
মঞ্চের পর্দা তখনো সরেনি। ভেসে আসছে লতা মঙ্গেশকরের ‘দারদেসে মেরা’ গজলটি। মিলনায়তনভর্তি দর্শকেরা নড়েচড়ে বসলেন। ধীরে ধীরে সরল পর্দা। মঞ্চে শিল্পী আকলিমা মুক্তা। তাঁর কণ্ঠে লতার গজল শুরুতেই জমিয়ে দেয় অনুষ্ঠান।
১১ মার্চ আকলিমা মুক্তার একক গজল সন্ধ্যার আয়োজন করা হয় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। এতে লতা ছাড়াও শিল্পী গেয়ে শোনান মেহেদী হাসান, জগজিৎ সিং, গোলাম আলী ও পংকজ উদাসের গজল।
আয়োজনের প্রথম পর্বে ছিল ‘ইয়ে দৌলত ভি লেলো’, ‘দুনিয়া কিসিকে পেয়ার মে’, ‘দিল চিজ ক্যায়া হে’, ‘গামকা খাজানা’ শিরোনামের গজলগুলোর পরিবেশনা। এরপর মঞ্চে কথামালা নিয়ে আসেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। কথামালার পর আবার গজলের সুর। আকমিলার কণ্ঠে এবার গোলাম আলীর ‘হামকো কিসকে গাম নে মারা’। মুগ্ধতার আবেশ ছড়িয়ে যায় দর্শকদের মধ্যে। এরপর একে একে পরিবেশন করেন মেহেদী হাসানের ‘গুলোমে রাং’, পংকজ উদাসের ‘মোহে আয়িনা জাগসে লাজ’ ও মিতালী মুখার্জির ‘সাম্মা জ্বালায়ে’। এ ছাড়া শিল্পীর ‘মুঝে তুম নজর ছে’, ‘কিরণ বাহার’, ‘প্যায়ার ভারে’, ‘চুপকে চুপকে রাত দিন’, ‘তুনে দিওয়ানা বানায়া’, ‘আহিস্তা আহিস্তা’, ‘আজ জানে কি জিদ না’ গজলগুলোর পরিবেশনা দর্শকদের ভালো লেগেছে। নাহিদ আক্তারের ‘আল্লাহী আল্লাহ কিয়া করো’ গজলের পরিবেশনার মাধ্যমে শেষ হয় মোহনীয় এই সন্ধ্যা। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন মিলি চৌধুরী।