গজলসন্ধ্যা ‘সাকি তেরি মেহফিলমে’
গজলের সুরে মগ্ন দর্শক-শ্রোতারা। সেই সুর শিল্পীর মনের গহিনেও রেখাপাত করছে, একের পর এক গেয়ে চলেছেন গজল। সাউথব্রিজ নেভিগেশনের উদ্যোগে ২৪ জুলাই নগরে অনুষ্ঠিত ‘সাকি তেরি মেহফিলমে’ শীর্ষক গজলসন্ধ্যার চিত্র এটি। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন। শিল্পীর নিজের কম্পোজিশনে উর্দু গজল ‘গুলফামে মাস্ত’ দিয়ে শুরু করেন অনুষ্ঠান। এরপর একে একে পরিবেশন করেন ‘পেয়ার ভারে’, ‘রনজিসি’, ‘দুনিয়া কিসিকি’, ‘মুজে তুম নজরসে’, ‘গুলমে রঙ্গ’, ‘তুম নেহি গামনেহি’, ‘আহিস্তা-আহিস্তা’, ‘কিসকা চেহেরা’, ‘ইয়ে দৌলত ভি লে গো’ ইত্যাদি। প্রায় ৩০টি গজল পরিবেশনের পর তিনি শোনান পাঁচটি গীত ও বাংলা গজল। পাক্ষিক এ আয়োজনে আরও অংশ নেন শিল্পী ইকবাল আহমেদ সিদ্দিকী ও মহিউদ্দিন। তবলায় ছিলেন অঞ্জন মজুমদার। মোহাম্মদ ইরাম ইবতেহাজ জানান, ‘গজলসন্ধ্যাটি সত্যিই উপভোগ্য হয়েছে। প্রত্যেকটি গান আমার ভালো লেগেছে। সাউথব্রিজ নেভিগেশনের এ আয়োজন নিয়মিত হলে আমাদের সংস্কৃতি অঙ্গন সমৃদ্ধ হবে।’