গণতন্ত্র না থাকলে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও অশুভ শক্তির পদচারণ বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব ক্ষেত্রে গণতেন্ত্রর চর্চা করতে হয়। শিক্ষাজীবনে ছেলেমেয়েরা গণতন্ত্রচর্চার সুযোগ হারালে দেশও পিছিয়ে পড়বে। তাই গণতন্ত্রের সুফল সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক ধারণা থাকা দরকার। গণতন্ত্র না থাকলে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও অশুভ শক্তির পদচারণ বাড়ে।
৪ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত গণতন্ত্র অলিম্পিয়াডে বক্তারা এসব কথা বলেন। দ্য হাঙ্গার প্রজেক্ট নামে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় আয়োজিত গণতন্ত্র অলিম্পিয়াডে কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, কক্সবাজার সিটি কলেজ ও কক্সবাজার হার্ভার্ড কলেজের ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন।
শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদ।
বক্তব্য দেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মনজুমন্নাহার, সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার, দ্য হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা মায়মুনা আকতার, শিক্ষক মো. জাবের ও বুলবুল আক্তার, ইউপি সদস্য ইসমত আরা প্রমুখ।
অলিম্পিয়াডে প্রথমে শিক্ষার্থীরা ৫০ নম্বরের একটি লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরে গণতন্ত্র সম্পর্কে শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। শেষে ফলাফল ঘোষণা করা হয়।
মাধ্যমিক পর্যায়ের লিখিত পরীক্ষায় চ্যাম্পিয়ন হয় কক্সবাজার সিটি কলেজের ছাত্র শাহেদুল করিম, রানারআপ কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী শিরিন আকতার এবং স্নাতক পর্যায়ে চ্যাম্পিয়ন হন মনিরুল তানভীর, রানারআপ ছানাউল হক। দুজনই কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী।