গণপরিবহনে নৈরাজ্য, যাত্রীরা অসহায়

সোমবার সকাল সাড়ে নয়টা। নগরের প্রবেশমুখের কর্নেল হাট মোড়। গাড়ির অপেক্ষায় শতাধিক মানুষ। তাঁদের গন্তব্য নগরের বিভিন্ন স্থানে। কেউ যাবেন কর্মক্ষেত্রে, কেউ কলেজে কিংবা অন্য কোনো কাজে। কিছুক্ষণ পরপর সিটি সার্ভিসের একটি বাস এলেই হুড়মুড় করে পড়ছেন। হুড়োহুড়ি করে উঠতে গিয়ে একেকজনের ত্রাহি অবস্থা।
অনেকে এই যন্ত্রণা এড়াতে পিকআপে চড়ছেন। কেউ চেষ্টায় আছেন সিএনজিচালিত অটোরিকশা ধরার। তাতেও বিপত্তি, ভাড়া দ্বিগুণ। একই দিন বিকেলে অফিস শেষে ফেরার পথেও আগ্রাবাদ, সিইপিজেড, জিইসি, দুই নম্বর গেট ও বহদ্দারহাট মোড়ে পরিবহন–সংকট দেখা যায়। গণপরিবহনের ভোগান্তির এই চিত্র প্রতিদিনের।
যাত্রীদের অভিযোগ, গণপরিবহনের নৈরাজ্য সব সময়ই চলছে। আগে যাত্রীবাহী বাস না পেলেও ব্যাটারিচালিত রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশায় চলাচল করা যেত। কিন্তু ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়ার পর সিএনজিচালিত অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশা ভাড়া অস্বাভাবিকভাবে বেড়েছে।
গত ২৪ জুন সর্বশেষ প্রায় ৭০ হাজার ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন।
কর্নেল হাটে গাড়ির জন্য অপেক্ষায় থাকা কলেজছাত্র সুজন দত্ত বলেন, ‘বাস ও অটোরিকশার চালকদের কাছে যাত্রীদের কোনো মূল্য নেই। আমরাও অসহায়, যেতে তো হবেই।’
নগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, নগরে যাত্রীবাহী বাস রয়েছে ৯৯৩, হিউম্যান হলার ৮১০, টেম্পো ১৪৭৪ ও সিএনজিচািলত অটোরিকশা সাড়ে ১১ হাজার। এর মধ্যে প্রতিদিন যান্ত্রিক ত্রুটির জন্য গ্যারেজে থাকে ২০ থেকে ২৫ শতাংশ গাড়ি। তবে যাত্রীবাহী বাসের মধ্যে ১০৮টি বিভিন্ন কারখানার শ্রমিক পরিবহনের জন্য চুক্তিবদ্ধ। কিন্তু কারখানার মালিকেরা এর বাইরে আরও শতাধিক গাড়ি শ্রমিক পরিবহনে ব্যবহার করেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, স্কুল-কলেজ ও অফিস শুরু এবং ছুটির সময় নগরে গণপরিবহনের সংকট দেখা দেয়। কারণ, ওই সময় প্রায় অর্ধেক বাস নিয়োজিত থাকে পোশাকশ্রমিক আনা–নেওয়ায়।
চট্টগ্রাম নগরের এই দুর্ভোগের খবর পৌঁছেছে প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জুন মাসের শেষ সপ্তাহে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও পরিবহনশ্রমিকদের সঙ্গে একটি বৈঠক করেন। ওই বৈঠকে তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী সংবাদপত্রের মাধ্যমে চট্টগ্রাম নগরবাসীর দুর্ভোগের চিত্র জানতে পেরেছেন। তাই তিনি আমাকে চট্টগ্রামে পাঠিয়েছেন, যাতে এই নগরে পরিবহন দুর্ভোগ থেকে মানুষ রক্ষা পায়।’
সার্কিট হাউসের ওই বৈঠকে মন্ত্রী ওবায়দুল কাদের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেন। কমিটির করণীয় ছিল, সিএনজিচালিত অটোরিকশায় মিটার সংযোজন নিশ্চিতকরণ। কমিটির অন্য দুই সদস্য হলেন নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এরপর কমিটির সদস্যরা নিজেদের মধ্যে তিন দফা আলোচনা করে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। কারণ মন্ত্রী কমিটির ওপর যে দায়িত্ব দিয়েছিলেন তা মন্ত্রণালয়ের বাইরের কারও করার এখতিয়ার নেই। ফলে অটোরিকশায় মিটার চালু করার বিষয়টি ঝুলে গেছে। কেউ অটোরিকশায় ভ্রমণ করতে চাইলে চালকেরা গলাকাটা ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করে নিচ্ছেন। পরিবহন বিশেষজ্ঞরা জানান, নগরের ৬৯ লাখ মানুষের জন্য যাত্রীবাহী বাস আছে ৯৯৩। যা খুবই নগণ্য। তার ওপর প্রয়োজনের সময় সব গাড়ি থাকে না। আর যেগুলো আছে তাও লক্কড়ঝক্কড়। দীর্ঘদিন ধরেই চলছে এই অবস্থা।
নগরে জরুরি ভিত্তিতে নতুন কিছু বাস নামানো ও সিএনজিচালিত অটো-রিকশায় মিটার সংযোজন করতে পারলে এই সমস্যা কিছুটা হলেও সামাধান হবে। পরিবহন বিশেষজ্ঞ ও প্রকৌশলী সুভাষ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘মিটারে সিএনজিচালিত অটোরিকশার প্রথম দুই কিলোমিটারের সর্বশেষ ভাড়া ২৫ টাকা নির্ধারণ করেছিল সরকার। এই ভাড়ার তালিকা সরকার করেছে। কিন্তু আমরা এর বাস্তবায়ন দেখছি না। এই সুযোগে অটোরিকশার চালকেরা প্রতিদিন হাজার হাজার যাত্রীর কাছ থেকে গলাকাটা ভাড়া আদায় করে নিচ্ছেন। চালকদের নৈরাজ্য ঠেকানোর কেউ নেই।’
আগ্রাবাদের বেসরকারি বিমান সংস্থার ব্যবস্থাপক আসিফ চৌধুরী বলেন, ‘কাতালগঞ্জ এলাকার বাসা থেকে অফিসের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। বিআরটিএর সর্বশেষ ভাড়া তালিকা অনুসরণ করা হলে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া কোনোভাবেই ৬৫ টাকার বেশি হওয়ার কথা নয়। কিন্তু আমি প্রতিটি কার্যদিবসে ১৩০-১৪০ টাকা ভাড়া দিয়ে অফিসে যাই। বিকেলে অফিস ছুটির পর ভাড়া আরও ২০-২৫ টাকা বেড়ে যায়। অটোরিকশায় যাওয়া ছাড়া উপায়ও নেই। বাসে ওঠাই যায় না।’
প্রসঙ্গত, বিগত চারদলীয় জোট সরকারের আমলে সিএনজিচালিত অটোরিকশা মিটারে চলাচল শুরু হয়েছিল। এক-এগারোর সরকার আসার পর মিটারেই চলেছিল এসব ছোট যান। রাজনৈতিক সরকার আসার পর গ্যাসের দাম বাড়ানো হয়। তখন মিটারে ভাড়াও বাড়ানো হয়েছিল। কিন্তু বিআরটিএর নির্ধারিত বর্ধিত ভাড়ার পরিবর্তে নিজেদের ইচ্ছেমতো ভাড়া নিয়ে অটোরিকশার চালকেরা যাত্রী পরিবহন করছেন।