লোড শেডিংয়ের কারণে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। অন্যদিকে জেনারেটরটিও দীর্ঘদিন থেকে নষ্ট। ফলে পাখা ও আলোর অভাবে সারাক্ষণ ভুতুড়ে পরিবেশ লেগে থাকে। এই অবস্থায় শিক্ষার্থীদের বই কিংবা পত্রিকা পড়তে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। এমন বিড়ম্বনার স্থানটি হচ্ছে জেলার সাধারণ পাঠকদের বই পড়ার একমাত্র প্রতিষ্ঠান ‘কক্সবাজার সরকারি গণগ্রন্থাগার।’সরেজমিন গিয়ে দেখা গেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিদিন বিভিন্ন শ্রেণী-পেশার অন্তত ২০০ পাঠক শহরের সার্কিট হাউস সড়কের (কক্সবাজার প্রেসক্লাবের বিপরীতে) সরকারি এই গণগ্রন্থাগারে বই পড়তে আসেন। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পাঠাগারের ভেতর অন্ধকার পরিবেশ বিরাজ করে। অসহ্য গরমে হাঁপিয়ে ওঠেন পাঠকেরা। ফলে বইপড়া আদৌ হয় না অনেকের। এ ছাড়া তাকের অভাবে অনেক বই মাটিতে ফেলে রাখতে হয়েছে।টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র মো. রুবেল বলেন, ‘আমি নিয়মিত এই গ্রন্থাগারে বই পড়তে আসি। কিন্তু ইদানীং ঘন ঘন লোডশেডিং হওয়ায় পাঠাগার কক্ষটি প্রায় সময় অন্ধকারে ডুবে থাকে। এ ছাড়া প্রচণ্ড গরমের কারণে এখানে বসে বই পড়া যায় না।’ কক্সবাজার বালিকা মাদ্রাসার স্নাতকোত্তরের ছাত্রী নাছিমা খানম বলেন, ‘পড়ালেখার ভালো পরিবেশ থাকায় প্রায় সময় এখানে বই পড়তে আসি। কিন্তু ইদানীং লোডশেডিং এত বেশি হচ্ছে যে, এতে বইপড়ার মতো পরিবেশ আর নেই।’ তাঁর মতে, এই গ্রন্থাগারে বিদ্যুতের জন্য ভিআইপি লাইন অথবা জেনারেটরের ব্যবস্থা থাকলে তাঁর মতো শিক্ষার্থীদের এখান থেকে ফিরে যেতে হতো না। গ্রন্থাগারের কনিষ্ঠ গ্রন্থাগারিক আবুল কালাম আজাদ বলেন, এখানে জেনারেটর আছে। কিন্তু এটি বিকল থাকায় লোডশেডিংয়ের সময় চালু করা যায় না। আবুল কালাম আজাদ আরও জানান, গ্রন্থাগারটি নানা সমস্যায় জর্জরিত। এখানে দীর্ঘদিন ধরে গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিকের পদ খালি। বর্তমানে এখানে ২৬ হাজার ৯৯৭টি বই আছে। এসব বইয়ের জন্য তাক দরকার ৩৪টি। কিন্তু আছে মাত্র ২৪টি। তাকের অভাবে অনেক বই মাটিতে ফেলে রাখতে হয়েছে। ফলে একদিকে সঠিকভাবে বইয়ের স্তরবিন্যাস করা যাচ্ছে না। অন্যদিকে পাঠকদের চাহিদা মতো বই দেওয়া সম্ভব হচ্ছে না। লোডশেডিং প্রসঙ্গে জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শামছুল আলম জানান, কক্সবাজারের জন্য দৈনিক বিদ্যুৎ দরকার ৫৪ মেগাওয়াট। পাওয়া যাচ্ছে ১২ থেকে ১৮ মেগাওয়াট। এ কারণে লোডশেডিং করতে হচ্ছে। তবে কিছুদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।