গণজোয়ার সৃষ্টির চেষ্টা মহিউদ্দিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে আসার পর চট্টগ্রামের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী নিজেকে অনেকটা নিরাপদ মনে করছেন। ইতিপূর্বে যাঁরা প্রকাশ্যে মহিউদ্দিনের বিরোধিতা করছিলেন ওই বৈঠকের পর তাঁরাও অনেকটা দমে গেছেন বলে দলীয় লোকজন মনে করছেন। এ কারণে দলীয় বিরোধিতামুক্ত মহিউদ্দিন গত বৃহস্পতিবার বিকেল থেকে নতুন উদ্যমে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন বলে জানা যায়। তবে তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয় গত শুক্রবার শাহ আমানত (র.)-এর মাজার জেয়ারতের মধ্য দিয়ে।এ প্রসঙ্গে মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন,‘আল্লাহর অলিকে জানিয়ে আমি প্রচারণা শুরু করেছি। আর নেতারাও সবাই আমার জন্য কাজ করবেন বলে ঢাকায় নেত্রীকে কথা দিয়ে এসেছেন।’ এ অবস্থায় তাঁর সপক্ষে আগের তিনবারের মতো এবারও নির্বাচনী গণজোয়ার সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ গণজোয়ার সৃষ্টির জন্য নাগরিক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটি যৌথভাবে কাজ শুরু করেছে। প্রসঙ্গত, মেয়র-বিরোধীদের সঙ্গে সমঝোতা স্থাপনের জন্য প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার গণভবনে ডেকে পাঠান চট্টগ্রামের শীর্ষস্থানীয় আওয়ামী লীগের নেতা ও স্থানীয় সাংসদদের। মহিউদ্দিনের বিরোধী বলে পরিচিত দলীয় দুই সাংসদ নুরুল ইসলাম ও এম আবদুল লতিফ বিদেশে অবস্থানের কারণে বৈঠকে যেতে পারেননি। তবে অন্য নেতারা মহিউদ্দিনের পক্ষে কাজ করার মত দিয়ে আসায় এ দুই সংসদ সদস্যের মহিউদ্দিনের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেওয়ার সম্ভাবনা কম বলে জানা যায়।সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিরোধের কথা মাথায় রেখে মহিউদ্দিন চৌধুরী নির্বাচনী প্রচারণায় নতুন কৌশল নিয়েছেন। তাঁর পরামর্শকেরা এবার নগরের ৪১ ওয়ার্ডে নির্বাচনী কমিটি গঠনের পাশাপাশি দলীয় লোকজন নিয়ে আলাদা নির্বাচন পরিচালনা কমিটিও করছেন। ফলে বিপুলসংখ্যক লোকজনকে নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হচ্ছে।জানা যায়, সাংগঠনিকভাবে নির্বাচনী প্রচারণার পাশাপাশি মহিউদ্দিন নিজেও একটি ট্রাকে করে পাড়া-মহল্লার অলিগলিতে ঘুরে প্রচার প্রচারণা চালানোর পরিকল্পনা নিয়েছেন। এ জন্য টয়োটা ব্রান্ডের একটি ডায়না দেড়টনি ছোট ট্রাক বিশেষভাবে সাজানো হচ্ছে। ওই ট্রাকে বসেই মহিউদ্দিন দিনের বেশির ভাগ সময় কাটাবেন বলে জানা গেছে।মিনি ট্রাকে প্রচারণা কেন—জানতে চাইলে নাগরিক কমিটির সদস্যসচিব এমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই প্রচার-প্রচারণার সময় কম। প্রার্থীকে নিয়ে যাতে অলিগলিতে ঢুকে প্রচারণা চালানো যায় সেজন্য মিনি ট্রাক বেছে নেওয়া হয়েছে।’মহিউদ্দিনের ঘনিষ্ঠ বলে পরিচিত নগর আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম কম সময়ের মধ্যে দলীয় প্রার্থীর প্রচারণা শেষ করার কৌশল সম্পর্কে বলেন, ‘এখন ডিজিটাল যুগ। সশরীরে প্রার্থীর কাছে না গিয়েও আমরা ভোটারদের মনজয় করতে পারব বলে আশা রাখি।’ তিনি বলেন, ‘আমরা ভোটারদের মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তা (এসএমএস) পাঠাব। প্রয়োজনে ১৭ লাখ ভোটারের জন্য ১৭ লাখ এসএসএস দেব। এতে নিশ্চয় এক দিনের বেশি সময় লাগবে না।’ দলীয় নেতা-কর্মীরা মনে করেন, যখন নির্বাচনী জোয়ার সৃষ্টি হবে তখন নেতাদের মতবিরোধ, মান অভিমান কোনো কিছুতেই কাজ হবে না। মানুষ মহিউদ্দিন চৌধুরীর নামের ওপর ভোট দেবে। নাগরিক কমিটি এবং নির্বাচন পরিচালনা কমিটি সেই নির্বাচনী জোয়ার সৃষ্টির চেষ্টা শুরু করেছেন বলে জানা যায়।