গণতন্ত্রের মডেল থেকে অস্তিত্বের সংকটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার দারিদ্র্যক্লিষ্ট দেশ মালিকে ওই অঞ্চলের উন্নয়ন ও গণতন্ত্রের মডেল হিসেবে বিবেচনা করা হচ্ছিল। সেই দেশেই ঘটে গেল সেনা অভ্যুত্থান। শুধু তা-ই নয়, উত্তরাঞ্চলের একটি অংশ দখলে নিয়ে এর স্বাধীনতা ঘোষণা করেছে বিদ্রোহীরা। ফলে দেশটি আবার পিছিয়ে যাবে বলে আশঙ্কা সবার। সত্যি বলতে, অস্তিত্বের সংকটেই পড়েছে মালি। বলা হচ্ছে, ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এমন নজিরবিহীন সংকটে আর কখনোই পড়েনি দেশটি।আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোয়াসের মধ্যস্থতায় মালি সংকট সমাধানের দিকেই এগোচ্ছে। কিন্তু কেন এই অভ্যুত্থান?ঘটনার শুরুক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আমাদু তুমানি তুরের বিরুদ্ধে অভিযোগ, দেশটির উত্তরাঞ্চলে তুয়ারেগ বিদ্রোহীরা দীর্ঘদিন থেকে সক্রিয় থাকলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন তিনি। সাবেক জেনারেল আমাদু ১৯৯১ সালে এক অভ্যুত্থানে মালির তখনকার সামরিক জান্তাকে সরিয়ে ক্ষমতায় আসেন। পরের বছর বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এ কারণে গণতন্ত্রপন্থীদের কাছে সমাদৃত হন তিনি। তাঁর নাম হয় ‘গণতন্ত্রের প্রতি একাত্ম’। ২০০২ সালে মালির প্রেসিডেন্ট নির্বাচিত হন তুরে। ২০০৭ সালে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হন। চলতি মাসেই তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।আমাদু তুয়ারেগ বিদ্রোহীদের সঠিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন, এ অভিযোগ মালির সাধারণ মানুষেরও। বিশেষ করে, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর তুয়ারেগ বিদ্রোহীরা যখন মালিতে ফিরছিল, তখন সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন আমাদু। তুয়ারেগ বিদ্রোহীরা গাদ্দাফির পক্ষ নিয়ে যুদ্ধ করেছিল। এ ছাড়া গত জানুয়ারিতে সাহারায় বিদ্রোহীদের হাতে মালির যে সেনারা হতাহত হয়, তাদের পরিবারের প্রতি যথেষ্ট সহানুভূতি দেখাননি প্রেসিডেন্ট আমাদু। বিষয়টি সেনাবাহিনীকে ক্ষুব্ধ করে তোলে।অভ্যুত্থানসেনাবাহিনীর ক্যাপ্টেন আমাদু সাঙ্গো গত ২২ মার্চ প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেন। অভ্যুত্থানকারীরা দাবি করে উত্তরাঞ্চলের বিদ্রোহীদের মোকাবিলা করতে প্রেসিডেন্টের ব্যর্থতার কারণেই তারা অভ্যুত্থান করতে বাধ্য হয়েছে। তারা বেসামরিক সরকারের হাতে দ্রুতই ক্ষমতা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে।ক্যাপ্টেন আমাদু সাঙ্গো মালির সেনাবাহিনীর মধ্যসারির কর্মকর্তা। মালির দ্বিতীয় বৃহত্তম শহর সেগুরে জন্মগ্রহণ করেন সাঙ্গো। সেখানে তাঁর বাবা একটি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেন। সাংবাদিকেরা সাঙ্গোকে সাহসী, আত্মবিশ্বাসী ও সম্মোহনী ক্ষমতাসম্পন্ন নেতা হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র থেকে সামরিক ও গোয়েন্দা প্রশিক্ষণ আছে তাঁর।উত্তরাঞ্চলের স্বাধীনতাএই অভ্যুত্থানের সুযোগ নিয়ে উত্তরাঞ্চলের গাও, টিম্বাকটু ও ফিদলিসহ বেশ কিছু এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তুয়ারেগ বিদ্রোহীরা। তারা আজাওয়াদ নাম দিয়ে ওই এলাকার স্বাধীনতা ঘোষণা করে। ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আজাওয়াদকে (এমএনএলএ) ‘নতুন দেশের’ কর্তৃপক্ষ বলে দাবি করে তুয়ারেগ বিদ্রোহীরা। পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ বিশ্বের অনেক দেশ এই স্বাধীনতার ঘোষণা প্রত্যাখ্যান করেছে।মালির উত্তরাঞ্চলে এমএনএলএ ছাড়াও কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী আছে। এর একটি ইসলামপন্থী আনসার দিন। দুটিই তুয়ারেগ বিদ্রোহীদের। তবে আনসার দিন ও এমএনএলএর আদর্শ ভিন্ন। এমএনএলএ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আর আনসার দিন চায় শরিয়া আইন প্রতিষ্ঠা করতে। এরই মধ্যে তারা বেশ কিছু এলাকায় শরিয়া আইন চালু করার চেষ্টা করছে বলে জানা গেছে। আদর্শ আলাদা হলেও এ দুটি পক্ষ একজোট হয়ে সরকারি বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় লড়াই করেছে। এমএনএলএর মূল নিয়ন্ত্রণ দুজনের হাতে। একজন সংগঠনের সাধারণ সম্পাদক বিলাগ চেরিক ও অন্যজন এর সামরিক শাখার প্রধান মোহাম্মদ আগ নাজিম। তাঁরা উভয়েই জাতিগতভাবে তুয়ারেগ। দুজনই লিবিয়ায় গাদ্দাফির পক্ষে লড়াই করেছিলেন। গাদ্দাফি ক্ষমতাচ্যুত হলে ফিরে আসেন মালিতে। ফেরার সময় প্রচুর অস্ত্র ও বিস্ফোরক আনতে সক্ষম হন তাঁরা।আর আনসার দিন নেতার নাম ইয়াদ আগ ঘালি। তিনিও তুয়ারেগ। সাবেক এই বিদ্রোহী নেতার সঙ্গে আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা আল-কায়েদা ইন দি ইসলামিক মাগরেবের যোগাযোগ রয়েছে।এমএনএলএর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তারা উত্তরাঞ্চলের সব এলাকা নিয়ন্ত্রণ করছে। অধিকৃত এলাকার অধিবাসীদের সুখ-শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ শুরু করে দিয়েছে তারা।পক্ষান্তরে আনসার দিন বলেছে, তারা উত্তরাঞ্চলের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না। বরং পুরো মালিতে শরিয়া আইন প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।ইকোয়াসের মধ্যস্থতাএকপর্যায়ে মালি সংকট সমাধানে মধ্যস্থতা শুরু করে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোয়াস। ইকোয়াসের সঙ্গে চুক্তির আওতায় ক্ষমতা ছাড়তে রাজি হন ক্যাপ্টেন সাঙ্গো। যদিও ক্ষমতা ছাড়ার তারিখ এখনো জানানো হয়নি। এই চুক্তির ফলে মালির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ইকোয়াস। চুক্তিতে অভ্যুত্থানকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে বলেও উল্লেখ রয়েছে।ইকোয়াসের সঙ্গে চুক্তি অনুযায়ী অভ্যুত্থানকারীরা সংসদের স্পিকার দিওয়ান কাউন্দ্রা ত্রাউরের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। ৪০ দিনের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করবেন ত্রাউরে। একই সঙ্গে উত্তরাঞ্চলের তুয়ারেগ বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আমাদু তুমানি মালিতে যেখানে খুশি থাকবেন। তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে।সামনের চ্যালেঞ্জপ্রথমত, ক্ষমতা ছাড়ার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি ক্যাপ্টেন আমাদু। তাঁর ক্ষমতা ছাড়ার পর আসবে রূপরেখা বাস্তবায়নের কথা। মালির অনেকেই তাঁদের বর্তমান অবস্থার সঙ্গে গিনির তুলনা করছেন। ২০০৮ সালে গিনির সামরিক শাসক মুসা দাদিস কামারা ক্ষমতা দখল করেন। ক্ষমতার স্বাদ পেয়ে ভুলে যান বেসামরিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা। এখানেও হয়তো একই ঘটনা ঘটতে যাচ্ছে।আর যে রূপরেখা দেওয়া হচ্ছে, তাতে স্পিকারের ক্ষমতা নেওয়ার ৪০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা হয়েছে। বাস্তবে তা সম্ভব কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। প্রশ্ন আরও আছে। এত কম সময়ে দেশে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, বিশেষ করে উত্তরাঞ্চলের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আনা কি সম্ভব? ওই বিদ্রোহীদের ব্যাপারে কী করা হবে, তা নিয়েও চুক্তিতে কোনো দিকনির্দেশনা নেই।তাই সব মিলিয়ে গত ২০ বছরে গণতন্ত্র ও উন্নয়নের মডেল হিসেবে পরিচিতি পাওয়া মালি আবারও সেই পরিচয় ফিরে পাবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তথ্যসূত্র: বিবিসি