গঙ্গা থেকে বুড়িগঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাট্টলীর মোস্তফা হাকিম কলেজ মাঠে যাত্রাপালা প্রদর্শন করেন দেশ অপেরার শিল্পীরা l প্রথম আলো
কাট্টলীর মোস্তফা হাকিম কলেজ মাঠে যাত্রাপালা প্রদর্শন করেন দেশ অপেরার শিল্পীরা l প্রথম আলো

দিল্লির সম্রাট ফিরোজ শাহ তোঘলোকের বাহিনী হঠাৎ আক্রমণ করে বসে বাংলা। নিষ্ঠুর সেনাপতি তাতার খাঁর নেতৃত্বে শুরু হয় নির্বিচারে গণহত্যা। বাংলার প্রথম স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ডাক দেন প্রতিরোধের। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ঘোষণা দেন তিনি। শুরু করেন সোনারগাঁও, সাতগাঁও ও ঢাকা এই তিন অঞ্চল নিয়ে স্বাধীন বাংলা প্রতিষ্ঠার লড়াই।
দেশ অপেরার গঙ্গা থেকে বুড়িগঙ্গা যাত্রাপালার এই কাহিনি ১৪ শতকে বাংলার পটভূমিতে রচিত হলেও ১৯৭১ সালকেই যেন মনে করিয়ে দেয়। বাংলার মানুষ যে যুগে যুগে মুক্তির জন্য সংগ্রাম করেছে, এ তো তারই বয়ান। ১৮ ডিসেম্বর চট্টগ্রামের কাট্টলি এলাকার মোস্তফা হাকিম ডিগ্রি কলেজসংলগ্ন মাঠে প্রদর্শিত হয় এই পালা। শান্তি রঞ্জন দে রচিত এই যাত্রার নির্দেশনা দিয়েছেন মিলন কান্তি দে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের আমন্ত্রেণ ছয় দিনের যাত্রা প্রদর্শনীতে অংশ নেয় দেশ অপেরা। ১৫ থেকে ১৭ ডিসেম্বর নগরের বাকলিয়ায় ও ১৮ থেকে ২০ ডিসেম্বর কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ মাঠে এই প্রদর্শনী চলে।
ছয় দিনের প্রদর্শনীতে গঙ্গা থেকে বুড়িগঙ্গার পাাশাপাশি প্রদর্শিত হয় সচিন সেনগুপ্ত রচিত নবাব সিরাজউদ্দৌলা ও ব্রজেন্দ্র কুমার দে রচিত বর্গি এলো দেশে । ১৮ ডিসেম্বর রাত আটটায় শুরু হওয়া গঙ্গা থেকে বুড়িগঙ্গা পালায় তাতার খাঁর চরিত্রে মিলন কান্তি দে ও ইলিয়াস শাহের ভূমিকায় এম আলীম নজরকাড়া অভিনয় করেছেন। সায়রার ভূমিকায় মনিমালার অভিনয়ও মুগ্ধ করেছে দর্শকদের। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপক বণিক, নিলয় রহমান, সুদর্শন চক্রবর্তী, রিক্তা সুলতানা প্রমুখ।
পালাটির নির্দেশক মিলন কান্তি দে বলেন, ‘আমরা মূলত ইতিহাস ও স্বদেশভাবনামূলক যাত্রাপালা করি। দেশাত্মবোধক চেতনা নিয়ে রচিত হয়েছে গঙ্গা থেকে বুড়িগঙ্গা পালা। পালাটি দর্শকদের একাত্তরের মুক্তিসংগ্রামে টেনে নিয়ে যায়।’