গণজাগরণের শক্তি জোগাবে জাগরণের গান
স্বাধীনতার ৪০ বছরেও আমাদের জাতীয় জীবনের প্রতিটি বাধা অতিক্রম করে বিজয় অর্জনে এ দেশের আপামর জনগণকে উজ্জীবিত করছে দেশাত্মবোধক গান। আর এমন কালজয়ী গানকে একটি সংকলনে এনে জাগরণের গান নামের গানের সংকলন প্রকাশ করেছে দেশের দ্বিতীয় বৃহত্তর মোবাইল অপারেটর বাংলালিংক। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে তৃতীয় জাগরণের গান সংকলনে মোট ৭১টি গানের মধ্যে ৪০টি গান নতুন; বাকিগুলো আগের দুটি জাগরণের গান-এ সংকলিত হয়েছে। জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্র এই অ্যালবামের আত্মপ্রকাশ উপলক্ষে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জাগরণের গান-৩ অ্যালবামের প্রধান পৃষ্ঠপোষক বাংলালিংক। এই অ্যালবাম নিয়ে আমরা কথা বলেছি বাংলালিংকের জ্যেষ্ঠ বিপণন পরিচালক শিহাব আহমেদের সঙ্গে: ‘জাগরণের গান’ নামকরণের উদ্দেশ্য কী?এই বিশেষ ধরনের গানগুলো যেহেতু যুগে যুগে গণজাগরণে বিশেষ ভূমিকা রেখেছে এবং আন্দোলন-সংগ্রামে গণমানুষের অন্যতম শক্তি হিসেবে কাজ করেছে, তাই এসব গানকে জাগরণের গান বলা হয়েছে। ‘জাগরণের গান’-এ আপনাদের সম্পৃক্ততা কী ধরনের?জাগরণের গান মূলত জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের একটি উদ্যোগ, যেখানে সংগীতের ধারার অর্থাৎ গণসংগীতের ঋদ্ধ ঐতিহ্য স্মরণ করে বাংলালিংক ২০০৯ সালে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে জাগরণের গান শীর্ষক গণসংগীতের অ্যালবাম প্রকাশ করে, যাতে বিপ্লবী প্রেরণার নির্বাচিত গান ছিল ৭১টি। এরপর ২০১০ সালে একই ধরনের আরও ১০১টি গান নিয়ে প্রকাশ করা হয় জাগরণের গান-এর দ্বিতীয় অ্যালবাম। গণজাগরণের ৭১টি গানকে একটি সংকলনে একত্র করা হয়েছে। বাংলালিংক এই পুরো উদ্যোগের পৃষ্ঠপোষক। কেন বাংলালিংক এ আয়োজনে সম্পৃক্ত হলো?এ দেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি বাংলালিংকের রয়েছে অগাধ শ্রদ্ধা। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে আমরা দেশজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করে আসছি। এরই ধারাবাহিকতায় জাগরণের গান-এর সঙ্গে পৃষ্ঠপোষক হিসেবে আমাদের সম্পৃক্ততা। গণসংগীত বা জাগরণের গান ধারার সংগীতগুলো যুগে যুগে এ দেশে গণজাগরণের শক্তি জুগিয়েছে, দিয়েছে দিনবদলের প্রেরণা। আর এমন কালজয়ী গানকে সংকলনে আনার উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। গানগুলো সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছাকাছি নিয়ে আসার এই উদ্যোগকে সফল করতে আমরা সচেষ্ট হয়েছি।