গজ-ব্যান্ডেজ সরবরাহ না করেই বিল দাখিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীদের জন্য গজ-ব্যান্ডেজ সরবরাহ না করেই প্রায় সাড়ে ২২ লাখ টাকার একটি বিল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে গত বুধবার জমা দিয়েছে পালস কেয়ার নামের একটি প্রতিষ্ঠান। অর্থবছর শেষ হয়ে গেলে বিল আর পাওয়া যাবে না—এ আশঙ্কা থেকে বিলটি জমা করা হয়। সদ্য শেষ হওয়া অর্থবছরের মধ্যে মালামাল সরবরাহ করে বিল নেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি সময়মতো পণ্য সরবরাহ করতে পারেনি। তবে অর্থবছর শেষ হওয়ার দুই দিন আগে ঠিকই বিল দাখিল করা হয়। অবশ্য দরপত্রের মালামাল নতুন অর্থবছরে সরবরাহ করা হবে—এমন অঙ্গীকারনামাও ওই বিলের সঙ্গে জমা দেওয়া হয়। এ জন্য নিরাপত্তা জামানত হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষকে ওই কাজের সমমূল্যের একটি পে-অর্ডার জমা দেওয়া হয়েছে। জানা গেছে, সরকারি দরপত্রের মাধ্যমে মালামাল সরবরাহের পর একটি জরিপ কমিটি তা ঠিক আছে কি না দেখে সনদ দেয়। এরপর বিল দেওয়া হয়। পরে তা নিরীক্ষা কার্যালয়ে জমা দিতে হয়। এটাই নিয়ম। কিন্তু পরিশোধের জন্য পালস কেয়ার নামের প্রতিষ্ঠানের বিল জমা দেওয়ার ক্ষেত্রে এ নিয়ম মানা হয়নি। চট্টগ্রামে পালস কেয়ার প্রতিষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের ওয়ার্কিং কমিটির সাবেক সদস্য নুরুল আনোয়ার ও তাঁর দুই বন্ধু। প্রতিষ্ঠানটির অপর পরিচালক ঢাকার এক গার্মেন্টস ব্যবসায়ী। তাঁদের হেলথ কেয়ার নামে আরও একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। এই দুটি প্রতিষ্ঠান চমেক হাসপাতালে বিভিন্ন দ্রব্যসামগ্রী সরবরাহের কাজ পাচ্ছে। এদিকে গজ-ব্যান্ডেজের সংকটের কারণে অস্ত্রোপচার, সাধারণ কাটাছেঁড়ার কাজ চলছে জোড়াতালি দিয়ে। দুর্ভোগে পড়ছেন রোগীরা। রোগীদের বাইরের দোকান থেকে প্রয়োজনীয় এসব সামগ্রী কিনতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় মার্কেট থেকে কিনে জরুরি সংকট মোকাবিলার চেষ্টা করছে।মালামাল সরবরাহ না করে বিল জমা দেওয়ার কথা স্বীকার করেছেন পালস কেয়ারের স্বত্বাধিকারী নুরুল আনোয়ার। তিনি বলেন, ‘যে মানের এবং যে দামে ব্যান্ডেজের নমুনা দরপত্রের সময় দেওয়া হয়েছিল, তা এখন পাওয়া যাচ্ছে না। দামও অনেক বেশি। আমরা এখন একটি পে-অর্ডার দিয়ে পরবর্তী সময়ে বাকি মালামাল দেব বলে অঙ্গীকারনামা দিয়েছি। বিলের জন্য রাজনৈতিক চাপ সৃষ্টির অভিযোগ মিথ্যা।’ ব্যান্ডেজের কারণে রোগীদের দুর্ভোগের বিষয়টি তিনি স্বীকার করেন। জানা গেছে, গত নভেম্বরে হাসপাতালের দরপত্রের মাধ্যমে পালস কেয়ার গজ-ব্যান্ডেজ সরবরাহের কার্যাদেশ পায়। ওই দরপত্রের মূল্য ছিল ২২ লাখ ২২ হাজার ৩৬৩ টাকা। কিন্তু প্রতিষ্ঠানটি মাত্র তিন লাখ টাকার গজ-ব্যান্ডেজ সরবরাহ করে। একই প্রতিষ্ঠান প্রায় কাছাকাছি সময়ে ১৩ লাখ ২৮ হাজার টাকার আরেকটি কাজ পায়। শেষ কাজটিরও কোনো মালামাল তারা সরবরাহ করতে পারেনি। ফলে এ কার্যাদেশটি বাতিল করা হয়।হাসপাতালের উপপরিচালক সরোজ বড়ুয়া বিষয়টি স্বীকার করে বলেন, ‘নিম্নমানের গজ-ব্যান্ডেজ দেওয়ার কারণে আমরা সেগুলো গ্রহণ করিনি। এখন আমরা তাদের কাছ থেকে একটি পে-অর্ডার নিয়ে রাখছি, ভবিষ্যতে মালামাল সরবরাহ করতে না পারলে পে-অর্ডারের টাকা ফেরত পাবে না।’ সরোজ বড়ুয়া আরও বলেন, ‘নিরীক্ষা থেকে বিলটি পাস হয়ে এলে সেটিও আমাদের হেফাজতে থাকবে।’ তিনি স্বীকার করেন, ‘গজের কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা লোকাল পারচেজের মাধ্যমে সংকট মোকাবিলা করছি।’