গণপরিবহনে প্রতিদিন নারীদের হয়রানি
‘তাড়াহুড়া করে ভিড় ঠেলে বাসে উঠতেই টের পেলাম একটা হাত আমাকে স্পর্শ করেছে। আসন খালি না থাকায় দাঁড়িয়ে যাচ্ছিলাম। অস্বস্তি হলেও প্রথমে আমলে নিইনি। ভাবলাম, ভিড়ের মধ্যে ও রকম একটু-আধটু হাত লাগতেই পারে। কিন্তু পরক্ষণেই আমার ভুল ভাঙল। পেছন থেকে হাতটি বারবার আমাকে স্পর্শ করে চলেছে। প্রতিবাদ করতেই উল্টো অপমানিত হলাম।’ কথাগুলো বলতে বলতে ঘৃণা আর লজ্জায় কেঁদে ফেললেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মুনিয়া সুলতানা (ছদ্মনাম)। মুনিয়ার মতো শিক্ষাপ্রতিষ্ঠানে, কর্মস্থলে যেতে-আসতে প্রতিদিন গণপরিবহনগুলোতে এমন অবমাননাকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন নারীরা। বাসে উঠে কিছু লোক ভিড়ের সুযোগে মেয়েদের স্পর্শ করে নাজেহাল করছে। এতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন নারী যাত্রীরা। একশ্রেণীর পুরুষ যাত্রীর সামাজিক সচেতনতার অভাব ও গণপরিবহনে নারীদের জন্য সংরক্ষিত আসন না থাকায় বাসে চড়তে গিয়ে নাজেহাল হচ্ছেন নারীরা।দেখা গেছে নগরের বিভিন্ন রুটের বাসে চালকের আসনের পাশে নারী যাত্রীদের বসার ব্যবস্থা করা হয়েছে। তবে এসব আসনে সর্বোচ্চ চারজন বসতে পারেন। কিন্তু অফিস শুরুর আগে ও শেষ হওয়ার পর ব্যস্ত সময়ে (পিক আওয়ারে) ওই সব আসনে পুরুষ যাত্রীরা বসে থাকেন। এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘নারী যাত্রীদের জন্য বাসে কোনো আসন সংরক্ষণের বিধান রাখা হয়নি। তবু আমরা চালকের পাশে কিছু আসন সংরক্ষিত রেখেছি।’বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করেন সোমা বণিক। স্বল্প খরচে কর্মস্থলে যাতায়াত করতে শহর এলাকার বাসই তাঁর ভরসা। ইদানীং বাসে উঠেই মুখোমুখি হতে হচ্ছে বিড়ম্বনার। তিনি বলেন, ‘গণপরিবহনগুলোতে মহিলাদের জন্য আসন সংরক্ষিত নেই। আসন না পেয়ে যেদিন দাঁড়িয়েও যাই, সেদিন পোহাতে হয় দুর্ভোগ। ভিড়ের মধ্যে দাঁড়ালে ইচ্ছে করে গায়ের ওপর এসে পড়ে পাশে দাঁড়ানো কোনো যাত্রী কিংবা ভিড়ের মধ্যে কেউ গায়ে হাত দিয়ে বসে।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিমাও গণপরিবহনে উঠে নাজেহাল হয়েছিলেন। তবে সঙ্গে সঙ্গে প্রতিবাদও করেছিলেন তিনি। নাহিমা বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে টেম্পো থেকে নামতে গেলে একটি বখাটে ছেলে আমার ওড়না ধরে টান দেয়। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি। তবে এসব ঘটনায় প্রতিবাদ করেও কোনো লাভ হয় না। প্রতিবাদ করতে গেলে দেখি কেউ এগিয়ে আসে না। রুখে দাঁড়ানোর বদলে তামাশাই দেখে লোকজন। ফলে অভিযুক্ত ব্যক্তিটি পার পেয়ে যায়। আইনের আওতায় নেওয়া সম্ভব হয় না।’শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অগ্রগতি হলেও নগরে নিরাপদে চলাচল এখনো নিশ্চিত করা যায়নি। এর কারণ নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টায়নি এখনো। তাই প্রতিপদে নারীকে শিকার হতে হচ্ছে শারীরিক এবং মানসিক নির্যাতনের। এমনটাই মনে করেন নারীনেত্রী এবং মানবাধিকারকর্মীরা। মানবাধিকারকর্মী এবং নারীনেত্রী জেসমিন সুলতানা বলেন, ‘নারীদের যৌন হয়রানি করায় দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানে জনসাধারণ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।’ সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস বলেন, ‘নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টালেই ঘরে-বাইরে মেয়েরা নিরাপদ বোধ করবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে মহিলা বাসসার্ভিস চালুরও উদ্যোগ নিতে হবে।’ এ ব্যাপারে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অন্জনা ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, ‘মুষ্টিমেয় কিছু লোকই এ ধরনের ন্যাক্কারজনক কাজে লিপ্ত থাকে। নৈতিক জায়গা থেকেই এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সবাইকে এগিয়ে আসতে হবে।’ এ ব্যাপারে নগর পুলিশের সহকারী কমিশনার (যানবাহন) এমরান ভূঁইয়া বলেন, ‘সড়কের প্রতিটি মোড়েই ট্রাফিক সার্জেন্ট নিয়োজিত থাকেন। যদি কোনো নারী এ ধরনের হয়রানির শিকার হন তবে তিনি অভিযোগ জানাতে পারেন। পুলিশ তৎক্ষনাৎ আইনীব্যবস্থা গ্রহণ করবে।’