকানের তত্ত্বাবধানে ইউএসডিএ-বায়োটেক গবেষণাগারে নিয়মিত কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে নিউরোসায়েন্স নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে জাকিরের। মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ছোটবেলা থেকে নানা স্বপ্নের সিঁড়ি বেয়ে অবশেষে বিজ্ঞানের তরিতে এসে থিতু হয়েছেন। গোলমরিচের কোষের পরিবর্তন ঘটিয়ে এর প্রদাহ ও কোষবৃদ্ধিরোধী প্রভাব পর্যবেক্ষণ তাঁর গবেষণার বিষয়। এটি ক্যানসার প্রতিরোধ ও বিভিন্ন ধরনের প্রদাহে কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করা হয়। ইতিমধ্যে কাজের প্রস্তুতি শেষ করেছেন বলে জানান ওয়াহিদ। আগামী বছরের জুন মাসের মধ্যে গবেষণাকাজ শেষ হবে বলে আশা করছেন তিনি। ভবিষ্যতে তিনি ক্যানসার নিয়ে গবেষণায় আগ্রহী।নাবিলা চৌধুরী আর্সেনিকে আক্রান্ত রোগীদের চিকিৎসার উপায় নিয়ে কাজ করছেন। তাঁর গবেষণার বিষয় হচ্ছে আর্সেনিকে আক্রান্ত ব্যক্তিদের দেহে কোষের অসম বিভাজন ও প্রদাহ প্রতিরোধে ভিন্নতর কৌশল উদ্ভাবন। প্রায় ৫০ শতাংশ কাজ এগিয়ে গেছে। রোগপ্রতিরোধ বিদ্যার ওপর পিএইডি করার ইচ্ছা রয়েছে তাঁর।উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ প্রদানের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে গত ১৬ সেপ্টেম্বর। ফেলোশিপ পাওয়া প্রতিজনকে দেওয়া হবে ৫৪ হাজার করে টাকা। এর মধ্যে প্রথমে ২৭ হাজার ও পরের ২৭ হাজার টাকা পাবেন।