গণতন্ত্রের পথ প্রশস্ত হবে সম্প্রীতির পথেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো কাজ একালে ব্যতিক্রমী হিসেবে পরিচিত হচ্ছে। ভুক্তভোগী মানুষ জানে এখন দুঃসময়, ভালো কাজের আকাল।লালদীঘির মাঠে আয়োজিত সম্প্রীতি সমাবেশ চট্টগ্রামের মানুষের মনে শুভবোধ ছড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষাপটে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ এই সমাবেশের আয়োজন করে। ‘আর নয় প্রতিবাদ, এবার প্রতিরোধ’—এটিই আয়োজকদের স্লোগান ছিল। তবে প্রতিরোধের আহ্বানের মধ্যে শক্তি প্রয়োগের যে ভাব থাকে তার বদলে লালদীঘির সমাবেশে প্রকাশ পেয়েছে শান্তি-সম্প্রীতির মনোভাব। সমাবেশে আওয়ামী লীগ-বিএনপির নেতারা এক সুরেই এই মনোভাবের পক্ষে কথা বলেছেন। চট্টগ্রামের মেয়র আর বিভিন্ন ধর্মাবলম্বী জনপ্রতিনিধি ও পেশাজীবী নেতারাও শান্তি-সম্প্রীতির পক্ষে জোরের সঙ্গে কথা বলেছেন। রাজনৈতিক আর সামাজিক সদিচ্ছা যদি একই মতে মিলতে পারে তবে মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা যায়।আমরা সবাই বুঝি প্রায় কোটি মানুষের এই বৃহত্তর চট্টগ্রামে মাত্র হাজার দশেক পুলিশ, বিজিবি আর আনসারের পক্ষে বেপরোয়া হাঙ্গামা মোকাবিলা সম্ভব নয়। সে কারণেই রাজনৈতিক দলের পক্ষ থেকে সম্প্রীতির অনুকূলে সহায়ক ভূমিকা তো লাগবেই, তা ছাড়া চাই সমাজের দিক থেকে মানবিক ও ইতিবাচক বাতাবরণ সৃষ্টি ও তা সব সময় রক্ষা করার মনোভাব। সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির পেছনে দুধরনের মানুষ কাজ করে থাকে। একদিকে যারা আদর্শিকভাবে ধর্মান্ধ ও প্রতিক্রিয়াশীল তারা হীন দলীয় রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক উসকানি দিয়ে সংঘাত সৃষ্টি করে। আর অন্যদিকে আছে দুর্নীতিগ্রস্ত রাজনীতিক ও অপরাধী প্রকৃতির মানুষ যারা নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে মূলত লুণ্ঠন ও ভোগের উদ্দেশ্যে সমাজের দুর্বল অংশের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়ে থাকে। এর সঙ্গে যদি বড় কোনো রাজনৈতিক দল তাদের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কৌশল হিসেবে এতে ইন্ধন জোগায় তাহলে পরিস্থিতি সত্যিই খারাপ হতে বাধ্য। সম্প্রতি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারের রায় প্রকাশিত হওয়ার পর যে ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে তাতে এই তিন মহলেরই যোগসাজশ ঘটেছে বলে মনে হয়।তবে যেভাবেই হোক এই সংকট মোকাবিলায় বিভিন্ন পক্ষের ঐকমত্য সমাজে, বিশেষত ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছুটা হলেও আশার আলো জাগিয়েছে। এখন হিন্দু সম্প্রদায়ের পাশে সংখ্যাগুরু সম্প্রদায়কে দাঁড়াতে হবে, যাতে দুরভিসন্ধি নিয়ে কেউ নতুন করে পরিস্থিতি খারাপ করতে না পারে। এই ক্ষেত্রে বিশেষ করে সক্রিয় ভূমিকা নিতে হবে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে। এ ছাড়া যেসব অসাম্প্রদায়িক বাম রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন রয়েছে তাদের আরও সজাগ থেকে সাম্প্রদায়িকতা বিরোধী সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমরা আশা করব অন্তত আঞ্চলিক পর্যায়ে বড় দুই দল এ রকম মানবিক ইস্যুতে একসঙ্গে কাজ করতে পারবে। এতে জনমনে তাদের সম্পর্কেও শঙ্কার ভাব কাটবে এবং সেই সঙ্গে উপকৃত হবে দেশের সমাজ, এমনকি গণতন্ত্রের পথও প্রশস্ত হবে।