গণজাগরণের স্লোগানে বসন্তবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের নরঘাতক যুদ্ধাপরাধীদের বিচারের ফাঁসির দাবিটাই প্রধান হয়ে ওঠে বসন্তের প্রথম দিনের উৎসবে। চট্টগ্রামে ফাল্গুনের প্রথম দিনটা গতকাল অন্যান্য বছরের চেয়ে তাই ব্যতিক্রমিই ছিল। ঢোলবাদন, শোভাযাত্রা, নাচ, গান, আবৃত্তিসহ নানা আয়োজনের সঙ্গে ছিল দ্রোহের গান আর বজ্রকণ্ঠে স্লোগান। যেন এবারের বসন্তবরণের উৎসবটি পরিণত হয় নতুনভাবে দাবি আদায়ের দিনে। নগরের ডিসি হিল চত্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ, বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ মুখরিত হয় ওঠে শিশু-কিশোর এবং তরুণদের পদচারণায়। গতকাল বুধবার সকালে ডিসি হিলের মুক্তমঞ্চে অর্কেস্ট্রায় রাগ ভৈরবীর সুরের মাধ্যমে বোধন আবৃত্তি পরিষদ শুরু করে বসন্ত উৎসবের। ‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’ শিরোনামে দিনব্যাপী এই আয়োজনে আবৃত্তি পরিবেশন করেন বোধনের সভাপতি আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত। নৃত্য পরিবেশন করেন গুরুকুলের শিল্পীরা। গান পরিবেশন করেন শ্রেয়সী রায়, আবৃত্তি করেন আফরোজা খানম। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী মিহির নন্দী, মালবিকা দাশ, শান্তনু বিশ্বাস, রঞ্জন চৌধুরী, সনজিত আচার্য্য, কল্যাণী ঘোষ, মোস্তফা কামাল, প্রিয়াংকা দাশ প্রমুখ। বাবুল জলদাসের ঢোল বাদনের মধ্য দিয়ে শেষ হয় সকালের আয়োজন। বিকেলে নানা রঙের মূর্তি ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নেওয়া প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে প্রতিবাদমুখর হয়ে ওঠে শোভাযাত্রা। বিকেলের অনুষ্ঠানে আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। গণজাগরণের গান পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী।এদিকে ‘বসন্তের মৌতাতে জাগে জীবনের জয়গান’ স্লোগানে নানা আয়োজনের মাধ্যমে প্রমা আবৃত্তি সংগঠন বসন্তকে বরণ করে নেয়। সভাপতি রাশেদ হাসানের আবাহনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের মুক্ত মঞ্চে। এরপর বাবুল জলদাসের ঢোলবাদন দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন ইনস্টিটিউটের চেয়ারম্যান জসিম উদ্দিন। সমবেত গান পরিবেশন করেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর শিল্পীরা। দলীয় নাচ পরিবেশন করে ঘুঙুর নৃত্যকলাকেন্দ্র, একক সংগীত পরিবেশন করেন শ্রেয়সী রায়, শাহরিয়ার খালেদ, জাহেদ হাসান, আব্দুর রহিম।