গণবিক্ষোভের ঘটনাপঞ্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ জানুয়ারি: কয়েক সপ্তাহের গণবিক্ষোভ ও পুলিশ-জনতা সংঘর্ষের পর তিউনিসিয়ার প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী দেশ ছেড়ে পালিয়ে যান। ডিসেম্বরে এক বেকার তরুণের আগুন লাগিয়ে আত্মাহুতির ঘটনা সে দেশে বিক্ষোভের সূত্রপাত করে।২৩ বছর ক্ষমতায় থাকার পর বেন আলীর পতন মিসরে সরকারবিরোধী বিক্ষোভে অনুপ্রেরণা জোগায়।২৫ জানুয়ারি: ইন্টারনেটে প্রচারাভিযানের পর মিসরের হাজার হাজার মানুষ দেশের কয়েকটি শহরে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। মূূূল বিক্ষোভস্থল কায়রোর তাহরির স্কোয়ারে দাঙ্গা পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা বলে, দারিদ্র্য, দুর্নীতি ও বেকারত্বের কারণে তারা ক্ষুব্ধ। তারা ঘোষণা দেয়, প্রেসিডেন্ট মোবারক পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে।২৮ জানুয়ারি: বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এর তীব্রতা বাড়তে থাকে। কায়রো, আলেক্সান্দ্রিয়া ও সুয়েজে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করা হয়। তবে তাৎ ক্ষণিকভাবে কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমে আসে জনতা। ক্রমবর্ধমান লুটপাট ও আইনশৃঙ্খলা ভেঙে পড়ার খবর আসতে থাকে। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে আবারও সংঘর্ষ হয়।জুমার নামাজের পর মোবারকের পদত্যাগের দাবিতে কায়রোসহ অন্যান্য শহরে লাখো মানুষের বিক্ষোভ।ক্ষমতাসীন এনডিপি দলের সদর দপ্তরে আগুন দেওয়া হয়। বিক্ষোভকারীরা সরকারি টেলিভিশন ভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে।শুক্রবার রাতে প্রেসিডেন্ট মোবারক তাঁর মন্ত্রিসভা বরখাস্ত করেন। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে মোবারক বলেন, তিনি বিক্ষোভকারীদের ক্ষোভের কারণ বুঝতে পারছেন। তবে একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানান প্রেসিডেন্ট। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ২৬ ব্যক্তি নিহত। ভাষণের পর মোবারককে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ফোন। তিনি গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কারের ব্যাপারে করা অঙ্গীকার বাস্তবায়নের তাগিদ দেন মিসরীয় প্রেসিডেন্টকে।২৯ জানুয়ারি: গোয়েন্দাপ্রধান সেনা কর্মকর্তা ওমর সুলেইমানকে ভাইস প্রেসিডেন্ট এবং বিমান চলাচলমন্ত্রী আহমেদ শফিককে প্রধানমন্ত্রী নিয়োগ করেন প্রেসিডেন্ট মোবারক। তিন দশক ক্ষমতায় থাকাকালে এবারই প্রথম কোনো ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিলেন তিনি। সংঘর্ষ অব্যাহত। গত দুই দিনের সংঘর্ষে কমপক্ষে ৭৪ জনের মৃত্যু।৩১ জানুয়ারি: সেনাবাহিনীর ঘোষণা, ‘জনগণের বৈধ অধিকারের প্রতি’ তাদের সমর্থন আছে। জনগণের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করারও ঘোষণা দেয় সেনাবাহিনী।ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমান বলেন, সাংবিধানিক সংস্কারের ব্যাপারে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে বলেছেন প্রেসিডেন্ট মোবারক।১ ফেব্রুয়ারি: বিক্ষোভের নেতারা ‘লাখো মানুষের সমাবেশ’-এর ঘোষণা দেওয়ার পর কায়রো ও অন্য শহরগুলোয় বিশাল গণমিছিল। ওই দিনই প্রেসিডেন্ট হোসনি মোবারক টেলিভিশনে দেওয়া এক ভাষণে সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর পদত্যাগের ঘোষণা দেন। তিনি সাংবিধানিক সংস্কারের অঙ্গীকার করেন। মোবারক দাবি করেন, নিয়মতান্ত্রিকভাবে উত্তরসূরির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য ওই সময় পর্যন্ত তাঁর ক্ষমতায় থাকা উচিত। তবে বিক্ষোভের নেতারা ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানান।২ ফেব্রুয়ারি: সেনাবাহিনী বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলে, তাদের দাবি বিবেচনা করা হচ্ছে। বিক্ষোভকারীদের হটিয়ে মোবারকপন্থীরা বিক্ষোভস্থল তাহরির স্কোয়ার দখলে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।৩ ফেব্রুয়ারি: বিক্ষোভ শুরুর ১০ দিনের মাথায় সরকার-সমর্থকদের সঙ্গে আবারও বিক্ষোভকারীদের সংঘর্ষ।৪ ফেব্রুয়ারি: মোবারকের ‘বিদায় দিবস’ উদ্যাপনে তাহরির স্কোয়ারে আবারও লাখো মানুষ জড়ো হয়। দুদিনের সহিংসতার পর এদিন বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে। তবে এদিন অতিরিক্ত সেনা মোতায়েন করা হয় এবং মোবারকপন্থীরা বিক্ষোভকারীদের থেকে দূরে অবস্থান করে।৫ ফেব্রুয়ারি: প্রেসিডেন্টের ছেলে গামাল মোবারকসহ ক্ষমতাসীন এনডিপির নেতারা পদত্যাগ করেন। ওমর সুলেইমানকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ধারণা করা হচ্ছিল, গামাল তাঁর বাবার উত্তরসূরি হতে যাচ্ছেন।১০ ফেব্রুয়ারি: ক্ষমতাসীন দল ও সেনা কর্মকর্তারা জানিয়েছিলেন, প্রেসিডেন্ট পদত্যাগ করতে পারেন। তবে বিক্ষোভকারীদের হতাশ করে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে হোসনি মোবারক বলেন, ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমানের হাতে কিছু ক্ষমতা দিলেও তিনি সেপ্টেম্বরের নির্বাচন পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে থাকবেন।১১ ফেব্রুয়ারি: ১৮ দিনের বিক্ষোভের পর মিসরে মোবারক যুগের অবসান। মোবারকের পদত্যাগের ঘোষণা দেন ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমান। এ ঘোষণার সঙ্গে সঙ্গে সারা দেশের মানুষ উল্লাসে ফেটে পড়ে। তাহরির স্কোয়ারে সমবেত মানুষ বাঁধভাঙা আনন্দে মেতে ওঠে। খবরে বলা হয়, হোসনি মোবারক সপরিবারে লোহিত সাগরের তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র শারম আল শেখে চলে গেছেন।গ্রন্থনা  দেওয়ান আবদুল খালেক