গজল সন্ধ্যায় মুগ্ধ শ্রোতা
সুরের মুর্ছনা আর নৃত্যের ঝংকার। মুগ্ধতা জাগানিয়া আয়োজনের মধ্য দিয়ে ৯ অক্টোবর হোটেল অ্যামব্রোসিয়ায় সন্ধ্যাবাতি জ্বলেছিল গানে গানে। শিল্পী মোহাম্মদ হেলাল উদ্দীনের গান ও মায়াবী ড্যান্স গ্রুপের নৃত্য পরিবেশনায় অন্য রকম সন্ধ্যা কাটায় শ্রোতারা।
শুরুতেই উপস্থাপক আশীষ রায় আমন্ত্রণ জানালেন শিল্পী মোহাম্মদ হেলাল উদ্দীনকে। মিশ্র রাগে ‘সজনী, বহে যায় রজনী’ পরিবেশনের মাধ্যমে শুরু করেন তাঁর পরিবেশনা।
এরপর ‘অঞ্জলী লহ মোর’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন মায়াবী ড্যান্স গ্রুপের সদস্যরা। আবার গান। হেলাল উদ্দীন একে একে গেয়ে শোনান ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘কেঁদে কেঁদে কী হবে’ ও ‘চাঁদেরও কলঙ্ক আছে’। মনোমুগ্ধকর বাংলা গানের পর্বের শেষ পরিবেশনায় ছিল কিংবদন্তি শিল্পী মান্না দে র ‘লাল মেহেদির নকশা হাতে’ গানটি।
দ্বিতীয় পর্বে ছিল গজল ও ভজনসংগীত। প্রথমেই ‘তুঝে জিওয়ানকি’ গানের সঙ্গে মায়াবী ড্যান্সের নৃত্য সবাইকে মুগ্ধ করে। এরপর হেলাল উদ্দীন আবার আসেন মঞ্চে। তিনি ‘মুঝে তুম নজরসে’, ‘রাফতা রাফতা’, ‘ইউ জিন্দেগি কি’, ‘চুপকে চুপকে’, ‘তেরা চেহেরা’সহ ১৬টি গজল ও ভজন পরিবেশন করেন। সবশেষে ছিল মায়াবী ড্যান্সের উচ্চাঙ্গ নৃত্যের পরিবেশনা।