গণপরিবহণ বাড়িয়ে এ নৈরাজ্য কমানো সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোরিকশায় মিটার কার্যকর করা নিয়ে প্রথম আলোর মুখোমুখি হয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন। সাক্ষাৎকার নিয়েছেন সাঈদা ইসলাম

এস এম নাজের হোসাইন
এস এম নাজের হোসাইন

প্রথম আলো: ১ ফেব্রুয়ারি থেকে নগরে মিটারে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বাধ্যতামূলক করা হয়েছে। বাস্তবে তার প্রতিফলন কতটুকু দেখছেন?
এস এম নাজের হোসাইন: কঠোর না হলে, সাধারণত কেউই আইন মানতে চান না। মিটারে চলাচল বাধ্যতামূলক করা হয়েছে যাত্রী, মালিক-চালক সবার সুবিধার কথা বিবেচনা করে। কিন্তু বেশিরভাগ চালকই তা মানছেন না। এগুলো দেখার কথা আইন প্রয়োগকারী সংস্থার। তারাও উদাসীন। প্রথম কয়েকদিন কোনো কোনো জায়গায় পুলিশের কিছু তৎপরতা দেখা গিয়েছিল। কিন্তু এখন আর সেটি চোখে পড়ে না। ফলে মিটার মিটারের জায়গায় রয়েছে, যাত্রীদের এখনো দর কষাকষি করে চলতে হচ্ছে। এ দেশের যাত্রীরা সিএনজি অটোরিকশা মালিক-চালকদের কাছে এক প্রকার জিম্মি হয়ে আছে।
প্রথম আলো: চালকদের অভিযোগ, অনেক যাত্রীও মিটারে যেতে আগ্রহী নন।
এস এম নাজের হোসাইন: কিছু কিছু ক্ষেত্রে এটি সত্য। এর প্রধান কারণ, আস্থার সংকট। কারণ সিএনজি অটোরিকশাগুলোতে যে মিটার বসানো হচ্ছে এগুলো পরীক্ষিত কী না এ নিয়ে অনেকের মনে সন্দেহ রয়েছে। যাত্রীদের অনেকের ধারণা, মিটার হয়তো টেম্পারিং করা হয়েছে। সে কারণে ন্যায্য ভাড়ার চেয়ে বেশি ভাড়া আসবে সন্দেহে অনেক যাত্রীও দর কষাকষি করে যেতে আগ্রহী। যাত্রীর আস্থা ফিরিয়ে আনার দায়িত্বও কর্তৃপক্ষের বলে মনে করি। এ ছাড়া যানজটের বিষয়টিও অনেক যাত্রীর অনাগ্রহের কারণ হয়ে থাকতে পারে।
প্রথম আলো: অটোরিকশার ভাড়ার জন্য কী তাহলে মালিক-চালকদের এককভাবে দায়ী করবো আমরা?
এস এম নাজের হোসাইন: এককভাবে দায়ী বলবো না। তবে তাঁদের সুযোগ দেওয়া হয়েছে। আমরা যারা ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করছি, তারা অনেকদিন থেকেই গণপরিবহণ সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকারসহ কোনো কর্তৃপক্ষই এ দাবি কানে তুলছেন না। সিএনজি অটোরিকশা যাত্রী প্রধানত এ দেশের মধ্যবিত্ত, কিংবা নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ। তাঁরা কাজের প্রয়োজনে এ বাহনটি ব্যবহার করে আসছে। গণপরিবহণ সুবিধা বাড়ানো হলে নিশ্চয়ই তাঁরাও এটি ব্যবহার করবেন। তখন অটোরিকশার ওপর নির্ভরশীলতা কিছুটা হলেও কমতো।
এ ছাড়া দেখা গেছে, একটি প্রতিষ্ঠানই এ দেশে অটোরিকশা আমদানির সুযোগ পাচ্ছে। ফলে একচেটিয়া ব্যবসা করার কারণে অটোরিকশার দামও দ্বিগুণ বেড়েছে। ফলে মালিক চালকের কাছ থেকে জমার টাকা নেওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আর চালক সেটি আদায় করছেন সাধারণ যাত্রীর কাছ থেকে। এ জন্য বিকল্প আমদানির ব্যবস্থা করাও খুব জরুরি বলে মনে করছি, যাতে কেউ কাউকে জিম্মি করতে না পারে।