কক্ষের নাম গণ রুম। বড়সড় কক্ষটিতে ৬০ জনেরও বেশি ছাত্রীর থাকার ব্যবস্থা। একটি ছোট খাটে গাদাগাদি করে থাকতে হয় দুজনকে। এপাশ-ওপাশ ফেরার সুযোগ কম। গরমে অনেকের নির্ঘুম রাত কাটে। শৌচাগারে যাওয়ার জন্য ধরতে হয় লাইন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সুফিয়া কামাল হলের প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থীকে এমন গণ রুমে থাকতে হচ্ছে।
চুয়েটে মেয়েদের একমাত্র আবাসিক হল সুফিয়া কামাল হলে কয়েক বছর ধরেই আবাসন সংকট চলছে। এই হলে বর্তমানে ৪০০ জন ছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে দুটি গণ কক্ষে প্রথম ও দ্বিতীয় বর্ষের ১২০ জনের মতো শিক্ষার্থীকে থাকতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আবাসন সংকট নিরসনে মেয়েদের জন্য দুটি নতুন হল নির্মিত হচ্ছে। এর মধ্যে বর্তমানে একটি হলের নির্মাণকাজ চলছে।
অনুসন্ধানে দেখা গেছে, গত পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়ে ছয়টি নতুন বিভাগ চালু করা হয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে সে অনুপাতে মেয়েদের আবাসন সুবিধা বাড়েনি। উদ্ভূত আবাসন সংকট সামাল দিতেই গণ রুমে ছাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়। একসময় প্রথম বর্ষের মেয়েদেরই গণ রুমে আসন দেওয়া হতো। বর্তমানে স্নাতক দ্বিতীয় বর্ষের বেশ কিছু শিক্ষার্থীকেও গণ রুমে থাকতে হচ্ছে। এরপরও প্রথম ও দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থীই এখন পর্যন্ত হলে আসন পাননি।
গণ রুমের বিভিন্ন সমস্যা নিয়ে কথা হয় শিক্ষার্থীদের সঙ্গে। স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী সাজনীন আক্তার অভিযোগ করে বলেন, গ্রীষ্মে একই খাটে দুজন করে থাকতে বেশ কষ্ট হয়। পড়ার জন্য গণ রুমে পর্যাপ্ত জায়গা নেই। আট-নয়জনকে পালা করে একই টেবিলে পড়তে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম বর্ষের আরেকজন শিক্ষার্থী বলেন, সকালে ক্লাস শুরুর আগে ও ক্লাস শেষে শৌচাগারে যাওয়ার জন্য লাইন ধরতে হয়। জায়গার অভাবে গণ রুমে হাঁটাচলা করতেও কষ্ট হয়।
সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ রাজিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, ছাত্রীদের শৌচাগারের বিভিন্ন সমস্যাগুলো ঠিক করা হয়েছে। আশা করি, ছাত্রীহলের নির্মাণাধীন দুটি বর্ধিতাংশের কাজ শেষ হলে আবাসন সংকট কিছুটা কমে আসবে।
চুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক সুদীপ কুমার পাল প্রথম আলোকে জানান, ক্রমবর্ধমান ছাত্রীর কথা চিন্তা করে চুয়েটের আরও দুটি ছাত্রীহল নির্মিত হচ্ছে। এর মধ্যে এ কে খান ফাউন্ডেশনের অর্থায়নে একটি ছাত্রীহল নির্মাণাধীন আছে। দেড় বছরের মধ্যেই এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ ছাড়া তিনি জানান, এ বছরের শেষের দিকে সরকারি অর্থায়নে আরও একটি ছাত্রীহলের নির্মাণকাজ শুরু হবে।