আগামী বৃহস্পতিবার গণভবনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন চট্টগ্রামের বিবদমান নেতারা। ওই দিন দুপুর ১২টায় নগরের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের বৈঠককে কেন্দ্র করে নগরের নেতাদের পুরোনো কোন্দল আবার চাঙা হয়ে উঠেছে। তবে সময়ের প্রয়োজনে ‘ঐক্যবদ্ধ’ হওয়ার আকাঙ্ক্ষার কথা দুই পক্ষই বলছে।গণভবনের বৈঠকে যোগ দেওয়াকে কেন্দ্র করে নগর আওয়ামী লীগের বিবদমান নেতারা পাল্টাপাল্টি সভা করেছেন। দুই পক্ষই আলাদাভাবে প্রস্তুতি নিয়ে শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করতে বৃহস্পতিবার গণভবনের বৈঠকে যোগ দেবেন।নগর আওয়ামী লীগের একটি পক্ষের নেতৃত্বে আছেন নগর কমিটির সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অন্য পক্ষে নেতৃত্ব দিচ্ছেন নগর কমিটির সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি এবং নগরের যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। গণভবনে যাওয়ার ব্যাপারে তৃণমূল নেতাদের দিকনির্দেশনা দিতে গত শুক্রবার নগরের একটি কমিউনিটি সেন্টারে বর্ধিত সভা করেন মহিউদ্দিন চৌধুরী। পরদিন নুরুল ইসলাম বিএসসির খুলশীর বাসার উঠানে পাল্টা সভা করেন মহিউদ্দিন চৌধুরীর বিরোধীরা। পাল্টাপাল্টি বৈঠক প্রসঙ্গে সাংসদ নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা যে যার মতো ঢাকায় গিয়ে বৃহস্পতিবার গণভবনের বৈঠকে উপস্থিত হবেন।’ সাংসদ নুরুল ইসলাম বিএসসি আরও বলেন, ‘আমরা ভালো পরিবেশে রাজনীতি করতে চাই। বিএনপি এখন যে ভাষায় হুমকি দিচ্ছে, তা মোকাবিলা করতে আমাদের ঐক্যের বিকল্প নেই। এখন আমাদের মধ্যে ঐক্যের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারের বৈঠকে কেন্দ্র থেকে এ ব্যাপারে একটি ফর্মুলা (পথ) দেওয়া হবে বলে আশা করছি, যার অপেক্ষায় আছি আমরা।’এদিকে, মহিউদ্দিন চৌধুরীও বিভাজনের রাজনীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবারের বর্ধিত সভায় তিনি বলেছেন, ‘ব্যক্তি স্বার্থের জন্য কেউ কেউ বিভেদ সৃষ্টি করছেন। এতে সংগঠনে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আমাকে আপনাদের ভালো লাগে না। আমার অপরাধ কী তা তো বলতে হবে। আমি সংশোধন হব। তবুও দলে বিভেদ সৃষ্টি করবেন না। কারণ যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে হলে আমাদের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই।’ গণভবনের বৈঠকে সবাইকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হওয়ার পরামর্শ দেন মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘ওয়ার্ডে কমিটি ভেঙে দেওয়ার পর যাঁরা বাদ পড়েছেন তাঁরাও যেতে পারবেন। কাউকে বাদ দিয়ে আমরা ঢাকায় যেতে চাই না।’ মহিউদ্দিন চৌধুরীর আহ্বান সম্পর্কে তৃণমূল নেতা ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি বেলাল আহমেদ বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে হলে ঐক্যের যেমন বিকল্প নেই, তেমনি নেতার নির্দেশও মানতে হবে। নইলে সংগঠনে বিশৃঙ্খলা দেখা দেবে। সময়ের প্রয়োজেন মহিউদ্দিন চৌধুরী সবাইকে ঐক্যের আহ্বান জানিয়েছেন। এরপরও পাল্টাপাল্টি সভা আহ্বান সংগঠনের জন্য ক্ষতিকর। সামনে যে কঠিন সময় আসছে, বিশেষ করে বিরোধী দলকে মোকাবিলার জন্য মহিউদ্দিন চৌধুরী প্রয়োজনীয়তা অপরিহার্য। যা সময় বলে দেবে।’